৩১০ খ্রিস্টাব্দ।
গল (ফ্রান্স) থেকে ঘাঁটি তৈরি করে সৈন্যদল নিয়ে রোমের দিকে অগ্রসর হচ্ছেন সম্রাট কনস্ট্যানটিন (Constantine); উদ্দেশ্য তাঁর শত্রু, পশ্চিম রোমান সাম্রাজ্যের শাসক ম্যাক্সেনটিয়াসকে (Maxentius) উৎখাত করা। ওদিকে রাজ্য থেকে কনস্ট্যানটিনের মূর্তি ও চিত্রকর্মগুলি ধ্বংস করে ফেলেন ম্যাক্সেনটিয়াস, গড়ে তোলেন বিশাল রণসজ্জা। ইউরোপ জুড়ে বেজে উঠে রণ দামামা।
তুলনামূলকভাবে ক্ষুদ্র কিন্তু সুশৃঙ্খল সেনাদল নিয়ে অগ্রসর হতে থাকেন কনস্ট্যানটিন, জয়লাভ করেন বেশ কয়েকটি খণ্ডযুদ্ধে। এক সময় পৌঁছে যান ইটালির উচ্চভূমিতে; তারপর আরো ভেতরে, একেবারে টাইবার (Tiber) নদীর তীরে, যেখানে দুর্ভেদ্য দেয়ালের আড়ালে ওঁত পেতে অপেক্ষা করছে ম্যাক্সেনটিয়াস—আফ্রিকান ফ্রন্ট থেকে ছাড়িয়ে নিয়ে আসা বাহিনী এবং রাজকীয় অশ্বারোহীদল মিলে ম্যাক্সেনটিয়াসের সৈন্য সংখ্যা দাঁড়ায় ১০০,০০০-এর বেশি। আর কনস্ট্যানটিনের সৈন্য সংখ্যা মাত্র ২৫,০০০ থেকে ৪০,০০০ এর মতো, কারণ রাইন ফ্রন্টকে সুরক্ষিত রাখতে বাহিনীর বড় একটি অংশকেই সেখানে রেখে আসতে হয়েছে।
বেশ কয়েকটি যুদ্ধে ক্লান্ত কনস্ট্যানটিনের সৈন্যদল, মনোবল গেছে দমে। চিন্তিত হয়ে উঠেন কনস্ট্যানটিন, কীভাবে উজ্জ্বীবিত হবে বাহিনী, কী-ই অপেক্ষা করছে টাইবারের ওপারে?
কিংবদন্তি বলে, অনিশ্চিত এই অবস্থায় রাতের আকাশে কনস্ট্যানটিন দেখেন উদ্ভাসিত এক হারবিনজার (harbinger): ল্যাবারাম মনোগ্রাম (Labarum monogram)—জেসাস ক্রাইস্টের প্রতিনিধিত্বকারী সেই প্রতীক, যাতে রয়েছে গ্রিক ভাষায় তাঁর নামের প্রথম দুটি বর্ণ, Χ (chi) এবং (ρ) row। কনস্ট্যানটিন শুনতে পান এক দৈববাণী, অথবা স্বপ্নে অবলোকন করেন আশ্বাসবাণী নিয়ে আগত জেসাসকে, "In hoc signo vinces: এই চিহ্নকে তোমার মানদণ্ড হিসেবে, জয়লাভ করবে তুমি।"
বিস্ময়কর এই ঘটনায় উজ্জ্বীবিত হয়ে উঠে কনস্ট্যানটিনের সেনাবাহিনী; পরদিন নব উদ্যমে ঝাঁপিয়ে পড়ে ম্যাক্সেনটিয়াসের বাহিনীর উপর। ব্যাপকভাবে পরাজিত হয় শত্রুদল, পলায়নপর সৈন্যদের বিশৃঙ্খলায় টাইবার নদীতে ডুবে যান ম্যাক্সেনটিয়াস। পরদিন ভেসে উঠেন তিনি, মৃত।
আর কনস্ট্যানটিন হয়ে উঠেন সমগ্র রোমান সাম্রাজ্যের অবিসংবাদিত শাসক। খ্রিস্টধর্মের উপর নীরোর ৩০০ বছর ধরে স্থায়ী নিষেধাজ্ঞাটি বিলুপ্ত করেন তিনি, ফলে ইউরোপ জুড়ে স্থাপিত হয় নির্যাতিত খ্রিস্টধর্মের সুবিশাল পথ।
ল্যাবারামের এই হারবিনজারটি খ্রিস্টধর্মের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত একটি হারবিনজার। হারবিনজার হচ্ছে ভবিষ্যতে ঘটবে এমন কোনো কিছুর চিহ্ন বা আভাস। ইতিহাস এবং সাহিত্যে প্রায়ই পরিলক্ষিত হয় এরূপ নানা হারবিনজার, ইতিহাসের গতিপথই পাল্টে দিয়েছে যারা।
Harbinger n. An indication of the approach of something or someone.
"Frost is a harbinger of winter."
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৯ সকাল ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


