কল
(উৎসর্গঃ রম্য ছড়াকার লালসালুকে)
কল পেলে ডাক্তার আজকাল আর আসেনা,
বাড়ী যেয়ে রোগী দেখা তাদের নাকি পোষেনা।
দমকল পেলে কল তেড়ে ফুঁড়ে আসে ঠিক,
তারপরেও অযথা ক্ষেপে যায় পাবলিক?
মিসকল পেলে কেউ চেয়ে দেখে কার কল,
অচেনা কারো কলে কল করে বেয়াক্কল।
ব্যালান্স ভেবে মিসকল দেয় যারা দিনরাত,
বুদ্ধি যদি মাথায় থাকে দূরে থাকো দশহাত।
ওয়াসার নল জুড়ে আছে যত প্যাঁচকল,
নেই তাতে পানি তাই কলতলায় হট্টগোল।
কল্ কল্ বহেনা দূষিত আজ নদীর জল,
সেই জলে মাছ নেই দোষ কার দেবো বল্।
কারখানার কলে আজ শ্রমিকের নেই কাজ,
সোনালী সেই আঁশ নেই বসে তাই খই ভাঁজ।
কলগার্ল আঁধার খোঁজে রমনার আশেপাশে,
খদ্দের পেয়ে শেষে লালঠোঁটে মুচকি হাসে।
রাজনীতির কলকাঠি নাড়ায় যারা আড়ালে,
হাজার রকম ওয়াদা ভোটের জন্য দাঁড়ালে।
হরতাল "কল" করে ভাবে তারা ক্ষমতায়,
ভোট পেয়ে দেশটাকে লুটেপুটে তারা খায়।
রোল কলের দিন আজ শেষ হয়ে এলো বুঝি,
সুপারিশের জোড়ে আজ রেজাল্টটা ভাল খুঁজি।
বিকলাঙ্গ সমাজে যারা রাতদিন খেটে চলে,
তারাই আজ মরে শুধু অভাবের যাতা কলে।
জীবন নামের কলকব্জা সময়ে ঠিক বিগড়ায়,
ভবিষ্যতের কাছে শুধু দেনার ভার রেখে যায়।
মুঠো যেদিন আলগা হবে কোথায় রবে ফোন কল,
মৃত্যুর নামের মিসকলটা না ধরার নেই কোন ছল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



