ভালবাসার অমৃতকুম্ভ
একটা কিছু বলো, অমন চুপ করে থেকোনা। চেয়ে দেখ
আকাশে আজ একফোঁটা মেঘ নেই। বাতাসেও নেই মৌ
মৌ গন্ধ। বাসন্তী দিনের দখিনা আমেজ সেই কবেই শেষ।
পড়ন্ত বিকেলের আল্হাদি ভাবটা এখনও কাটেনি সূর্যের
গাল থেকে। এই অবেলায় অমন আটপৌরে সাদা শাড়ী,
হাতে-গলায় পোড়া মাটির গহনা আর সিঁথিতে সিঁদুর টেনে-
আমাকে কক্ষনো বলোনা ফিরে যেতে। ফিরে যেতে আসিনি
আমি। পেছনে তাকিয়ে দেখ বালিয়ারির বুক থেকে মুছে
গেছে সকল পদচিহ্ন, সাথে নেই বিশ্বস্ত উটের বহর। ফিরে
যেতে চায়না মন কিছুতেই। মরু পথে হেঁটে হেঁটে নিতান্তই
কান্ত আমি- এসেছি তোমারই সন্ধানে। ভীষণ তৃষ্ণার্ত আমি।
তুমি জানো কোথায় লুকানো আছে ভালবাসার অমৃতকুম্ভ।
আঁজলা ভরে ভালবাসার সেই জল পান করবো বলে, পথে
এক তৃষ্ণার্তের হাতে সঁপে দিয়েছি জলের মসক। পরম এক
বিশ্বাসে চলে এলাম তোমার শ্যামল সবুজ মাটির দেশে।
প্রতিশ্রুতির শীতল পাটিটা বিছিয়ে দেবো তোমার মনের
উঠোনে। টানা বিশ্রাম নেবো তোমার ভালবাসার কুঞ্জছায়ে।
(পুনঃ প্রকাশ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

