অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বৈদেশিক সহয়তা না থাকায় ব্যাংকিং খাতে অস্থিতিশীলতা বিরাজ করছে। বর্তমানে বাংলাদেশের জন্য বৈদেশিক বিনিয়োগ খুবই প্রয়োজন। ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৈদেশিক সহয়তা ছিল শতকরা ৭.২ ভাগ যা ১৫ ভাগ হলে ভালো হতো। তিনি বলেন, সবাই অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করে বিনিয়োগ করছে। এভাবে যদি অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেয়া হয় তা হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ আরো বেশি বিপর্যস্ত হয়ে পড়বে। তাই দেশের স্বার্থে অভ্যন্তরীণ উৎস থেকে বিনিয়োগ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার বিকেলে আগারগাঁও পল্লী কর্মসহায়ক (পিকেএসএফ) মিলানায়তনে সামষ্টিক অর্থনৈতিক পর্যালোচনা, লক্ষ্য, বাস্তবতা, কৌশলগত বাধা এবং ভবিষ্যত উদ্দেশ্য- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা স্কুল অব ইকোনোমিঙ্ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতিসহ ১১টি প্রতিষ্ঠান ৬ দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করেছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসএফ'র ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী মেজবাহ উদ্দিন আহমদ, পলিসি রিচার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের সহ-সভাপতি ড. সাদিক আহমেদ প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



