১
আকাশ হাত গুটিয়ে বসে আছে,
সূর্য দোকান না খুললে আজ উপোস করবে সে সারাদিন;
বিমর্ষ চাঁদ- গ্রহণ লাগবে জেনে মেঘের আড়ালে লুকায়,
জোছনা কেঁদে মরে যমুনার বুকে।
২
এক রূপসীকে দেখে আয়নায় মুখ দেখা ছেড়েছি সেই কবে,
চুলে তেল পড়েনা, গালে খোঁচা খোঁচা দাড়ি;
ভাগ্যিস, কাঁধে ব্যাগ ঝুলাইনি-
নচেৎ সবাই ভাবতো আমি কবি নয়তো ব্যর্থ প্রেমিক।
৩
আমার প্রেম বাজী ধরেছিলাম বছর তিনেক আগে-
ভালবাসার ভুল চালে আমি সর্বস্ব খুইয়ে বসলাম;
তুমি তুখোর সব চালে আমাকে হারিয়ে দিলে-
অথচ লোকে আমাকেই জুয়ারী বলে।
৪
ভালবাসার কবিতা লিখবো বলে-
একটা ভাল বাসা খুঁজছিলাম মনে মনে;
হঠাৎ একদিন দেখি এক বাসার ছাদে দাঁড়িয়ে তুমি;
বুঝলাম কোন এক ছাদের নীচেই ভালবাসা থাকে যতনে।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



