দুঃখপাচার
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৭
সমস্ত দুঃখ চুপে ধরে এনে একখানে জমাচ্ছি এবার
শীঘ্রই সমুদ্রে গিয়ে ছড়িয়ে আসব দূরে
অ্যালবাট্রসের চোখ ফাঁকি দিয়ে
যেখানে থাকবে না নীলতিমি, হাঙর ও শুশুক
শুনেছি সমুদ্র কাঁকড়ারা খুব ভালোবাসে দুঃখ ভোজন
বাকি জীবন আমার ভাবি
এটুকু প্রশান্তি নিয়ে শুভযাত্রা হবে
পৌরহিত্যে এই নির্ঘুম চোখের
কিছু লাল কাঁকড়াও যদি ভাগে পায় এক চিমটি মতোন
শোনো, ফাঁকে ফাঁকে কেঁদে নিচ্ছি যা কিছু কাঁদার
দেবে যদি দুঃখ তবে এক্ষুণি দাও এই নিবারণ কালে
এ মুহূর্তে সুখটুখ নিয়ে তেমন কিছুই ভাবছি না আমি
ওরও কেননা জানি আতিশয্য আছে
নিত্য না হলেও কলহ থাকবে কিছু
একভাবে না একভাবে তো দিনকাল কেটে যাবে
হয়ত অপেক্ষাকৃত ভালো
ভাবছি যে, কান্নার অভাবে কান্না পেলে ভবিষ্যতে
কী করে নীরবে সামলাবো সব
ওটাও কি আরেকটা তখন দুঃখে রূপ পাবে
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: অজ্ঞাতকুলশীল বিভাগে ।
সামী মিয়াদাদ বলেছেন:
আপনার কবিতা কিছুটা মনে শান্তি দিলো
....ভাল লাগলো পড়ে
লেখক বলেছেন: শুনেও শান্তি।
সামী মিয়াদাদ বলেছেন:
কবিতা কেউ পড়েনা....পড়লেও বোঝার চেষ্টা করেনা....বুঝলেও মস্তিষ্কে প্রবেশ করায়না...এইটাই দু:খ
ভাল থাকবেন
....লিখতে থাকুন....পড়তে থাকুন...নিরন্তর
লেখক বলেছেন: হ্যাঁ, খুব কম পাঠকই কবিতা পড়েন।
উপলব্ধি করার চেষ্টা করেন আরো কম জন।
এটা জেনেও তো কবিতাই করি।
দুঃখ কেন সামী? এটা চিরবাস্তবতা।
আপনিও ভালো থাকুন, পড়তে থাকুন, লিখতে থাকুন।
রাগ ইমন বলেছেন:
দুঃখ দিলে সেও তো এক রকম দান বঞ্চনা দিলেও সে হতে পারে প্রাপ্তি
উন্মুখ তৃষ্ণা ঠোঁটে ভালোবাসা আধা ফোটে
নিকষিত হেম না দাও , হেমলক দেবে ?
লেখক বলেছেন: মেধাবী ব্লগার, বেশ আপনার কবিতা।
মাজুল হাসান বলেছেন:
ময়দানের হাওয়া'র কবিতাগুলো পড়লাম। ভাল লাগলো।
ওরকম একটা ব্লগ আমিও তৈরীর করার চেষ্টা করছি।
কিন্তু গল্প ও অন্যান্য সাবটাইটেল দিয়ে পিডিএফ ফরমেটে
লেখা আর্কাইভ করতে পারছি না। কিভাবে তা করতে হয় একটু জানাবেন?
লেখক বলেছেন: ধন্যবাদ।
ব্লগস্পটে সাবটাইটেল দেয়ার সুবিধা আছে বলে জানি না। যেটা করতে পারেন তা হলো লেখার শিরোনামের সাথে ব্রাকেটে অথবা পোস্টের ট্যাগিংয়ের জায়গায় 'গল্প' 'কবিতা' ইত্যাদি ব্যবহার করতে পারেন।
পিডিএফ দেবেন কেন? সবচে সুবিধে ইউনিকোডে। বোধহয় ব্লগস্পটে পিডিএফ সাপোর্টও করবে না। তারচেয়ে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। এটা অনেক কাজের জিনিস।
http://bnwebtools.sourceforge.net/
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুনেছি সমুদ্র কাঁকড়ারা খুব ভালোবাসে দুঃখ ভোজন..................................দারুন তো।
ভালো লাগলো কবিতা।
শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।
কবি আহমেদ নকীব আপনার কথা বললেন। আপনি যে প্রবাসী সে তথ্যটা ওঁর থেকেই পেলাম। স্বদেশ থেকে দূরে কেমন আছেন?
তারিক টুকু বলেছেন:
মুজিব ভাই,কি লিখবো, আপনাদের বয়সে অনেককেই তো এখন আর এত অ্যাক্টিভ দেখি না। তাই প্রথমত অ্যাক্টিভিটির জন্য আমার শুভেচ্ছা নিন।
কবিতা ভালো লেগেছে। ভালো লেগেছে শেষ তিনলাইনের মধ্য দিয়ে এর ফেডআউট আর ট্রান্সফর্মশেনটা।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: এটা একটা স্বীকৃতি বটে।
আমি কাজের মধ্যেই আছি। আরো কাজ করতে চাই। কিন্তু এত কাজও অনেকের চোখ এড়িয়ে যায়। ভাবে যে আমি বুঝি জরাগ্রস্ত হয়ে গেছি। কিন্তু ওরা জানে না যে, ওরা কত ভুল জানে। ওদের এরকম ধারণার পশ্চাতে অংশত আমার লেখালেখি প্রকাশে সংবাদপত্রকে বর্জন করার প্রবণতাটিও দায়ী, আপনি জানেন।
কবিতাটি আপনার ভালো লাগল জেনে ভালো বোধ হচ্ছে। সেটা এজন্যেও যে, মনে হচ্ছে তাহলে হয়ত আপনাদের সঙ্গে হাঁটার সামর্থ্য আমি হারিয়ে ফেলি নি আজো।
সেজুল হোসেন বলেছেন:
ফাঁকে ফাঁকে কেঁদে নিচ্ছি যা কিছু কাঁদারদেবে যদি দুঃখ তবে এক্ষুণি দাও এই নিবারণ কালে'
ভাল লাগলো
ভাল লাগলো মনে
কেঁদে নিচ্ছি আমিও
গহীন, গোপনে
লেখক বলেছেন: আমি তো শব্দ না করেই কাঁদলাম। তাও দেখি সংক্রমণ ছড়ালো!
লেখক বলেছেন: শান্তিপূর্ণ অভিব্যক্তি আপনার।
দারুন সব সৃষ্টি আপনার কবি।
আমরা সব দুঃখ নিবারণে ব্যস্ত.........
তবে দুঃখ সব শেষ হয়ে গেলে কি নিয়ে থাকা যাবে......
শুধু সুখ সুখ আর সুখ?
ভাবছি যে, কান্নার অভাবে কান্না পেলে ভবিষ্যতে
কী করে নীরবে সামলাবো সব
ওটাও কি আরেকটা তখন দুঃখে রূপ পাবে।
লেখক বলেছেন: শেষপর্যন্ত এটাকেই একটা ভাবনার ব্যাপার মনে হচ্ছে।


















