যাবতীয় ভেদরেখা
-আবু মকসুদ
দেখি প্রকৃতির দিব্য চোখে তার জলবিম্ব মুখ
তৃষ্ণার্ত পক্ষীকুল ঠোকরায় কার্নিশে ছড়ানো পাতা
নিশ্চিন্ত গাছেদের ডাল নিপুণ কুশলতায়
মুছে দেয় যাবতীয় ভেদ রেখা।
মনের খোলস খোলে সামনে এসে দাঁড়ালে
জমার খাতায় লেখা হয় সারিবদ্ধ দুপুর
হাতের তালুতে পাখির পালক আলগোছে
আশ্রয় পেলে, তৃষ্ণায় কাতর হয় নির্মেদ হৃদয়।
আগুন জ্বেলে যে পাখি উড়ে যায়, তার
ডানায় বেগুনি আর লালের সমন্বয় গঠিত
সম্পর্ক সময়ে কাটাকুটি হলে, অনাবিষ্কৃত
ঝরনা সংগোপনে জীবনের জল পান করে।
মধুর সঙ্গীত, শব্দ ভেঙ্গে জ্বলে লক্ষবাতি
অপূর্ণ কবিতার রাত হঠাৎ ভোরে গড়ালে
অস্থিরতার প্রবল ঝড় আর যুগল শ্বাসের
শব্দ চূড়ান্ত স্পর্শময়তায় রংধনু ছুঁয়ে দেয়।
যুগলতায় আমরা বাজাই মোহন বাঁশি
নিত্যদিন পাখিডাকে শরীরে আগুন লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



