মনে কী পড়ে?
আমায় কী আর মনে পড়ে?
হয়তো পড়ে, হয়তো না-
বলতে যদি একটিবার, বর্তে যেতাম।
ভাবনা তোমার মনের ঘরে,
পড়েই ছিল এলোমেলো, অগোছালো।
আসলে কাছে, হাত বাড়িয়ে-
শিশির ভেজা দুর্বঘাসে, পা মাড়িয়ে।
দিনের শেষে, উঠলো কেঁপে হৃদয় আমার,
ফুটলো ফুল বসন্তেরই মিষ্টি হাওয়ায়;
মন ভরানোর পালা বুঝি সেইতো শুরু,
মেললে দু'চোখ আমার দিকে, দৃষ্টি ভীরু।
আজকে তোমায় ভাবছি বসে, নিজের মনে-
এই অবেলায়, অকারণে;
বলতে যদি, আর ভেবোনা আমার কথা,
মিছেই কেন ইচ্ছে করে নিচ্ছো ব্যথা-
যা ছিল সব অবুঝবেলার সবুজ খেয়াল,
ধীরে ধীরে কেমন করে উঠলো জেগে বাঁধার দেয়াল;
ভাঙ্গলো কখন ঢেউয়ের তোড়ে বালুচরের মিথ্যে পণ,
আমি তখন ভালবাসার ঘুর্ণঝড়ে খাচ্ছি দোল;
সময় ছিল বড্ড খারাপ, বুঝেই নিলাম-
অবগাহনে মত্ত তখন প্রেমিক মন,
বেলোয়ারী চুড়ির মতন ভাঙ্গলো বুঝি
আগলে রাখা পরম ধন- এই যৌবন।
হারিয়ে গেলে জলোচ্ছাসে এক নিমিষে,
উপকূলে দাঁড়িয়ে তখন একা আমি-
ডুবলো রবি অস্তাচলে, অন্য পাড়ে-
ভালবেসে ফিরলে না আর এই পাড়ে।
তাইতো আমি একা একা ভাবছি বসে আনমনে,
তুমিও বুঝি আমার মতো ভাবছো ঠিক এমনি করে-
জানতে কী চাও, কে আছে আজ আমার ঘরে(?)-
তুমিই আছো, প্রদীপ হয়ে অন্ধকারে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


