বিমান যখনই মেঘের ভিতরে সেধে গেল ঘোষিকা জানান দিল যে, 'ক্যাপ্টেন ইজ ফেসিং সাম প্রব্লেম ফর রাফ ওয়েদার, প্লিজ টাইট ইউর সিট বেল্ট।' চোখ ছিল তখন দূরে হিমালয়ের দিকে। শুনে গা হিম হয়ে গেল। ভুলে গেলাম ড্রিজল এবং তার মম-ডেডকে। ভুলে থাকতে থাকতেই ল্যান্ড করি জিয়ায়। নেমে ড্রিজলের মুখের স্থায়ী হাসিটা না-দেখে খুব দমে যাই। ভাবতে থাকি, এটা বুঝি ওই ভুলে থাকারই খেসারত। লাগেজের জন্যে অপেক্ষার সময় পাশে এসে দাঁড়ায় সে। একা। 'বাসায় এলে খুব খুশি হব।' আগে তো ফোন করি, পরে না-হয় কখনো যাওয়া যাবে। 'আমার মোবাইল নাম্বারটা রাখবেন না!' ও হ্যাঁ, রাখা হয় নি তো। আমি আগ্রহী, কিন্তু আমার মোবাইলে চার্জ নেই যে, সেভ করি কীভাবে। 'কাগজেই লিখে নিন না।' হ্যাঁ বল। '০১৭১৭......'। থ্যাঙ্কস। 'মাই প্লিজার!'
এরপর আমরা অজস্রবার ড্রিজলিং ও প্রেসিপিটেশন মাথায় নিয়ে হাতে হাত ধরে হেঁটেছি, স্বর্গ থেকে নরক অবধি। পিচের রাস্তা থেকে মাটির রাস্তা, ঘাসের রাস্তা সব দিয়ে চিত্রকূট পর্বত অবধি। বাস্তবে ও স্বপ্নে। কিন্তু ত্রিভুবন বিমান বন্দর ঘিরে থাকা গাছময় পাহাড়গুলোর ভেজা হাতছানি এখনো মনের মধ্যে রয়েই গেছে। আমরা কি আবার ল্যান্ড করব কখনো, ওই বন্দরে, মাত্র দু'জন! এরই মধ্যে একদিন রাত সোয়া এগারোটা থেকে চিরতরে বন্ধ হয়ে গেল ড্রিজলের সঙ্গপ্রণোদনা, ছিঁড়ে গেল ভিতরগত যোগসূত্র। আমরা চিরকাল যেরকম একা ছিলাম, আবারো হয়ে গেলাম তেমনি নিঃসঙ্গ বেদনাবৃক্ষ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



