বাংলাদেশে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগের ভূ-কেন্দ্র বা ভি-স্যাট ব্যবহারের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। এ ব্যাপারে ভি-স্যাট ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে তাদের যন্ত্রপাতি সাত দিনের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে জমা দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি।
শুক্রবার বিবিসি বাংলার এক সংবাদে এ কথা বলা হয়েছে। বিটিআরসি বলছে, অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করার লক্ষ্যেই মূলত এ বিধিনিষেধ। তবে ভি-স্যাট ব্যবহার করে তথ্যপ্রযুক্তির ব্যবসা করছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে।
ভি-স্যাট ব্যবহার করে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে। ইন্টারনেট সংযোগের জন্য ফাইবার অপটিক কেব্ল লাইন ব্যবহার করা হলেও এসব প্রতিষ্ঠান বিকল্প ব্যবহার হিসেবে ভি-স্যাট ব্যবহার করছে।
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কের কর্মকর্তা মুনতাসির আহমেদ বিবিসিকে বলেন, ‘একটি সাবমেরিন কেব্ল লাইন দিয়ে আমাদের বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করতে হয়। কিন্তু সাগরের নিচে যে সাবমেরিন কেব্ল রয়েছে প্রায়ই দেখা যায় তা কাটা পড়ছে। যে কয় বার কাটা যাচ্ছে সে কয়েক বার আমাদের দেশ পুরোপুরি অন্ধকারে চলে যাচ্ছে।’
ইন্টারনেট সেবাদানকারী আরেকটি প্রতিষ্ঠান বিওএলের কর্মকর্তা পলাশ বড়ুয়া বলেন, ‘ভি-স্যাট বন্ধ হয়ে গেলে আমরা আর গ্রাহককে ব্যাকআপ দিতে পারব না। আমি মনে করি, দ্বিতীয় সাবমেরিন বা ব্যাকআপ সাবমেরিন না হওয়া পর্যন্ত এই ভি-স্যাট প্রযুক্তি রাখা উচিত।’
তবে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেছেন, ভি-স্যাটকে একটা বিধিনিষেধের মধ্যে আনা হচ্ছে। বিশেষ করে ব্যাংক, কূটনৈতিক মিশন, সাহায্য সংস্থা— এগুলোর বাইরে প্রয়োজন না থাকলে কারও ভি-স্যাট ব্যবহারের দরকার নেই। তবে কেউ যদি তাদের ভি-স্যাট দরকারের বিষয়টি নিশ্চিত করতে পারে তাহলে সেটি বন্ধ করা হবে না।
ভি-স্যাট ব্যবহার করছে এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ও কমিউনিকেশন বিভাগের পরিচালক লুৎফর কবীর বলেন, বর্তমান প্রেক্ষাপটে এভাবে ভি-স্যাট বন্ধ করার যুক্তি দুর্বল। যদি সঠিক বিকল্প ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এটা অযৌক্তিক কিছু না। এভাবে হঠাৎ করে বন্ধ করতে বলা হলে অনেকে বিকল্প ব্যবস্থা নিতে পারবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



