১.সেঃ
সে আসছে – উদ্দেশ্যবিহীন,
সে দ্রুত হাঁটছে, সে ধীরে মরছে – এমন মরণ!
চকিতে হয়েছে ধীর– কিংবা সরল
ছিলো রাত, রাতের খোলশ, অথবা উদয়ের
আলোগুলো জ্বলে জ্বলে ফুরিয়ে গিয়েছিলো,
অমায়িক।
২.সেঃ
চাঁদ মেঘের পিঠের পেছনে চুপ; উঁকি দিবে না বুঝে
সে খুব অবলীলায় খুন করছে আয়নাজগৎ
টুকরো টুকরো ধুলো আর প্রকাণ্ড রোদ অনায়াসে
নাভিপথে ঢুকে পড়ে! আঃ শীতলরহিত-গমন
৩.সেঃ
এসব কয়েনেজ রেখে মাথা নাড়ে সে, ফাঁকিবাজি ছাড়ো
মাথা নাড়ে সে আর বলে, ‘আমার ভেতরে জ্বলে কোমল-সকাম-আমি,
আর এ-সকল কয়েনেজ শিরাভেদী গতিতে আমাকে মারছে’,
মরে গেলো সে, অথচ তখনও মেঘ ও চাঁদ ও বাস ও মাথা ও থুতুটি
উলম্ব ঝুলছিল...
৪.সেঃ
নদী বেঁকে শুয়ে থাকে, সেটা নিয়ে কারো আপত্তি থাকে না। নদী বেঁকে শুয়ে আছে এরকম দৃশ্য কেউ দেখে নাই। কোনোদিনও! তারপরে কোনো কবি বলেছিলেন, "নদী বেঁকে শুয়ে আছে"। আমরা পড়েছি আর চোখের ভেতর সর্সর্-- ময়াল সাপের মতো নদীটা ঢুকে গেছে। মগজে এঁকেবেঁকে শুয়ে পড়েছে। মাঝে মাঝে নদীর শরীর মোচড়ায়, আমাদের হৃদয়ে পড়ে টান। শরীর টান টান দুঃখে ভেঙে যায়– নদীর না, আমাদের।
নদীটি বেঁকে শুয়ে আছে, তাতে কারো আপত্তি নাই। নদীকে যেদিন তোমরা ক’জনে মিলে নদীর পাশে শুইয়ে দিলে এলোমেলো করে, সেদিন নদী আরো নিথর হয়েছে। কবি সেখানে ছিলেন না। কেউ ছিলো না (অথবা ছিলো)। তোমরা চলে গেলে, একে একে সকলে সেই আশ্চর্য দৃশ্যটি দেখেছে। নদীর পাশে নদীর বাঁকানো লা...ল টুকটুকে নগ্নশরীর। সবার খুব ভালো লেগেছে। সবার খুব খারাপ লেগেছে।
চিত্রগ্রাহক, ছবি তুলেছে। ফুল এক্সপোজারে, দুটা ওয়াইড আর দুটা ক্লোজ শট।
সাংবাদিক, রক্তপরিমাণ ও কাপড়পরিমাণ রেশিও করেছেন আঁক কষে।
কবি ছিলো কেবল নিশ্চুপ, সেই শোরগোলে।
***
- অনীক আন্দালিব
৫.১১.৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

