দৃষ্টির আড়ালে আছো, ভালো আছো শুনেছি,
দু'চোখ ভরে স্বপ্ন দেখো,
আকাশ ছোঁয়া গল্প লেখো, ভালোই আছো শুনেছি।
আমিও ভালো আছি, সত্যি বলছি, এতগুলো বছর কেটে গেছে,
ভাবতেও অবাক লাগে, আমিও ভালো আছি।
আমি স্বপ্ন দেখিনা, বাস্তবেই আমার ঘোরাফেরা,
আমি শূন্যে মায়াজাল ছড়াইনা,
আমি নিত্য পথের সাথী।
আমার হাতগুলো আড়ষ্ট,
আমার চলার পথ আবছা,
আমি হাজার মানুষের ভীড়ে তোমাকে খুজি,
অনেক খুজি, যদি একটা বার তোমাকে দেখতে পাই?
সেদিন, দেখেছিলাম, অলস পায়ে হেটে যাচ্ছিলে, চেনা গলির মুখে,
আমি বাসের জানালায় মুখ রেখে, তোমার দিকে সে কী অধীর ভাবে চেয়েছিলাম...
কী অদ্ভূত, অথচ সেদিন তোমার সাথে দেখা হত,
আমি বাস থেকে নামিনি,
আমার হাত রক্তাক্ত, আমার বুকের ভেতরটা ছিড়ে গেছে,
তবু কাউকে বলিনি, আমি বেশ ভালো আছি, সত্যি।
তোমার পাশে কাউকে দেখিনি কেন?
তোমার প্রেমিক পুরুষটাকে দেখতে খুব ইচ্ছে করে জানো?
কেমন তার আচার, কেমন তার মন? নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো,
তাই না? হবেই,
সমস্ত দিন তোমার কথা ভাবি, কত বছর হলো যেন?
পাক্কা দু'বছর, তুমি একটি বারের জন্যেও আমাকে মনে করোনি,
আমি কষ্ট পাইনি,
এখনও তাই মেঘ বৃষ্টি ঝড়ের সময়, আলপনা আঁকি,
বারান্দার শেষ রোদ, অথবা মিষ্টি সন্ধ্যেবেলা আমার চোখের অন্তরালে থেকে,
এক দুই করে প্রহর গুণে,
আমি কী করব বলো? আমাকে ভুলে থাকা অত্যন্ত সহজ,
কিন্তু তোমাকে যে ভুলে থাকা যায় না।
আমি এখন নষ্ট ছেলে,
ঐ দেখ, চাঁদের রঙ সিগারেটের ধোয়ার মত
আগে খেয়াল করোনি? আমিও না করতাম না।
তবে এখন করি,
দেখ, আমার সমস্ত দেহ অসার হয়ে গেছে,
তোমাকে দেখার সে যে কী তৃষ্ণা, সে কেউ বুঝবে না।
কেউই না...
আমার ঘরে জ্যোছনা এলে, আমি জানালা বন্ধ করে দেই,
আমার মুখে কথা আসলে আমি আটকে ফেলি,
আমার বুকে রক্ত আসলে আমি গিলে ফেলি...
আমাকে ভুলে থাকা কত সহজ...কত সহজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


