জামাকাপড় গুছিয়ে রাখছ ব্যাগে
মনটাকে রাখবে কোথায়?
গুঁড়া সাবানে ধুয়ে কড়া রোদে শুকানোর পর ইস্ত্রি মেরে কি বাগে আনতে পারো মন?
লাগেজ কিংবা হ্যান্ডব্যাগে কি চেন টেনে সহজেই তাকে ঢুকিয়ে ফেলা যায়?
কিংবা এখানে ওখানে ছড়িয়ে থাকা মন সত্যিই কি কুড়িয়ে নেয়া যায় আঙুলে গুণে?
টাকার বান্ডিল থেকে কিছু টাকা দিয়ে গেছো বেয়ারা বাবুর্চি আর দারোয়ানের হাতে
পোশাকের স্তূপ থেকে পুরোনো বহু কিছু ফেলে দিয়ে গেছো
পুরোনো মনটা কি পুরোটাই ফিরিয়ে নিতে চাও?
পারবে কি গুছিয়ে নিতে বহু বিখণ্ডিত মন?
পারবে কি বুকের ভেতরে করে সম্পূর্ণ মন আবর ফিরিয়ে নিয়ে যেতে?
মেঝেতে ছড়ানো মার্বেলের মতো মন শুনবে কি তোমার সবগুলো ডাক?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


