শরীরে কি হয়!
মনটাই যদি না থাকে!
তোমার শরীরের আদি ও অন্ত সমর্পিত আমার কাছে,
তবু মনের দেখা পেলাম না আজও।
বল, কোথায় হারিয়েছো তাকে?
কোন সে জন তোমার সমস্ত সত্ত্বা যার দখলে!
না, দিব্যি কেটো না চোখে জলের রেখা এঁকে;
জানি, আমি ছাড়া কারো স্পর্শ রেখা আঁকে নি তোমার দেহে।
তবু মনের উপর এতটুকু ছায়াতো ফেলতে পারি নি,
কোথায় আড়াল করেছো তাকে?
আর কেউ নেই...আর কেউ নেই...
তোমার ব্যগ্র চোখ এ কথা প্রমাণের চেষ্টায় অধীর,
তবু সে চোখে আবছা আঁকা অন্য কারো ছবি;
চোখে চোখ চেয়েও কুয়াশার পর্দা ছিঁড়ে দেখা পাই নি নিজের।
তোমার শরীরে চাই নি কেবল একচ্ছত্র অধিকার,
চেয়েছি তোমাকে, তোমার তোমাকে...পাওয়া হল না বুঝি গোটা একটা জীবনে!
মনের দেখা পেতে অস্থির হাতড়ে চলি শরীরের আনাচ-কানাচ,
হাতে ঠেকে হিমঘরের নিচু তাপমাত্রায় জমাট বাধা নিঃসাড় এক দেহ।
'নাও...নাও...' বলে তোমার কামনার্ত দেহ লুটিয়ে পড়ে,
বুকে তুলে নিয়ে তাতে কোন ঊষ্ণতা খুঁজে পাই না,
নিস্পৃহতার বরফ শীতল ছুরি কেটে বসে যায় হৃদয়ের গভীরে।
ভালবাসাহীন ভালবাসার নাট্যমঞ্চে এ অভিনয় তোমার রোজকার।
সঙ্গমে-সহবাসে মিলন কতটা হয়!
দুটো মনের মাঝে যদি ঝুলে থাকে অন্য কারো ছায়া।
তুচ্ছ এক কাগজের বন্ধনে বন্দী এ প্রাণ,
ছটফট ডানা ঝাপটে চলে অবিরাম মুক্তির আশায়।
হলফ করে বলছো তুমি অসৎ নও,
কোন পাপ ছোঁয়নি তোমার দেহ।
শরীর! শরীর!!
শরীরের কি পাপ হয়!
মনটাই যদি ডুবে থাকে আকন্ঠ পাপে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


