নিম্ন বিত্তের সংসার
(নাফিস ইফতেখারের সৌজন্যেঃ উচ্চবিত্তের দর্পণে)
ছাপোষা এক কেরাণী আমি ঘরে শুধুই অভাব দেখি,
পাঁচ পাঁচটা সন্তান আমার আরেকটা শুধু হতে বাকি।
নুন আনতে পান্তা ফুরোয় বউয়ের মুখে ঝামটা,
দুই এক মাস ভালই চলে পেলে টাকার খামটা।
এক কাপড়ে অফিস করি ঘামের গন্ধ বুঝতে পারি,
আমি নাহয় চালিয়ে নিলাম, বউয়ের আধময়লা শাড়ী।
মুদি দোকানে বাকির হিসেব হয়না পূরণ কোন মাসে,
ঘর ভাড়াটাও জমে থাকে বাড়িওয়ালার নোটিশ আসে।
অফিস কলিগ দেয়না ধার আগের হিসেব টেনে বলে,
আরে মশাই পেয়েছন কী! ধার করে কি সংসার চলে?
লজ্জা শরম নেইতো এখন অভাব ঘরে সয়না জ্বালা,
পেটের দায়ে করবো চুরি সবখানেতেই ঝুলছে তালা।
অফিস থেকে ফিরলে ঘরে ছেলে মেয়ে বায়না ধরে,
স্কুল ড্রেসের এমনই দশা- বন্ধুরা নাকি ঠাট্টা করে!
বুঝতে পেরে চুপ করে যাই দেবার মতো সাধ্য নাই,
ঈদের বোনাস পেয়ে এবার যার যা লাগে দেবো তাই।
সুযোগ পেলে আটকে ফাইল একটু কিছু পাবার আশায়,
ভয়টা শুধু এই লোভেতেই বয়সকালে চাকরি না যায়!
ঘরের অভাব মিটাতে এবার নিজের ভুল করছি স্বীকার,
দুইটা হলে যেমন তেমন- এক সন্তানেই সুখী পরিবার।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


