অসমাপ্ত কবিতা
ওভাবে তাকিওনা-
তোমার দৃষ্টিতে ভাবের কাজল,
আমি তাতেই খুঁজে ফিরি সুন্দরের যত উপমা।
তোমার মনের প্রান্ত ধরে হেঁটে যাই-
কাছে এসে ভুলে যাই,
কি যেন লিখবো ভেবেছিলাম!
সে কি কোন কবিতা!
তোমার মনে তখন নীড়ে ফেরা পাখীদের চঞ্চলতা,
আমি সবুজ অরণ্যের চোখে কাজল এঁকে দিই;
তুমি সহসা উদাস হয়ে ওঠো কাশফুল সন্ধ্যায়।
আমি ভাবি- চাঁদ আর জোছনার নিবিড় প্রণয়ের ছলে
একটা কবিতা লেখা হোক, তুমি আঁচলের খাতা খুলে দাও।
আমি মন হারিয়ে কবিতা খুঁজতে থাকি
হাজার বুটির শাড়ীর ভাঁজে;
বিস্মৃতির ধূসর দিগন্তে তখন মীনের সন্তরন।
প্রত্যাশার ক্লান্ত সূর্য হঠাৎ আনমনে ডুবে যায়
বিষণ্নতার আঁচল ছুঁয়ে। তুমি আমি ক্রমশঃ
ঝাপসা হতে থাকি কুয়াশাচ্ছন্ন আঁধারে।
রাতের নিস্তব্ধতা শেষে, নিঃসঙ্গ ভাবনা এসে
বিলি কেটে যায়, মনের আয়নায়।
কলমের প্রতি আঁচড়ে লাজুক বর্ণমালা সব
অনন্য উপমা হয়ে ওঠে তোমাকে ঘিরে।
তুমি অসমাপ্ত এক
কবিতা হয়ে ওঠো কবির মনে-
মনে মনে কবি শুধু তোমাকেই চায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

