তোমার কৃষিজাত এ্যাবসার্ডিটির ভেতর
কৃষির ভেতরে আমি প্রতিস্থাপন করেছি হর্ষ
এবং স্মিতহাস্য তোমার,
মথিত আকাশ থেকে জড়তার মিথ নেমে এলে
খুচরোবিক্রেতার গণনারহিত এ্যাবাকাসগুলো
জেগে ওঠে;
জেগে ওঠে বিভাজিত বাণিজ্যে।
সবুজ পদচ্ছাপ,
তুমি বণিকের দেহের খননে চিহ্নিত প্রত্নআঁধার
কোন দূরবর্তী নগরের গান তুমি...
এইসব হয়ে জেগে থাকো
নগরীর তন্দ্রালু দ্বাররক্ষীর চোখের পাতায়;
তার সুদীর্ঘ জাগরণের ভেতর।
ফলনের সমার্থক শব্দের মতোন
পাখির ডানায় চেপে সুনম্র রোদ আসে
নগরীর উপকন্ঠে,
তোমার উর্বর ঠোঁট সমস্ত কৃষির ভেতরে যাতনাহীন
কী দারুণ অমিতভাষণ ভালোবাসে !
নবনীত বুক থেকে সোনালী উদ্ভাসে
ঢলে পড়া রোদ
আমাদের চাষের গহিনে,
তোমার লাস্য থেকে অঝোরে
মিথ ও শষ্যরেণু
নগরীর প্রতিটি দুয়ারে ঝরে পড়ে....
ঝরতে থাকে।
---------------------------
আন্দালীব
২০০৭ দ্বিতীয়ার্ধ
কবিতাটি আমার "ফ্রস্টেড গ্লাসের ওইপাশে" গ্রন্থের সূচিভুক্ত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

