বিজয়ের ৪০ বছর পূর্তিতে স্মারক মুদ্রা ও নোট এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার ৯০ বছর পূর্তিতে স্মারক মুদ্রা অবমুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল সোমবার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ স্মারক মুদ্রা অবমুক্ত করেন। বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে ড. আতিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, আবুল কাশেম, নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী। এ সময় চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, কেজি মোস্তফা, চারুকলা ইনস্টিটিউটের মোতলেব আলী ও বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
অবমুক্ত অনুষ্ঠানে ড. আতিউর রহমান বলেন, জাতির ঐতিহাসিক দুটি মাইলফলককে স্মরণীয় রাখতে স্মারক মুদ্রা ও স্মারক নোট প্রচলন করা হয়েছে। এতে বিজয়ের ৪০ বছরকে স্মরণীয় রাখার পাশাপাশি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
শিল্পী মোস্তফা মনোয়ার বলেন, জাতি হিসেবে আজ আমরা গর্বিত এই জন্য যে, জাতির জনক বঙ্গবন্ধু যে হাত দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সে হাতের প্রতিচ্ছবি দিয়ে স্বারক মুদ্রা ও নোট অবমুক্ত হয়েছে।
গভর্নর স্বাক্ষরিত বিজয়ের ৪০ বছর পূর্তির স্মারক নোটের এক পিঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং প্রতিকৃতির ওপরে 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' এবং নিচের দিকে ইংরেজিতে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' ও বাংলা ও ইংরেজিতে 'বাংলাদেশ ব্যাংক' আর প্রতিকৃতির বামে ইংরেজিতে '১০' ও 'দশ টাকা' লেখা রয়েছে। অপর পিঠে ৬ বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি এবং প্রতিকৃতির ওপরে 'বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী' ও নিচে ইংরেজিতে 'বাংলাদেশের বিজয়ের ৪০তম বার্ষিকী' ও '২০১১' লেখা রয়েছে। এ নোটের মতোই তৈরি করা হয়েছে মুদ্রার দুপাশের চিত্র।
বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তিতে অবমুক্ত করা মুদ্রার এক পিঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি এবং প্রতিকৃতির ওপরে 'বিদ্রোহী কবিতার ৯০ বছর' এবং নিচের দিকে 'কবি কাজী নজরুল ইসলাম' ও 'বিদ্রোহী কবিতার ৯০তম বৎসর ১৯২১-২০১১' এবং প্রতিকৃতির বামে ইংরেজিতে '১০' ও 'দশ টাকা' লেখা। অপর পিঠে 'বল বীর বল উন্নত মম শির! শির নেহারী আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির!' বিদ্রোহী কবিতার এ পঙ্ক্তিগুলো ও কাজী নজরুল ইসলামের স্বাক্ষর এবং ওপরে বাংলায় ও ইংরেজিতে 'বাংলাদেশ ব্যাংক' এবং '২০১১' মুদ্রণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, মতিঝিল অফিস থেকে সুদৃশ্য বাক্সসহ রৌপ্য নির্মিত এক পিস স্মারক মুদ্রা নগদ সাড়ে ৩ হাজার টাকা, ফোল্ডার ও খামসহ একটি স্মারক নোট ২০০ এবং শুধু নোট চলি্লশ টাকার বিনিময়ে পাওয়া যাবে। পরে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে নগদ মূল্যে এ স্মারক মুদ্রা এবং স্মারক নোট পাওয়া যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



