আমার প্রিয় পোস্ট

মানুষ, নারী ও প্রকৃতি সবই নশ্বর। আর আছেন আমার ঈশ্বর, যিনি অবিনশ্বর।

খুঁজি সেই ছেলেবেলা

০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৭

শেয়ারঃ
0 2 0

খুঁজি সেই ছেলেবেলা

সেই মহুয়া সুবাস ভরা মাতাল হাওয়া,
পদ্মার ঢেউয়ে ভেসে চলা পালতোলা নৌকার সারি।
সুখারী রামের আদা ছ্যাঁচা গরম চানাচুর।
নদীপাড়ে শালপাতার মুহূর্মুহ শব্দের দোলায়
গানের সুরে ভেজা দিন।
আমলকি, কুল, পেয়ারার গাছে ঢিল ছুঁড়ে,
সাফল্য-ব্যর্থতার, সুখে-দুঃখে ভরা দিন।
শেফালী, বিজলী, আয়েশা, রানুর সাথে
গোল্লাছুট, এক্কা দোক্কা খেলা নিয়ে
আড়ি-ভাবের আনন্দ ভরা দিন।
কাঁচা আম, জাম, তেঁতুলের চাটনির ভাগের বৈষম্যে-
খেলার সাথীদের সাথে মান অভিমানে মেশা দিন।
শিউলি বৃন্তের রঙে পুতুলের শাড়ী রঙ করার হৈ চৈ-এ মেতে থাকা দিন।
দল বেঁধে স্কুলে যাওয়া, আর টিফিন শেষে
ঘন্টার আগে আর একটু খেলায়- কাটাবার বৃথা চেষ্টার দিন।
উপেন মালির চোখ ফাঁকি দিয়ে, মধুচোর ভ্রমর আর প্রজাপতির সাথে
ফুল-কাঁটাবনে আমার ফুলচোর মনের মিতালীর দিন।
ছাদে মাদুরে পা ছড়িয়ে বসে, দোয়েলের শিসে-
মাধবীলতার হিল্লোলে, পড়া ভুলে থমকে চেয়ে থাকা দিন।

বৈশাখের ভোরে মায়ের হাতে মাখা ইলিশ ভাজা দিয়ে পান্তা খাওয়া।
আর ফ্রক পড়ে, ফিতে বাঁধা বেণী ঝুলিয়ে বাবার হাত ধরে
এক পা তুলে এক পা ফেলে- নেচে নেচে
পদ্মার নৌকা থেকে কেনা রূপালী ইলিশ হাতে ফিরে আসা দিন।
খেলার মাঠ থেকে বৃষ্টির কাদা জলে ভিজে অন্তরের আনন্দ লুকিয়ে
বাবার বকুনির ভয়ে ভয়ে বাড়ী ফেরা দিন।
ছোট্ট ভাইটির দোলনায় দোল খাওয়া,
হাসি মুখের প্লাবনে হৃদয় ভরে যাওয়া দিন।
বোনদের সাথে খেলা, হাসি, গল্পের স্রোতে ভেসে যাওয়া দিন।
নিষেধের বেড়াজাল ভেঙ্গে, ঠান্ডা আর টক খাওয়া বেসুরো কণ্ঠে
ইমন’এর ভাঙ্গনে অবাধ্যতার পুরষ্কার--
ওস্তাদজী’র সেই কানমলা হজমের দিন।
আমার একান্ত আপনার মধুময় দিন।


আমার ছেলেবেলা--
সংসার দ্বায়িত্বের বোঝাহীন মুক্তো বিহঙ্গের মত
স্বাধীন মনের ডানা মেলে উড়ে চলা দিন!
গুরু গম্ভীর ভাবনাহীন-- রঙিন স্বপনের দিন!
থেকে থেকে আমায় উতলা হাতছানি দিয়ে ডাকে।
আমি ছুটে যাই, সেই খেলার মাঠ আর পদ্মা পাড়ে।
থমকে দাঁড়াই আমি! থমকে যায় মন!
নেই! নেই! নেই!
আমলকি, পেয়ারা, কুল গাছ নেই!
পদ্মায় ভেসে চলা পাল তোলা নৌকার সারি নেই!
শালপাতার ছন্দ নেই!
মহুয়ার বন নেই !
সুখারী রাম নেই!
উপেন মালি নেই।
ওস্তাদজী নেই!
বাবা নেই!
নেই! নেই ! নেই!
আমার ছেলেবেলা নেই!

শুকনো শাল গাছগুলো যেন আমার
হারিয়ে যাওয়া দিনের স্মৃতি বহন করে
দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।
শুধু স্মৃতির বালুচরে দাঁড়িয়ে--
পদ্মা পাড়ের অবুঝ শ্যামলা মেয়ে আমি
দু’হাতে কালের কুয়াশাকে ঠেলে
খুঁজি শুধুই আমার সোনালী স্বপনের দিন।

দিন ফেরে না!
আর আসেনা!
আর ফিরবে না!
আর আসবে না!
আমার সেই সুখবেলা।
আমার মধুময় ছেলেবেলা।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৬
সিঁদুরে মেঘ বলেছেন: পুরানো অনুভুতি সব সময়েই সুখের। ভালো লাগল।
৫. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
মৃন্ময় আহমেদ বলেছেন: স্মৃতিকারতা ভুগায় আমায়...

অঞ্জন দত্তের 'শুনতে কি চাও' গানটা মনে পড়লো ভীষণ করে।

 

মোট সময় লেগেছে ০.৯০১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথমত মানুষ, তারপর নারী। গায়ের রঙ কালো তাই কৃষ্ণকলি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ