আমার প্রিয় পোস্ট

ঈশ্বরের উপর মাঝে মাঝেই আমি বিরক্ত হই , খুব বিরক্ত

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫০

শেয়ার করুন:                   Facebook

বাবা মারা যাওয়ার সময় আমি ঈশ্বরের উপর খুব বিরক্ত হলাম ।
৮৪ সালে তার ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার পর এক সুদীর্ঘ সময় আমরা প্রায় দারিদ্রাবস্থায় দিন কাটিয়েছি । গ্রামের বাড়ির জমিজমাগুলো বিক্রী হতে হতে প্রায় শেষ হয়ে গেল ,তারপরও কৃচ্ছতার মাঝ দিয়ে আমাদেরকে টিকে থাকতে হল অনেক অনেকগুলো বছর ।

সেই দিনগুলো একটু একটু করে ঘুরতে শুরু করল ২০০০ সালের দিকে এসে । পত্রিকায় কাজ করার এত্তো এত্তো নেশা আমার , সেই নেশাকে দূরে ঠেলে দিয়ে আমি ব্যবসায় যোগ দিলাম। মাথা খারাপ অবস্থা তখন ।
একটি কাজের জন্য তীর্থের কাকের মতো বসে থাকতে হত , অনেকগুলো দিন চলে যেত অভুক্ত , অনেকগুলো রাত অফিসের ডেস্কে কেমন করে যে ঘুমিয়ে পড়েছি , সেটা আজ আর মনে পড়ে না । বিভিন্ন গার্মেন্টসএ কাজ করাতাম , সেই গার্মেন্টসগুলোতে যাওয়ার জন্য টেম্পুর হাতল ধরে , বাসে চিড়ে চ্যাপ্টা হয়ে ঘামতে ঘামতে যেতাম । কর্মচারী রাখার উপায় ছিল না , তাই একাই পাঁচ জনের কাজ করতে হয়েছে প্রায় দুই বছর ।

দুই বছর পরে আস্তে আস্তে ভাগ্যদেবী আমার দিকে প্রসন্ন হতে থাকলেন । আস্তে আস্তে টাকা আসতে থাকল ।লাভের পঞ্চাশ হাজার টাকার চেক প্রথম যেদিন ব্যাংকে জমা দেই , সেদিন আনন্দে কেঁদে ফেলতে ইচ্ছে হচ্ছিল ।

২০০২ সালের দিকে কিছুটা গুছিয়ে বসলাম । মে/জুন মাসে বছরের হিসেব নিকেশ শেষ করে দেখলাম , এবার বোধহয় কিছু কর্মচারী নেয়া যায় , নিজের জন্য একটা কম্পিউটার কেনা যায় । পুরো অফিসে সবাই মিলে একটা কম্পিউটার আর ডায়ালআপ নেটওয়ার্কের ইন্টারনেটে তখন আর কুলিয়ে উঠছিল না ।
এই সব শেষ করতে করতেই আগস্টে বোনের বিয়ে দিলাম , আর ডিসেম্বের গোড়ায় এক রমজানের মাসে শুনতে পেলাম বাবার ক্যান্সার ধরা পড়েছে ।

বাবা চলে গেলেন দেড়বছর পরে ।
ইচ্ছে ছিল আরেকটু গুছিয়েবসলেই সবাইকে নিয়ে একবার বেড়াতে বের হব , খুব দূরে কোথাও হয়তো যেতে পারব না , তবু ঐ কক্সবাজার কিংবা রাঙামাটি , খুব বেশি হলে দার্জিলিং নয়তো শিলং ঠিকই চলে যেতে পারব ।
বাবা বহু আগে একবার শখ করে পাসপোর্ট করিয়েছিলেন , বাসায় থাকতে থাকতে সেই পাসপোর্টে শ্যাওলা জমছিল , মেয়াদ প্রায় নেই নেই হয়ে যাচ্ছে , সেই সময়ে ঐ পাসপোর্টটাই কাজে লাগল বাবাকে নিয়ে ব্যাংকক যাওয়ার জন্য । চিকিৎসার ত্রুটি হয় নি ,কিন্তু কোন লাভ হল না শেষ পর্যন্ত ।
বাবা চলে গেলেন আমাদেরকে একা করে দিয়ে ।
আমি ঈশ্বরের উপর খুব বিরক্ত হলাম ।
এমনটা না করলেই তিনি পারতেন । একটু সময় দেয়া উচিত ছিল আমাকে , অন্তত সপরিবারে একটা ট্যুর দেয়ার সময় , একটু ভালো রেস্টুরেন্টে একদিন হইচই করে সবাই মিলে খাওয়ার সময় , আমার বউ দেখে যাওয়ার সময় , একটা ছোট্ট পুরোনো গাড়ি কিনে সেই গাড়িতে বাবাকে নিয়ে একটু ঘুরবার সময় ।

ঈশ্বর আমাকে সেই সুযোগ দেন নি ।

অথচ তিনি আমাকে দুইহাত ভরে দিয়েছেন তার পরের বছরগুলোতে ।
সেই সময়টিতে আমার মা একা একা থাকতে থাকতে কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছেন । ভাই বোন দুটোই বিদেশে , আমি আর আমার বউ সারাদিন অফিসে , আর আমার মা একা একা সংসার সামলান ।

সেই নি:সঙ্গতা কাটাতে আমার মেয়ে পৃথিবীতে এসেছে দুই মাস আগে । আমার মায়ের সে কী সুখ । চোখের অপারেশন করিয়ে এসেছেন , তবু নাতনির জন্য কাথা আর জামা সেলাইয়ে ক্লান্তি নেই । নাতনি দৌড়ে দৌড়ে বাসার সবকিছু এলোমেলো করে ফেলবে , এই যুক্তিতে বাসার সবগুলো ফুলের টব বারান্দায় রাখা হয়েছে । অথচ নাতনির দৌড় শিখতে আরো অনেক অনেক মাস দেরী ।

আমি দেশে ফিরেছি কুড়িদিন আগে । নাতনি এখনও ফিরেনি ।
আমার মা প্রতিদিন নাতনির ছবি দেখেন , তার ভিডিও দেখেন , আর নাতনির জন্য অপেক্ষা করেন ।
এরকমই সময়ে তার বুকে চিনচিন ব্যথা হয় ।
আমি তাকে নিয়ে যাই এপোলো হাসপাতালে । ডাক্তার কী এক টেস্ট করে মুখ কালো করে ফেলেন । এক্ষুনি এনজিওগ্রাম করাতে হবে বলে রায় দেন । আমি সেই রায় হজম করে মাকে ঢুকিয়ে দেই অপারেশন থিয়েটারে ।

আমার বিশ্বাস ছিল মায়ের কিছু হবে না । আমার মায়ের ডায়বেটিস নেই , তবু তিনি চায়ে চিনি খান না গত দশবছর ধরে । উনি জান্ক ফুড খান না , চর্বি জাতীয় কোন মাংস খান না , ত্রিফলা ভেজানো পানি খান নিয়ম করে , রোজ বিকেলে তিন কিলোমিটার হেটে আসেন পার্কের রাস্তায় । তার বয়েসও খুব বেশি নয় ।

অথচ এনজিওগ্রাম এর রেজাল্ট দেখে আমি হতভম্ব হয়ে বসে থাকি ।
আমার মায়ের হৃদপিন্ডে অনেকগুলো কালো কালো দাগ ।

সত্যি বলছি , ঈশ্বরের উপর আমার বিরক্তিটা আবারও ফিরে আসছে ।

 

 

  • ৫১ টি মন্তব্য
  • ৬১৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৭ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৪
comment by: শিরোনামহীন বলেছেন: মা'র সুস্হতা কামনা করছি।
২. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৫
comment by: রাতমজুর বলেছেন:
:(
মন খারাপ করা লেখা।
৩. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬
comment by: নাভদ বলেছেন:
আপনার মায়ের পূর্ন আরোগ্য কামনা করি।
৪. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৭
comment by: নাঈম বলেছেন: হুমমম....আসলে সবই আসলে আমাদের উপর পরীক্ষা নিচ্ছেন আল্লাহ্। আল্লাহ্ প্রায়ই মানুষের উপর বিপদ দিয়ে তাদের পরীক্ষা করেন। ধৈর্য্য ধরুন, আল্লাহ্ আপনাকে সাহাঙ্য করবেন।

শুভকামনা রইল।
৫. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৮
comment by: পারভেজ বলেছেন: আপনার মা সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।
৬. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৮
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: কী রে আমার ওপর তোর এতো বিরক্তি কেনো রে? সবুর কর সবুর কর সামনে তোর আরো ভালো দিন আসছে রে...
৭. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৮
comment by: সিহাব চৌধুরী বলেছেন: কিছু করার নাই, আমরা সবাই বন্দী, তাঁর সূত্রহীন নিয়মে । খুব ভালো লাগলো লিখাটি, আরিফ ভাই ।
৮. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৯
comment by: নার্ভাস নাইনটিজ বলেছেন: আসলেই জীবনে খুব কঠিন কিছু সময় আসে। সবকিছু ভেঙে পড়ে। শত মনোবলেও ঠেকানোর কোনো উপায় থাকে না।
৯. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০০
comment by: লেখাজোকা শামীম বলেছেন: ঈশ্বরের উপর বিরক্ত হলেও কিছু করার নেই। বাস্তবকে মোকাবেলা করুন। আপনি ভেঙ্গে পড়ার লোক নন।
আপনার মায়ের জন্য শুভ কামনা করি।
১০. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০১
comment by: পথিক!!!!!!! বলেছেন: বিরক্তির কিছু নেই ..যার সৃষ্টি তারই অধিকার ..মন চাইলেই নিয়ে যাবেন...খেলাটার মজা বোধহয় সেখানেই....
১১. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৩
comment by: মিলটন বলেছেন: আরিফ ভাই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরুন।
১২. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
comment by: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আরিফ জেবতিক ভাই,
মন খারাপ লাগছে খুব। আপনার আম্মার রোগমুক্তি
কামনা করি আন্তরিকভাবে।

আপনার সাথে অনেক মুল খুঁজে পাচ্ছি নিজের, আমি এখন আপনার লেখার তৃতীয় প্যারায়। আব্বু খুব অসুস্থ বছরখানেক , ঢাকায় থাকি আর মন পড়ে থাকে বাসায়।

জীবন মনে হয় এই পাওয়া আর না পাওয়া, তৃপ্তি আর অতৃপ্তি.।.। জানি না.।.।
১৩. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৫
comment by: ফাহমিদুল হক বলেছেন: আপনার মায়ের সুস্থতা কামনা করি।
১৪. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৬
comment by: আহমেদ হেলাল ছোটন বলেছেন: আপনার মায়ের সুস্থতা কামনায়।
১৫. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৮
comment by: আরিফ থেকে আনা বলেছেন: কি করতে পারি দোয়া ছাড়া?
১৬. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১১
comment by: অবকাশ বলেছেন: প্লাস চাপতে গিয়ে মাইনাসে পড়ে গিয়েছে। আন্তরিক ভাবে দু:খিত ভাই। আপনার মা সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।
১৭. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৩
comment by: একরামুল হক শামীম বলেছেন: মন বিষন্ন করা লেখা।
মায়ের সুস্থ্যতা প্রত্যাশা করছি।
১৮. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: বস আপনার মায়ের সুস্থতা কামনা করি।
১৯. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৬
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: ঈশ্বর মরে গেছেন, ঈশ্বরকে আমরা মেরে ফেলেছি।
২০. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৯
comment by: লাল দরজা বলেছেন: আপ্নের মাখের সুস্থতা কামনা করি। খুজলে এমন আমাদের অনেকের গুর্দাতেই দাগটাগ পাওয়া যাইব, মনে জোর রাইখা ভাইবোন সবাই মিল্লা মায়ের চিকিৎসা করেন দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে। আপ্নের মা সুস্থ হয়ে উঠুন এই কামনা করছি।
২১. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৯
comment by: মাসুদ রানা* বলেছেন: আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আপনি কস্ট পাবেন এমনটাই স্বাভাবিক। কিন্তু মহান আল্লাহকে জানিয়ে দিন শত কস্ট পেলেও আপনার প্রিয় স্রস্টাকে আপনি ভালোবাসেন আগের চাইতেও অনেক অনেক বেশী। তাহলেই পরকালে আপনি জান্নাতবাসী হবেন। আর আল্লাহ সন্তুস্ট হলে আপনার পরিবারের সবাই পরকালে জান্নাতবাসী হবেন তাতে এতোটুকুও সন্দেহ নাই। আমার বিস্বাস আপনার বাবার সুখের জন্যে আপনি সব করতে পারবেন।
২২. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৯
comment by: মরিযাদ হারুন বলেছেন: আরিফ ভাই, সব ঠিক হয়ে যাবে।
২৩. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩০
comment by: অরণ্যচারী বলেছেন: সত্যি মন খারাপ হয়ে গেল। প্রার্থনা করি যেন আপনার মা দ্রুত সুস্থ হয়ে উঠেন।
২৪. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭
comment by: হমপগ্র বলেছেন: কিছু বলতে পারছি না।

জানি এরকম সংগ্রামী জীবনটাকে আপনি অনেক ভালোবাসতে পারেন।
২৫. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৫
comment by: মাহমুদুল হাসান রুবেল বলেছেন: পৃথিবীর সব বাবা-মা ভাল থাকুক ।
২৬. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৪
comment by: আশীফ এন্তাজ রবি বলেছেন: আরিফ ভাই, সব দেখবেন- ঠিক হয়ে যাবে। ভেঙ্গে পড়ার মানুষ তো আপনি না!!!! আপনি ভেঙ্গে পড়লে আমি কো্থায় যাবো???????????????????????????????????????


খালাম্মা অবশ্যই সুস্থ হবেন। আল্লাহর কাছে সেই দোয়াই করছি।
২৭. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৪
comment by: আশীফ এন্তাজ রবি বলেছেন: God is something uncertain...
২৮. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৮
comment by: শান্তির দেবদূত বলেছেন: এমন সব পরিস্হিতিতে আমি আসলে শান্তনা দেবার কোন ভাষা পাই না :( ........

মন খারাপ করবেন না ভাই, শক্ত হন ....... ইশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।
২৯. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:১২
comment by: রামন বলেছেন: বাংলাদেশের ব্যবসায়িক ভিত্তিতে গড়ে উঠা ক্লিনিকের এনজিওগ্রামের খারাপ রেজাল্ট দেখে মন খারাপ বা ইশ্বরকে ভর্সনা করার কোন কারণ নেই।এক রোগীর রিপোর্ট অন্য রোগীকে দেয়া, সামান্য রোগকে বড় আকারে দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া, এগুলো দেশে অহরহ ঘটছে। সত্যিকার রোগ নির্নয় করতে একটি ক্লিনিকের উপর ভরসা করা সঠিক নয়। লেখকের মায়ের সুস্বাস্হ্য কামনা করছি।
৩০. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:২১
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মন খারাপ হইল পড়ে। সান্ত্বনা দেবার ভাষা নাই। বিরক্তি কিভাবে কাটাবেন তাও জানিনা! .... ধুর!!:(:(
৩১. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০০
comment by: রেজওয়ান বলেছেন: আপনার মা সুস্থ হোক তাড়াতাড়ি এই প্রার্থনা করছি।
৩২. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৭
comment by: নিরক্ষর বলেছেন: আপনার মায়ের সুস্থতা কামনা করি।
আর ঈশ্বরের উপর বিরক্ত হইয়া লাভ নাই ভাইজান।
৩৩. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০০
comment by: ফকির ইলিয়াস বলেছেন: সকল প্রার্থনা আপনার আম্মার জন্য , প্রিয় জেবতিক।
আবারো বলি , জীবন টা এতো ছোট কেন ?
৩৪. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫২
comment by: ফারহান দাউদ বলেছেন: আপনার মায়ের সুস্থতা কামনা করছি,এর বেশি আর কিছু বলতে পারলাম না।
৩৫. ২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৭
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: লেখাটি পড়ে আমার বাবা-মার কথা মনে পড়ে গেলো।ফেব্রুয়ারী থেকে
আগষ্ট,দেখা হয়েছে মাত্র একবার,একদিনের জন্যএবং ডিসেম্বরের আগে দেখা হবেনা।

যাইহোক,আপনার মায়ের সুস্থতা কামনা করি।
৩৬. ২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০০
comment by: কঁাকন বলেছেন: ঈশ্বরের উপর আমি মাঝে মাঝে তীব্র অভিমান বোধ করি

আপনার মার আরোগ্য কামনা করি
৩৭. ২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
comment by: এফ আই দীপু বলেছেন:
কঁাকন বলেছেন: ঈশ্বরের উপর আমি মাঝে মাঝে তীব্র অভিমান বোধ করি।


@জেবতিক-----
আপনার বাবা-মার সঙ্গে বোধহয় আমার বাবা-মার মিল রয়েছে। ২০০৬ এর ২ মার্চ বাবা মারা গেলেন ক্যান্সারে। অথচ বাবা পান, সিগারেট কিংবা বাইরের খাবার খাওয়াতো দুরে থাক উল্টো এগুলো থেকে দুরে থাকবার চেষ্টা করতেন সবসময়। সেই মানুষটা কিনা ক্যান্সারে মারা গেল!!! মায়েরও সম্ভবত একই সমস্যা ধরা পড়েছে। অপারেশন করিয়েছি। এখনও সুস্থ হননি।

৩৮. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
comment by: পারভেজ বলেছেন: আপনার এই লেখাটা পড়ার পর একটা কবিতার কথা মনে পড়েছিল! অনুবাদ করে নেট এ দিয়েছইলাম ঐ দইন! পড়লে খুশী হব।
ধন্যবাদ
Click This Link
৩৯. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২২
comment by: সুরভিছায়া বলেছেন: আপনাকে দেখে কিছু শিখব ভেবেছি।শক্ত হবেন ,কাল মেঘ অকালে যেন না ঢাকে আপনার আকাশ প্রার্থনা করি।ভাল থাকুন।
৪০. ২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৮
comment by: কাঙাল বলেছেন: আমিও
৪১. ২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৭
comment by: অ্যামাটার বলেছেন: হুমম...এ'রকমই হাসি-কান্না,আনন্দ-বেদনা আর আশা-নিরাশার দোলাচলে বাঁকে বেঁকে চলে আমাদের জীবন নদী...
শুভ কামনা থাকল...
৪২. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৬
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: সেই ইশ্বরের কাছেই কামনা করছি , তিনি যেন আপনার মায়ের রোগমুক্তি দান করেন ।

অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা
৪৩. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: মাহবুব সুমন বলেছেন: :(
৪৪. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: েজবীন বলেছেন: আপনার মায়ের সুস্হতা কামনা করি.....

ভালো থাকেন ভাইয়া
৪৫. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৪
comment by: আন্দালীব বলেছেন: অবশ্যই আপনার মায়ের জন্য সুস্থ্যতা কামনা করি।

উনি খুব দ্রুতই সেরে উঠুন- চাইছি।
৪৬. ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৯
comment by: আমি ও আমরা বলেছেন: সব ঠিক হয়ে যাবে ভাই। দোয়া করি।
৪৭. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৭
comment by: আসম বলেছেন: আপনার মায়ের সুস্থ্যতা প্রার্থনা করি।
৪৮. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৮
comment by: আসম বলেছেন: আপনার মায়ের সুস্থ্যতা প্রার্থনা করি।
৪৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৯
comment by: বোকামাষ্টার বলেছেন: আন্টি যেন খুব দ্রুত আরোগ্য লাভ করেন সেই প্রার্থনা করছি।
৫০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৭
comment by: যীশূ বলেছেন: ঈশ্বর তোমার সহায় হোন!
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ ।

 



 


দলবদ্ধ মানুষ দেখতে ভালো লাগে । কিন্তু নিজের জন্য দল খুঁজে পাই না ।
বিশ্বাসের পক্ষে কথা বলি । আর উন্মুখ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৪৯৪৪৩