এই শহর বটির নিচে শুয়ে থাকা এই দেহঘঙুর এইসব ভেজা আঙুর
আমি দেখিনা চক্ষুখুলে লাউয়ের মাচায় লেগে থাকা সবুজের ফ্রকপরা বিনুনী আমি তোমাকে নিতে চাই
আঙুলের সীমানায় তোমার বিষাদের ছিড়ে যাওয়া নীলতারে
স্পর্শ তুলে দিয়ে আমি ফলের দোকানে বসে থাকতে চাই
নারী-পুরুষেরা ফল কিনবে আমি দেখবো তাদের
মুখের উপর বসে থাকা পোকাগুলিরে
আমি আপেল নেবোনা কলার ছড়াতে ছড়িয়ে যাবো ঝুলে র'বো
ফল বিক্রেতার হাসি দেখবো
আপেলের লালের আভা জিভেতে বৃষ্টির দিন এনে দেবে
ফুরিয়ে যাওয়া মেঘে ভাসবো ভেসে যাবো করতলে তোমার ঠোট
আর রান্না ঘরের ধোয়ায় গুটিয়ে নেবো
লাটাই
মাছের আশ ছড়াতে ছড়াতে জানালাতে মুখ ভাসবে আঙুরের রসে
ভিজে উঠবে উঠোন দরোজার নেমপ্লেটে
গীটার বেজে উঠবে পুলিশের বাশি শোনা যাবে রাস্তায় চাদোকানে
আমরা জিভেতে আপেল রঙ তুলে নেবো
চামুচে
চিনিতে ও দুধে
মুখের ভেতর জমে উঠবে ঋতু বদল
কালোভোমর
স্তব্ধতার লালাতে পিপড়েরা হাটবে জমে উঠবে নাচ মাছিরা উড়ে আসবে দন্তকুলে গ্রীবার ঢালে
অন্য এক পরিবর্তন কামরাঙাতে মজবে মজাবে দেহঘঙুরের মন
জামরঙ ছড়িয়ে দেবো তোমার ঠোটে দেখবো কালো রঙের শোভা
আপেল উড়তে থাকবে দৃষ্টির লালে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

