১
তুচ্ছ এই জীবনকে খড়কুটো ভেবে ভাসিয়েছিলাম সময়ের স্রোতে;
একদিন তোমার মোহনায় এসে আটকে গেলাম,
ভালবাসার পলি জমলো হৃদয়ের চরে- সবুজের ছোঁয়া পেলাম।
তুমি অভয় দিলে, আমি অরণ্যবাসী হলাম,
সেই থেকে অভয়ারণ্যে আমি ভালই আছি।
২
- ধরো অনেক দূরে চলে গেলাম, আমাকে কী মনে রাখবে?
- কতদূরেই আর যাবে, আকাশের তারার চাইতেতো বেশী দূরে নয়?
- ধরো তেমন দূরেই যদি যাই, তখন কী করবে?
- ভাববো আকাশে আরেকটি শুকতারার জন্ম হলো, চেয়ে চেয়ে দেখবো।
৩
তুমি ফুলের মতোই সুন্দর ছিলে-
তোমাকে ফুল ভেবে কখনো গাছ থেকে ফুল ছিঁড়িনি;
তোমার সমাধিতে কখনো ফুল হাতে দাঁড়াতে পারিনি-
ভাবছি, তোমার সমাধি পাশে কিছু ফুলের চারা লাগিয়ে দেবো-
তাতে ভালবাসার নিড়ানি দেবো, চোখের জলে মাটি ভিজিয়ে দেবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

