ততক্ষণ থাকা ভালো শুয়ে বা বসে ঐ পতনাসনেই
ভেবে নেয়া ভালো খুব এ যাত্রার ভুলভাল
উঠে দাঁড়ানো মানেই তো আর বিজয় নিশ্চিত হওয়া নয়
ওঠারও রকমফের আছে
পতনেও আছে এক ঘোর তৃপ্তিযোগ
সেটা একপেশে বা দু'পেশে--- হতে পারে যেকোনোটা
এইই নয় তবু শেষ প্রস্থের খেলা
প্রকৃত তৃপ্তির জন্য বাড়তি শক্তি সঞ্চয় করে নেয়া ভালো
এক জীবনে মৌসুম আসে অনেকানেক খেলার
এবং সেটা অনেকানেক মাঠে
২.
খুব সহজে গলে যাওয়া স্বভাব আমার আজো আছে
হাভাতেদের এরকম হয় বলে শুনেছি
পেট ভরা তৃপ্তি নিয়েও মন ভরা ক্ষুধায় কাতর থাকি বলে
কখনো আমাকে ভিখারিরও অধম বলে মনে হয়
অথচ আমায় নিশিদিন চাবকে চলে আবেগ--- স্পর্শকাতরতা
হাভাতের যেটা একদমই থাকতে নেই
৩.
যখনই ওর কথা ভাবি আমার বাথরুমে যেতে হয়
এজন্য ভাবাভাবি আজকাল একদমই কমিয়ে দিয়েছি
যোগ্যজনে স্বীকৃতি দেয়ায় কখনো আমার কার্পণ্য ছিল না
কিন্তু যাকে তাকে মহিমা দিতে হলে মনে যে গ্লানি জন্মে
তা ধুয়ে নিতে শাওয়ারও যথেষ্ট হয় না
ওকে ভাবলে বাথরুমে যেতে হয়, না ভাবলে উত্থানরহিত
৪.
ফের কখনো ডাক আসলে কী করব তা ভেবে আমি ভয়ে মরি
সত্যিই যদি ডাককে ডাকের মতো শোনায় আন্তরিক
প্রতারণা লুকানো থাকলেও আমি সাড়া দিয়ে বসি
কী যে হয় আমার
জল না ছুঁয়ে ছোট বড়ো কোনো খাল পেরোতেই
কখনো ভালো লাগে নি
ভাবি, হয়ত একটা স্নানযোগ কোথাও কোনো শৈবালগুচ্ছে
লেখা হয়ে আছে
কখনো সখনো যে তা থাকে
সেটা এমনকি মেনি মাছেদেরও খুব ভালো করে জানা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

