তুমি দ্বিধাহীন চিত্তে যখন আমায় বল্লে:
এসো, ঘর বাঁধি।
আমি চলতে চলতেই বল্লাম:
পথে পথেই আমার ঘর,
নেমে পড়।
তুমি নামতে পারলে না,
আমার হলো না থমকে দাঁড়ানো;
আমাদেরও আর হলো না সংসার।
কি করি বলো…
গতিতেই যে বেঁধে আছে জীবনের চাকা,
এখানে থেমে যাওয়ার মানে ভেঙ্গে যাওয়া।
তোমার অশ্রুগুলো এখনো ঝরে এই দু'চোখে
আমার দীর্ঘশ্বাসগুলো শুকিয়ে দিয়ে যায়;
আপনার বুকের ভেতর আমাদের কত সংসার
একাই হাসি, একাই কাঁদি,
একাকীই ভেঙ্গে দেই পাতানো খেলাঘর।
মাঝখানে ব্যবধান বহু মাইলের
বহু রীতিনীতির
অনেকগুলো মানুষের
এবং
এক ফালি বিবেকের।
তুমি এবং আমি এক ও অভিন্ন
অথচ কেউ কারো নই!
৭ সেপ্টেম্বর ২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

