এই যে আমি তোর দিকে চেয়ে থাকি
এই যে আমি শুধু তোকে দেখি,
তুই সুন্দর বলেই তো নাকি ?
এই যে এত সারাদিন ঝগড়াঝাঁটি
ছুতায় নাতায় কথায় কথায় খুনসুটি,
কাছাকাছি থাকি বলেই তো নাকি ?
এই যে এত গায়ে গায়ে ধাক্কা খাওয়া
এই যে এক রিক্সায় আসা যাওয়া,
এক রাস্তায় চলি বলেই তো নাকি ?
এই যে এত মাথায় মাথায় ঠোকাঠুকি
কথায় কথায় অর্থহীন বকাবকি,
মনের মিল আছে বলেই তো নাকি ?
এই যে ঘরে মিথ্যা বলে বাইরে বেরোই,
ঘড়ির কাঁটা বন্ধ করে পথ চেয়ে রই,
ভাল লাগে বলেই তো নাকি ?
এই যে মেলায় যাবার জন্য ডাকিস
ভিড়ের মধ্যে শক্ত হাতে ধরে রাখিস
হারিয়ে যাবার ভয়েই তো নাকি ?
এই যে এত ছলাকলা , বুকের মধ্যে আগুন জ্বলা
" ভালবাসি " এই কথাটি আজও যে যায় নি বলা,
ভালবাসি বলেই তো নাকি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

