ছাড়
তোমায় নিয়ে স্বপ্ন দেখে, দু'চারটে কবিতা লিখে-
চোখ দুটো আজ ঝাপসা আমার,
ভাবনা মনে উদাস হাওয়া, ইচ্ছেমতো যাওয়া আসা-
কাঁদায় কখন, ঠিক নেই তার।
মনে জমানো কথাগুলো, অকারণে আজ পড়ছে ধূলো-
স্মৃতির পাতা উল্টে দেখি;
কিশোরবেলার সেই তুমি আজ, এখন তোমার অনেক কাজ-
এ্যালবামটা তুলে রাখি।
সময় তোমার ছিল সেদিন, মনে ছিল স্বপ্ন রঙিন-
সব কথাই আজ পড়ছে মনে;
ফুলতোলা এক রুমাল এনে, হাতটা যেদিন ধরলে টেনে-
অশ্রু ছিল চোখের কোণে।
যাবেই যদি অমন করে, স্মৃতি কেন রাখলে ধরে-
জানতাম তুমি ফিরবেনা আর;
নিয়নবাতির মায়াবী আলো, হয়তো তোমায় মানায় ভাল-
দিলাম তোমায় এইটুকু ছাড়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

