মা-বাবা সবসময়ই ঘোরাঘোরি করে এসেছে, একটু ছুটি আর হাতে টাকা পেলেই ওদের চোখ চলে যেত দূরদেশে! বিয়ের দু'বছরের মাথায় ওরা ইউরোপের অর্ধেক, পাঁচ বছরের মাথায় আরবের কিছু শহর ও দশ বছরের মাথায় ভারত দেখে ফেলেছে - নিজের দেশ বাকি রাখার তো প্রশ্নই আসেনা। সে উসিলায় খুব ছোটবেলায় কক্সবাজারের সাগরের তীর ধরে হাঁটা আর সিলেটের চা বাগানে লুকোনোর সুযোগ হয়েছে।
সিলেটে যে বার গেলাম, সে বার আরও একটা মজার কাজ করেছিলাম, যদিও চিন্তাটা আমার মাথায় প্রথম আসেনি (পাঁচ বছরের বাচ্চাদের কতটুকু আর বুদ্ধি থাকে! )। হুঁ, সেখানে আমরা একসাথে দুটো জায়গায় দাড়িয়েছি। ভারত ও বাংলাদেশের সাইনবোর্ডের এপাশ-ওপাশ পা দিয়ে দাঁড়ালে সেটাইতো হয়, তাই না?
সেদিনের কথা মনে পড়ে গেলো আ ওয়াক টু রিমেম্বার দেখে। ল্যনডেন যখন জেমিকে টেনে দুটো প্রদেশের মাঝে দাঁড় করিয়ে দেয়, তখন অন্যরকম আইডিয়া মাথাচাড়া দিয়ে উঠলো। ঘন বরষে দুটো দেশের মাঝের রেখা ধরে হাটতে কেমন লাগবে?
গত চারদিনে চারটা মুভি দেখে আমার মন উড়ু উড়ু করে ! শিইস দা ম্যান দ্বিতীয়বার দেখার পরও অসম্ভব ভালো লেগেছে। চ্যানিং টেটাম যে এতো লম্বা সেটা প্রথমবার খেয়াল করি নি। পরদিন স্টেপ আপ দেখে 'ভালো' হয়ে যেতে ইচ্ছে করলো। ওখানে মেয়েটার মনের জোর দেখে আমি মুগ্ধ! শ্রেক দা থার্ড দেখে একটু হতাশ হয়েছি। প্রথম বা দ্বিতীয়টার মত জাদু নেই। শেষের দিকে শ্রেকের পিচ্চিগুলোকে দেখে মন একটু ভালো হতে শুরু করেছিলো, কিন্তু তার কিছুক্ষণ পরেই মুভি শেষ। কি আর করা!
আ ওয়াক টু রিমেম্বার দেখা শুরু করার পরে মনে হয়েছিলো অন্য যে কোন মুভির মত হবে। অনেকটা সেরকমই, তবে হৃদয়কে স্পর্শ করেছে ঠিকই।
আমি ভেবে ভেবে একটা থিওরি বের করেছি। যে সব মুভি বা বই মেয়েদের দিক থেকে লেখা হয়, সেগুলোতে ছেলেটা 'ভালো' থাকে। যেমন, সে দেখতে খুবই ভালো হয়, পড়াশুনা ও সামাজিক দিক থেকে অতুলনীয়, কিন্তু তার একটা খারাপ দিক থাকে যেটা মেয়েটা ভালো করে দেয়।
একই ভাবে, ছেলেদের পক্ষ থেকে লেখা হলে মেয়েটা হয় অসম্ভব সুন্দরী, গুণী (বানান ভুল?), চিন্তাশীল, কিন্তু এক দিক দিয়ে দুর্বল। তাহলে এটাই কি মেয়েদের মাঝে খোঁজা হয়?
পুরোনো খাতা থেকে একটা কবিতার ড্রাফ্ট পেলাম।
...চারিদিকে সব অচেনা,
তবে হারিয়ে যাবার আছে মানা...
কবিতার আগা-মাথা নেই, চার লাইন কাটাকুটির পর এ দু'লাইন। কি নিয়ে লিখতে চাচ্ছিলাম? পৃথিবী? জীবন?
মনে পড়ছে না।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



