আমাদের জাতীয় দলের কোচ জেমি সিডন্স আপনিতো অনেক ক্ষমতাবান। সিলেক্টাররা ঘোষিত জাতীয় দলে আইসিএল ফেরত শাহরিয়ার নাফিস আর আফতাব আহমেদকে রাখার পরদিনই আপনি সংবাদ মাধ্যমকে আপনার দ্বিমত জানিয়ে দেন। আমরা আমকাঁঠাল জনতা বিসিবির কোড অফ
কন্ডাক্ট জানিনা। আসলে এটা আপনি করতে পারেন কিনা। আমাদের বুদ্ধিমান সিলেক্টাররা এ নিয়ে বালকসুলভ কোন প্রতিক্রিয়া জানান নি।
সেদিন আপনি বলেছেন, আপনি উইনিং কম্বিনেশন ভাঙতে চান না। ঘরোয়া ক্রিকেটের সাফল্যকেও গুরুত্ব দিতে রাজী হননি। যদিও আমরা পত্রপত্রিকায় দেখি ক্রিকেটবোদ্ধারা বলেন ক্রিকেটের উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেট কাঠামো খুব গুরুত্বপূর্ণ। এই সেদিনও পাকিস্তান দল অস্ট্রেলিয়ার কাছে প্রায় জেতা ম্যাচ হেরে আসার পর ইমরান খানসহ সাবেক গ্রেটরা ঘরোয়া ক্রিকেটের দুর্বলতাকে এর জন্য দায়ী করেছেন।
আমরা আপনার উইনিং কম্বিনেশন তত্ত্বের ওপর আপত্তি থাকলেও সেটা মেনে নিয়েছি দলের স্বার্থে। অথচ আমরা বিস্মিত হয়ে দেখলাম একেরপর এক খেলায় হারার পরও আপনি শাহরিয়ার নাফিষ বা আফতাব আহমেদকে নেননি। সিলেক্টারদের অবজ্ঞা করে নিজের অহমিকা বজায় রেখেছেন। কোচ দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সে সাথে সিলেক্টাররাও গুরুত্বপূর্ণ। ওরা সবাই জাতীয় দলের সাবেক প্লেয়ার/অধিনায়ক। অর্থাৎ আপনার মতো ওরাও এর টেকনিকাল দিকটি বোঝেন। তারা যখন একটা দল ঘোষণা করেন অনেক কিছু বিবেচনা করে দল ঘোষণা করেন। প্রেসকে নিজেদের সিলেকশানের পেছনের যুক্তিগুলোও জানান। এর ভেতর দিয়ে তারা নিজেদের একটা ইচ্ছেও প্রকাশ করেন। কোচ হিসাবে খুব সমস্যা না হলে তার প্রতি সম্মান দেখানো সাধারন ভদ্রতার মধ্যেই পড়ে। আপনি যদি আপনার উইনিং কম্বিনেশন দিয়ে অন্তত একটা ম্যাচও জিততে পারতেন তাহলে আমাদের কথা বলার কোন সুযোগ ছিলো না। আপনার তত্ত্ব পরাস্ত হবার পর আপনি সিলেক্টারদের ইচ্ছের গুরুত্ব দিয়ে দলে বদল আনতে পারতেন।
ইনজুরির কারণে আমাদের পেস আক্রমন দুর্বল ছিলো। তাই আপনি শাহরিয়ার নাফিসকে নিয়ে ব্যাটিং শক্তি আর আফতাবকে নিয়ে ব্যাটিং-বোলিং শক্তি বাড়াতে পারতেন। ভারতের বোলিং শক্তি বেশ দুর্বল। তারা লম্বা ব্যাটিং দিয়ে সে ঘাটতি পুষিয়ে বর্তমানে বিশ্বের এক নম্বর দলে পরিণত হয়েছে। আমরা কি সে শিক্ষাটি ভারত থেকে নিতে পারতাম না। এটা হলে আমরা এ টুর্নামেন্ট জিতে যেতাম এমন অবাস্তব ভাবনায় আমরা রোগাক্রান্ত নই। আমরা এর চেয়ে ভালো ফাইট দিতে পারতাম বা একটা ম্যাচ জিতেও যেতে পারতাম। এটুকুই এখন আমাদের প্রত্যাশা।
যা হবার তাতো হয়েছে। আপনার ''উইনিং কম্বিনেশন'' তো ভালো কাজ করেনি। এবারকি দয়া করে আপনার এই ''লুজিং কম্বিনেশন'' ভেঙে বিদ্যমান প্লেয়ার দিয়ে আরেকটু ভালো দল গড়ার চেষ্টা করবেন ? সিলেক্টাররা শাহরিয়ার নাফিসকে দলে রেখে আবার তাদের ইচ্ছে জানান দিয়েছেন। আপানার পছন্দের বেশিরভাগ প্লেয়ারকে তারা দলে রেখে আপনার প্রতি সম্মান দেখিয়েছেন। এবার আপনার পক্ষ থেকে সিলেক্টারদের প্রতি সম্মান দেখাবার পালা। আমরা সেদিকে চেয়ে রইলাম।
আপনার জন্য শুভ কামনা রইলো।
পুনশ্চ: কেরি প্যাকার সিরিজতো আপনার দেশেই হয়েছিলো। ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড়ো বিদ্রোহ তখনই হয়েছিলো। তারপর কি ঘটেছে, কিভাবে সব প্লেয়ার আবার দলে এসেছেন, কিভাবে আইসিসি ওডিআইকে মেনেছে সব তো আপনার জানা থাকার কথা। সেসব নিয়ে অহঙ্কার প্রকাশকারীরা কিভাবে সময়ের দাবীর কাছে পরাস্ত হয়েছেন সবই আপনি জানেন।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



