সামহোয়্যারইন একটি ব্লগ প্ল্যাটফর্ম । আরিলের ভাষায় "this is an open blog community given to you on condition that you behave nice with other people and follow the blog rules" । মানলাম। কিন্তু প্রতিটি কমিউনিটিরই একটি নিয়ম নীতি থাকে যেটা মেনে চলতে হয়, আর না হলে কমিউনিটি টেকেনা। বিশৃংখলা দেখা দেয়, ঠিক যেমনটি দেখা দিয়েছে এখন সামহোয়্যারইন এ । অনলাইনে আরো অনেক ব্লগ কমিউনিটি আছে, বাংলা ভাষাতেই রাইটার্স কমিউনিটি আছে, ফোরাম আছে । কোথাও কিন্তু সামহোয়্যারইন এর মত সমস্যা নেই । তার কারণ হচ্ছে সর্বত্র একটি সু-নির্দিষ্ট নিয়ম আছে, কি লেখা যাবে, কি লেখা যাবেনা ।
শুধু নিয়মনীতি থাকা পর্যন্তই নয় । সেই নিয়মনীতিকো কঠোরভাবে এনফোর্স করার জন্য কর্তৃপক্ষ সবসময় সচেতন । সেটা সচলায়তন বলেন, বাংলাক্রিকেট বলেন আর বিবিসির মেসেজবোর্ড বলেন সর্বত্রই একই চিত্র। যার ফলে এই সাইটগুলি নিয়ে বিশৃংখলা সৃষ্টি হয়না, সবচেয়ে বড় কথা বিশৃংখলা সৃষ্টির সুযোগ নেই । এদের যাত্রা তাই অনিশ্চিত নয়। আর এ ক্ষেত্রে খুব দৃষ্টিকটুরকমের ব্যতিক্রম হলো সামহোয়্যারইন। কোন স্বচ্ছ নিয়মকানুন নেই, নিয়মকানুন থাকলেও তা এনফোর্স করার বালাই নেই। যার ফলে প্রায় ৬-৭ মাস আগে সদস্য হবার পর থেকেই দেখছি সামহোয়্যারইন এর অনিশ্চিত যাত্রা । গতকালকের ঘটনার পর সেই পুরনো অনিশ্চিত আবার নতুন করে অনিশ্চিতের পথে যাত্রা শুরু করলো ।
ব্লগাররা কি করতে পারেন? অনেক কিছু করতে পারেন । কিবোর্ড বিরতি করতে পারেন, ফ্লাডিং করতে পারেন, কিছু ব্লগার বিষ্ঠার ছবিও দিতে পারেন, কিছু ব্লগার ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধাচারণ করতে পারেন, কেউ কেউ রেসিষ্ট মন্তব্য করতে পারেন। কিন্তু এতে কি কোন সমাধান হবে? আমি কোন সমাধান দেখতে পাইনা । ব্লগ কর্তৃপক্ষ ব্যান এপিসোডে যে ভুল করেছেন, তা হয়ত শোধরাবেন । কি-বোর্ড বিরতি থামবে। আবার ব্লগ লেখা শুরু হবে... তারপর? তারপর যে আবার অনিশ্চিত যাত্রা শুরু হবেনা... তার কি কোন নিশ্চয়তা আছে? নেই তবে অনিশ্চিত যাত্রা যে হবে তার নিশ্চয়তা আছে ।
ধর্মকে ব্যবহার করে স্বাধীনতা চেতনা বিরোধী পোষ্ট চলবে, একদল ব্লগার গালিবাজি, ফ্ল্যাডিং, বিষ্ঠার ছবি প্রদর্শন করে তা সরানোর চেষ্টা করবেন । ভার্চূয়াল রাজাকারিত্ব প্রমাণ চলবে....আবারও একই এপিসোড শুরু হবে। হঠাত করে কর্তৃপক্ষ সজাগ হয়ে আবারও কিছু অবুঝের মত ব্যান এপিসোড করবেন এই তো!!
এর কারন হচ্ছে এটি একটি ওপেন প্ল্যাটফর্ম। একটা ই-মেইল এ্যাড্রেস হলেই একটা একাউন্ট খোলা যায় । গালি দিয়ে..ফ্ল্যাডিং করে...ব্লগ স্তব্ধ করে দিয়ে কতজন প্রতিক্রিয়াশীলকে থামানো যাবে? থামালাম এক দলকে। কিন্তু তারপর তারাই আবার আরেক ই-মেইল ব্যবহার করে (ওয়েবমেইল এর ১০০ একাউন্ট খোলা কোন ব্যাপার নয়), ভিন্ন নিকে আসবে। আবার তারা পোষ্ট দেবে... আবার গালিবাজি হবে... ফ্ল্যাডিং হবে.. বিষ্ঠার ছবি আসবে... ব্লগ স্তব্ধ হবে। আবার অনিশ্চিত যাত্রা হবে।
যারা মনে করছেন এভাবে যুদ্ধ যুদ্ধ খেলা খেলে ব্লগকে রাজাকার আর স্বাধীনতার চেতনা বিরোধী শক্তির হাত থেকে রক্ষা করা যাবে তাদের আবেগের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি... এতে ব্লগ অস্থিতিশীল হওয়া ছাড়া আর কিছুই হবেনা।
সমাধান তাহলে কি? যে কোন সাইটের সাফল্য, ব্যর্থতা, পরিচ্ছন্নতা নির্ভর করে ওই সাইটের কর্তৃপক্ষের উপর । সামহোয়্যারইনকে সফল হতে হলে সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করতে হবে আর সেই নীতিমালাকে শক্ত হাতে প্রয়োগ করতে হবে।
নিশ্চিত করতে হবে ব্লগের পাতায় যেন স্বাধীনতার চেতনা বিরোধী শক্তির কোন আস্ফালন না দেখা যায়, গালাগালি আর অশ্লীলতা না দেখা যায়, শুধুমাত্র মুক্ত চিন্তার চর্চা আর সুস্থ ব্লগ দেখা যায়। কর্তৃপক্ষ যদি সেটা নিশ্চিত না করেন তাহলে বার বার সামহোয়্যারইন অনিশ্চিতের দিকেই যাত্রা করবে।
সবশেষে সামহোয়্যারইনকে অনুরোধ করবো সকল ব্যানকৃত ব্লগারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে এবং একটি পরিচ্ছন্ন ব্লগ সাইটের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে তা যথাযথভাবে এনফোর্স করতো। আপনাদের ব্যর্থতার দায় আপনারা ব্লগারদের উপর চাপাতে পারেন না।
আর ব্লগারদেরকে অনুরোধ করবো সুস্থধারায় ফিরে আসতে (ব্যান মুক্তির পরে), কোন অশুভশক্তিকে ঠেকাতে নিজেদের অশুভ পথে পা বাড়ানো কোন সমাধান নয়। অশুভ শক্তিকে উপেক্ষা করুন, নিজেদের ব্লগে ব্লক করে রাখুন, আর তাদের ব্লগে কমেন্ট না করে নিজেদের প্রতিভাকে সৃষ্টিশীল কাজে লাগান ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


