তুমি আজ অন্য শহরে
তুমি আজ অন্য শহরে-
তাইতো আমার শহরে এখন আর স্নিগ্ধ চাঁদ ওঠেনা।
তোমার অবিন্যস্ত খোলা চুল ছুঁয়ে যেতো যে লোভাতুর জোছনা,
সেই জোছনার আড়ালেই আমি আজ ডুবে থাকি অন্ধকারে।
তুমি আজ অন্য শহরে-
তাইতো আমার শহরে এখন আর কদম ফোটেনা।
বৃষ্টিবেলায় যে তুমি কদমফুল হাতে দাঁড়াতে আমার উঠোনে,
সেই উঠোন আজ একটু বৃষ্টিতেই অথৈ জলে ভাসে।
তুমি আজ অন্য শহরে-
তাইতো আমার শহরে রোদে আর কোমলতা নেই।
খোলা আকাশের নীচে ধূপখোলা মাঠের সেই নির্জন দুপুর,
রোদ্দুরময় এক স্মৃতি হয়ে এখন শুধু আমাকেই পোড়ায়।
তুমি আজও অন্য এক শহরে-
মাঝখানে কেটে গেছে অনেক কটা বছর।
আজ হঠাৎ সেই শহরের সীমানা অতিক্রম করে কাছে এলে।
ফেসবুক আর ইয়াহু মেসেঞ্জারে খুঁজে পেলাম সেই তোমাকে।
জোছনা, বৃষ্টি আর রোদ্দুর পারেনি আমাদের সবকিছু বদলাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



