সংক্ষুব্ধ ভাঙা গান থেকে ওঠে আসা একখণ্ড সুর
স্তব্ধ হয়ে যায়
লম্ফনশীলতা দেখে তোমার চুলের
২.
একটি গানের দিকে হেঁটে যাওয়া মানে হলো প্রকট বাঁধন থেকে মুক্তিএষণা, প্রবীণ পাথর-পাহাড় আর প্রসাধিত বস্তুপুঞ্জ ঘিরে তুড়িতে জাগিয়ে দেয়া বৈরাগ্য বাসনা, ঢের ঢের বাউল ভাবনা
৩.
একুনে যেসব ঘোর সুগন্ধবাহিত
তাড়া করে ফেরা সেই নৈশপরিহাস
শ্বাসরুদ্ধকর সত্য সম্মোহনী বাকপাখি
আর তার খর উড্ডয়ন
হিমরাত্রি চিরে চিরে যায়
৪.
চুমুর যেহেন বিদ্যুল্লতা খুঁড়ে তুলে সম্পর্কের তাত্পর্যখনি
সেই স্ফূর্তির কাছে একটি জীবন আমি গচ্ছিত রাখি
শীতের গাণ্ডীব যদি বিঁধে এসে প্রতি রোমকূপে
তবু কি অশুদ্ধ হবে মহান ভারত
৫.
সকল পাখির গান তুমি ভালোবাস খুব
পালকের একটি পতনও তাই মানতে পার না
বনের বন্ধুতা খুব চাও বটে
গাছেদের শ্বাসাঘাত সইতে পার না
৬.
শুধু আজ বজ্রভীতি মনে
ব্যথাম্লান
ভাদুরে গঞ্জনা
তাড়া করে ফেরা দমন-বাসনা
যেন আর না-জাগে কোথাও কোনো বিদ্যুচ্ছটা
সব উচ্ছ্বাসের তাই প্রকাশদুয়ারে তালা
মেঘ করা তবু এড়াতে পারি না
৭.
তোমাকে সাশ্রয় করি না-ধরে না-ছুঁয়ে
জীবনের এটা এক প্রত্যহ সঞ্চয়
একটা দুঃখ চুপে তোলা থাক
কাজে দেবে মাড়ি-মন্বন্তরে
৮.
ছিলে দূরাগত ধ্বনি
খোলা ছিল বোধ তবু সাহসে পাতি নি
কানে মুখ পেতে আজ যে গান বাজালে নিজে
না-শুনে কেমনে পারি পোড়া দহলিজে
আমার তো নেই কোনো রীতিনীতিপ্রীতি
Image source: http://www.istockphoto.com
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


