হয়ত তুমিও যাচ্ছ হেঁটেই ভাল
জীবন পথের সবটুকু নয় আলো
কি করে বন্ধু পেতে চাও শুধু আলো
অন্ধকারের কালো চাদরেতে ঢাকা এ বিশ্বময়
নানারঙ নিয়ে সূর্যটা এসে রাঙায় বিশ্বময়
তেমনি জীবন বেদনা বিধুর শুরু থেকে শেষোবধি
মাঝে মাঝে কিছু আনন্দ দিয়ে যন্ত্রণা শেষোবধি
হয়ত তুমিও ভাবছো কেন যে ভাগাভাগি করি নাকো
সুখের পেয়ালা পড়ে আছে পাশে কেন পান করি নাকো
হিসেবের ঘরে অংকটা বড় জটিল বন্ধু হেথায়
বুক যোগ বুক সমান মিলন হৃদয় নয়ত হেথায়
কত চেনাজানা প্রান্তর চষে চলে দু'পায়ের গাড়ী
থেমে যাওয়া হেথা মৃত্যু তাইতো অশান্ত ছোটে গাড়ী
একটু দাঁড়িয়ে পার্কিং খোঁজে শক্তি সঞ্চয়নে
নিরবে ঘুমায় সলাজে পিছায় প্রেমের সঞ্চয়নে
তবু কি কোথাও থেমে আছে দিন শুনেছ বন্ধু তুমি
ডেকে বয়কট লুকিয়েছে রাত জানো কি বন্ধু তুমি
জীবনের বাঁকে কোথাও নেইকো ট্রাফিকের লালবাতি
শেষ হয়ে এলে সফর জ্বলবে এ পথের লালবাতি
কতকথা বলি কত কবিতায় তোমাদের জনে জনে
কত স্বপ্নকে বুনেছি ফলেছি অন্তরে কত জনে
ঘোরে ও বেঘোরে কেটে যায় এই দিনকাল বলি ভাল
বন্ধু তুমিও ভাল থেকো হেথা নিয়ে সবটুকু ভাল............
২৩.০৪.২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

