কয়েকদিন আগে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য একটি আহবান জানিয়েছি আমার ব্লগ আর ফেসবুকে। কয়েকটি ই-মেইল লিস্টেও জানিয়েছি। সাড়া পেয়েছি প্রচুর।
আমার মনে পড়ছে ২০০৬ সালের ২৫ মার্চ আমি আর রাগিব মিলে বাংলা উইকিকে সমৃদ্ধ করার জন্য কাজ শুরু করার কথা। বাংলা উইকি নামে আমরা একটি মেইলিং লিস্ট চালু করি। কয়েকদিন পর (মনে হয় ৩০/৩১ মার্চ) রাগিবের উদ্যোগ আর বাংলা উইকিপিডিয়াকে নিয়ে আমার একটি লেখা ছাপা হয় পল্লবের প্রজন্ম ডট কম পাতায়। তারপর আমরা শুরু করি এ নিয়ে সভা, সমিতি, কর্মশালা। এই সময় আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উইকি নিয়ে কর্মশালা শুরু করি। রাগিবের একটা লক্ষ্য ছিল এক বছরের মধ্যে ১০ হাজার এন্ট্রির। কিন্তু ৬ মাসের মধ্যে আমাদের সে লক্ষ্য পূরণ হয়!
এর পরে অনেকে এখানে এসেছেন। বাংলা উইকিপিডিয়া ক্রমাগত সমৃদ্ধ হয়েছে। তবে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ, বাংলা বিশ্বের চতুর্থ ভাষা, আমাদের মায়ের বুলি। সাইবার জগতে, তথ্যের সাগরে এই ভাষকে টিকিয়ে রাখার একটি অন্যতম হাতিয়ার হলো মুক্ত দর্শন, উইকি যার একটি ফলাফল।
ব্লগে আর ফেসবুকে আমার আহবানের পর আমরা অনেক সাড়া পাচ্ছি। সে সঙ্গে অনেকে নিয়ম কানুনগুলোও জানতে চান। আমার ব্লগে আর ফেসবুকে রাগিব, নাসির, বেলায়েতরা সবাইকে সেগুলো জানাচ্ছেন। আমরা ভাবলাম তাহলে এক জায়গায় জড়ো করে এগুলো করা যাক। সে জন্য বিডিওএসএন থেকে আমরা একটি কর্মশালার আয়োজন করেছি।
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা সংস্করণকে সমৃদ্ধ করার বিভিন্ন উপায় এবং বাংলা উইকিপিডিয়াতে কাজ করার পদ্ধতি নিয়ে এক কর্মশালা আগামী ২ আগস্ট সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত এ কর্মশালায় উইকিপিডিয়ার কাজের পদ্ধতি, বিশ্বকোষীয় ভুক্তি লেখার ধরণ, উইকিপিডিয়াতে ছবি যোগ করার পদ্ধতি, উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হবে। বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসানের পরিচালনায় কর্শমালায় উইকিপিডিয়ার বিভিন্ন দিক তুলে ধরবেন বিডিওএসএনের সদস্য ও উইকিপিডিয়ান নাসির খান সৈকত, ফাহিম ইসলাম, তারিক এজাজ খান প্রমূখ। কর্মশালাটি জামিল সারোয়ার ট্রাস্ট মিলনায়তন, ২৭৮/৩ এলিফেন্ট রোড, ঢাকায় ঐদিন বিকেল ৫.৩০ মিনিটে শুরু হবে।
কর্মশালা সকলের জন্য উন্মুক্ত।
যারা নিয়মিত কাজ করছেন তারাও আসবেন আশা করি। তাহলে পরের ধাপগুলো আমরা এগিয়ে নিতে পারবো।
৭ তারিখে কুমিল্লায় আর ১০ তারিখে চট্টগ্রামে দুইটি একইরকম অনুষ্ঠান করার উদ্যোগ নেয়া হয়েছে। আগস্টে আমরা একটি উইকি একাডেমি অনুষ্ঠান করবো।
আর এবছর থেকে শুরু করবো বাংলা উইকি অসম্মেলনের (আনকফারেন্স)। এখন স্পন্সর খুজছি।
আশা করি ২ তারিখে সকলের সঙ্গে দেখা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

