আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

পাতাদের ঝরে যাওয়া মানুষের অনিবার্য মৃত্যুরই প্রতীকী ব্যঞ্জনা

১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৩

শেয়ারঃ
0 1 0

লোকটার গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা ছিল ইস্রাফিলের শিঙাটা বেজে-না-ওঠা পর্যন্ত, কিন্তু ব্যত্যয় ঘটাল পাখিটা, অনেক পাখি আছে পৃথিবীতে, স্বর্গেও থেকে থাকবে হয়ত, যাদের বেশ ভালো লাগে, কী রূপে কী গুণে, অথচ নাম জানা যায় না, এরকম একটা পাখিরই কাণ্ড ছিল এটি, আগে কখনো এ পাখিটার গান শুনেছিল কি না মনে করতে পারে না সে, তবে সে চোখ কচলাতে কচলাতে এমত ধারণা করে যে, পৃথিবীর মানুষ ততদিন অন্তত আনন্দকে বুঝবে, যতদিন এই জাদুর পাখিটা গাবে

তার যখন বাঁশের চাঙাড়ি ও নতুন করে গজিয়ে ওঠা মাসকালাই গাছে মোড়া মাটির আস্তরণ ভেদ করে উঠে আসতে হলো, সহসাই, প্রাক-বিবেচনা ব্যতিরেকে, তখন দুপুর, নদীর অন্তরে তখন নীল আকাশের ছায়া, আকাশের অন্তরে নদীর, আর তখন শনশন বাতাস বইছিল, আকাশের নীলশাড়ি তোলপাড় করে দিচ্ছিল রূপসী নদীর স্রোত, গ্রীষ্মের এরকম রোদেলা দুপুরে কবরের ভেতর ভ্যাপসা গরম থাকতেই পারে, কিন্তু সে কখনো এজন্যে নিজেকে নদীর দিকে বয়ে নিয়ে যাবার কথা ভাবে নি, কেননা পাখিটা ঘুম ভাঙিয়ে দিয়েছে এর মানে এ নয় যে তাকে হাঁটতেই হবে, মোটকথা নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সে কখনোই কোনো কিছু করতে উদ্যত হয় নি, কাজেই আপনি বা আপনারা দয়া করে এমত ভাববেন না যে, লোকটা নিজস্ব কোনো স্বার্থ চরিতার্থ করার জন্যে স্বতঃপ্রণোদিত হয়ে অন্যত্র গমন করছিল, এবং এটা যে, পাখিরা সবসময় এ ধরনের কার্যক্রমে আনুকূল্য দিয়ে থাকে, সে যাচ্ছিল অথবা যাচ্ছিল না, যাচ্ছিল, কেননা সে প্রতিমুহূর্তে স্থানচ্যুত হচ্ছিল, যাচ্ছিল না, কেননা তার সামনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না, এবং তার ভাবনারা একাসন তথা নড়চড়হীন ছিল, পায়ের নিচে মচমচ করে গুঁড়িয়ে যাচ্ছিল শুকনো ঝরাপাতা, আর তার উপলব্ধিতে এসে ধাক্কা দিচ্ছিল এক ধরনের নাকী কান্নার সুর, যা অস্পষ্ট, এটি তাকে অন্যরকম করে ভাবাল, সে নিশ্চিত হলো যে, মৃত ও ইতোমধ্যে শুকনো এসব পাতা, যেগুলো দলিত হচ্ছে চারজোড়া পদ-সঞ্চালনে, সেসবের অন্তর্গত বেদনারা তার কর্ণকুহরে অসম্ভবরকম আকুতিময় অনুযোগ তুলছে

মৃতের কোনোরূপ বাদ-প্রতিবাদের শক্তি যে নেই, একথা তার চেয়ে বেশি আর কেউ বোঝে না বস্তুত, কেননা সে নিজে মৃত্যুর অভিজ্ঞতা অর্জন করেছে, কেননা তার সকল প্রকার বাদ-বিসংবাদের ক্ষমতা ইতোমধ্যে রহিত হয়েছে, এরপরও তার এরকম ভাবনা রহস্যপূর্ণ তো বটেই, অবশ্য পৃথিবীতে ভাববার মতো এত বিষয় থাকতেও, এ মুহূর্তে ঝরাপাতা বিষয়ে ভাবাটা তার জন্যে প্রাসঙ্গিকও বটে, জঙ্গলে বাসজনিত কারণে বন্যপাখি, প্রাণী ও বৃক্ষাদি, সপ্তাহচারেক থেকে তাকে মাত্রাতিরিক্ত আচ্ছন্ন করে আছে, বন্যপ্রাণী বিষয়ে তার ভাবনা এ-যাবৎ বিমিশ্র, এরা চালাক ও একই সঙ্গে বোকা, যেমন এই শেয়াল দু'টো, যারা ধূর্ত খেতাবধারী অথচ চরম বোকামির পরিচয় দিচ্ছে এখন, তার মাংসহীন কঙ্কালটাকে আগ্রহভরে বহন করে, তবে পাখিদের ব্যাপারে তার ভাবনা সবসময় ইতিবাচক, এরা গান গায় আর ঘুম ভাঙায়, ঘুম ভাঙায় আর গান গায়

আপাতত পায়ের নিচে শুকনো পাতার মচমচ নেই, সে এবং তারা এখন নদী তীরবর্তী মোটামুটি বৃক্ষহীন একটা চালায়, কিন্তু কান্নার তীব্রতা তাকে আগের মতোই হানছে, বুঝল সে, এবং এ-ও বুঝল যে, এবার তার কিছু বলা দরকার পাতাদের উদ্দেশে, এই যে-- 'অত চ্যাঁচিও না, আমাকে এবং তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তার নির্দেশেই তোমরা ঝরেছ, যেমন একদিন আমি ঝরেছি, যেদিন স্বর্গবৃক্ষ বর্জন করেছে আমার বৃত্তান্ত লেখা পত্রটি', কিন্তু বলতে কি আসলে পারে সে, তার ঠোঁট নেই, জিহ্বা নেই, কণ্ঠ নেই, পচে-গলে গেছে

সামনেই জলপাই গাছ, বিস্ময় মানতে হয় বৈকি, এরকম স্থানে সে জলপাই গাছ জন্মাতে দেখে নি আগে, পৃথিবীতে, ঠিক নদীর ধারে, আগে দেখতে পেলে এ গাছের নিচে এসে বসা যেত, একা অথবা সস্ত্রীক, এর সমস্ত পাতাই সুন্দর যেগুলো সবুজ, আর যেগুলো মুমূর্ষু ও কমলা-লাল, আরো সুন্দর, আহা পৃথিবী, সে কি কোনো অংশে কম সুন্দর দেখবার চোখ থাকলে, এখানে যেমন নরকের ছায়াপাত ঘটে, তেমনি স্বর্গের, অবশ্য এ মুহূর্তে সে পৃথিবীতে স্বর্গের উপমা খুঁজতেই অধিক স্বাচ্ছন্দ্য বোধ করছে, যার একটিতে ঢুকবে বলে সে সপ্তাহচারেক ধরে রেওয়াজ সারছে, স্বর্গকে বিস্তারিত জানতে পারে নি সে এখনো, অন্ধের হস্তি দর্শনের মতো জেনেছে, মৃত্যুর দিনকয় পর একজন রহমতের ফেরেশতা তাকে নিয়ে গিয়েছিল স্বর্গের দরজা অবধি বোররাক এর মতো দ্রুততায়, আবার তার সঙ্গেই ফিরে এসেছে সে কবরে, মোটামুটি প্রাথমিক হিসেব-নিকেশ সেরে ফেলবার জন্যে, প্রতিদিনই কবরে তার কাছে বিভিন্ন ফেরেশতারা আসছেন বিচিত্র সব খাতাপত্র নিয়ে, পৃথিবীতে বাসকালীন তার অর্জিত পাপ ও পুণ্যগুলোর একত্র সন্নিবেশ ও যোগ বিয়োগের পালা শেষ হলেই মাটির বিছানা থেকে তার ছুটি হবে, কবরকে তার কাছে হাজতখানার মতো লাগছে, কাজেই যত তাড়াতাড়ি সম্ভব, প্রক্রিয়াগুলো সম্পন্ন করে এখান থেকে সরে পড়বার পক্ষে সে, আর তাছাড়া সে জেনে গেছে, ছোটখাট যে পাপগুলো করেছে সে পৃথিবীতে, সেগুলো তার স্বর্গগমনকে বাধাগ্রস্ত করবে না, একজন মিশুক ফেরেশতা আগেভাগেই তার কানে কথাটা বলে গেছেন, কেননা সে সৎকর্মে ব্রতাবস্থায় আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছে, সে জানে, যদিও এটা অনুমাননির্ভর, তবু বলা যায় যে তার সম্মানিত আততায়ী এখনো বেশ সুন্দরভাবে স্বাভাবিক বেঁচেবর্তে আছে, কেননা জগতের ওরা বেশ প্রভাবশালী সদস্য, প্রচুর প্রতিপত্তি আছে, আর সে যতদূর জেনে এসেছে পৃথিবীর রীতিনীতি, তাতে নিঃসন্দিগ্ধ হওয়া যায় যে, তার মৃত্যুর সঠিক রহস্যটি কোনোদিনই উন্মোচিত হবে না, কমবেশি যেখানে যা প্রযোজ্য, অর্থ দিয়ে যেকোনো ছিদ্রই বন্ধ করে দেয়া যায় পৃথিবীতে, কেবল এখানে, এখন সে যেখানে আছে, বাঁ'হাতের কারবারটা পুরোপুরি অচল, কেননা ফেরেশতাগণ উৎকোচ গ্রহণ করেন না, কাজেই সে এই ভেবে মনে-মনে আনন্দিত হয় যে, ওই লোকটি, যে তাকে অকারণে খুন করেছে, তারও একদিন এখানে আসতে হবে বুকপকেটে আদ্যন্ত গড়ের মাঠটাকে পুরে নিয়ে

জলপাই গাছটির নিচে এসে থামল বাহকদ্বয়, সে দেখল ওপর দিকে চেয়ে এবং ডানে-বাঁয়ে, ভালো লাগল আরেকবার, অন্যরকম, এরপর সে নদীর দিকে তাকিয়ে দেখল যে, সূর্যটা ঢেউয়ের তালে তালে খেলছে, কখনো বিদীর্ণ হয়ে যাচ্ছে, আবার জোড়া লেগে হয়ে যাচ্ছে আগেরটাই, এসময় একসাথে প্রায় তিনটে পাতা ঝরে পড়ল তার ওপর, শেয়াল দু'টো চমকাল, এমনকি সে নিজেও, যখন এইমাত্র ঝরা পাতা তিনটিও বনের ভেতরকার পাতাগুলোর মতো নাকী কান্না জুড়ে দিল, ব্যাপারটা ঘটল তখনই, গাছে যেসব পাতা অপেক্ষায় ছিল ঝরে পড়বার, কমলা-লাল, কোরাসে গেয়ে উঠল গয়বিসংগীত-- 'সবুজ ফিরায়ে দাও-- সহসা ঝরব না, আনি তো সুসাম্য-- করি তো প্রার্থনা, আমাদের এ প্রয়াণ-- নিসর্গে কাম্য না'-- এবার অবশ্যই তার কিছু বলা প্রয়োজন, অনুভব করল সে, এবং হঠাৎ সূত্রটাও পেয়ে গেল, মনে পড়ল, তার চোখ নেই কিন্তু সে সব দেখতে পাচ্ছে, কান নেই কিন্তু শুনতে পাচ্ছে, মস্তিষ্ক নেই কিন্তু ভাবতে পারছে, অতএব যৌক্তিকভাবে তার বলতে পারাটাও উচিত, এবং তা কোনোভাবে সম্ভব হয়ে উঠতেও পারে

অকস্মাৎ নড়ে উঠল কঙ্কালটা, আর তার ভেতর থেকে গমগম আওয়াজ উঠল আধিদৈবিক-- 'তোমাদের ঝরে পড়া মানুষের অনিবার্য মৃত্যুরই প্রতীকী ব্যঞ্জনা...', শেয়াল দু'টো তখন ভয়ে সন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকল দুই বিপরীত দিকে

Attached artwork: Bending Skeleton by Andreas Vesalius from http://www.allposters.com

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঊনাখ্যান ;
প্রকাশ করা হয়েছে: শ্রেণিকরণ এমন এক সংকীর্ণতা...  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১২
ফকির ইলিয়াস বলেছেন: আমার সব সেটিং ঠিক থাকার পরও আপনার ব্লগে কিছু লিখতে
পারছি না কেন , বুঝলাম না।পরে কপি পেষ্ট করলাম।
--------------------------------------------------------
লেখাটা খুবই পরিপুষ্ট। ভাবালো আমাকে অনেকভাবে। এরকম
প্রবন্ধের মন্তব্য করতে হলে দীর্ঘ লিখতে হয়। পাতার ও জীবন আছে
কি না , তাই আমার জীবনের অনুকল্প আমাকে বার বার ই পাতার
কাছে নিয়ে যায়।
ধন্যবাদ আপনাকে কবিবর।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: 'এরকম প্রবন্ধের মন্তব্য করতে হলে দীর্ঘ লিখতে হয়।'

এটা চমকে যাবার মতো তথ্য যে, লেখাটি আপনার কাছে একটি প্রবন্ধ হিসেবে ধরা দিয়েছে। এটাকে এই লেখার একটি সবলতা ভাবব নাকি দুর্বলতা তা ঠিক বুঝতে পারছি না।

না না, ইলিয়াস ভাই, আপনি ঠিক আছেন। এই সিরিজের লেখাগুলো এরকমই। নানা আঙ্গিক মিলেমিশে গেছে এই মোহনায়। তাই একেজনের কাছে একেভাবে ধরা দেয়। বহুরূপী।

২. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩২
ফকির ইলিয়াস বলেছেন: এখন লিখতে পারছি মুজিব ভাই !!
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: আমি বুঝতে পারলাম না যে, কেন হঠাৎ লিখতে পারলেন না এবং খানিক পরে আবার পারলেনও। যান্ত্রিক কোনো জটিলতা হবে হয়ত।

৩. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৪
তানভীর রাতুল বলেছেন: অনেক দিনের পর আপনার লেখা পড়লাম
+
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৯

লেখক বলেছেন: ব্লগে এই নিকের কারোর সঙ্গে আমার পূর্ব বিনিময়ের ইতিহাস মনে নেই। হতে পারে আপনি নীরব পাঠক ছিলেন। যাই হোন, পাঠক তো, তাই সালাম।

৪. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পড়তে বেশ লাগলো! বলতে পারেন আমাকে বেশ ভাবাচ্ছে! পোস্টের জন্য ধন্যবাদ।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: হয়ত এর সে শক্তি আছে। আপনি যে এই ভাবনাটা মাথায় নিলেন এজন্য কৃতজ্ঞতা।

৫. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৬
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: তার চোখ নেই কিন্তু সে সব দেখতে পাচ্ছে, কান নেই কিন্তু শুনতে পাচ্ছে, মস্তিষ্ক নেই কিন্তু ভাবতে পারছে
সুন্দর,
মুজিব ভাই, যদি বাস্তবতা এমন করে ভাবা যেত...
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৫

লেখক বলেছেন: এই লেখার ওই চরিত্রটির মতো মরে কঙ্কাল হয়ে যাবার পরে হলে হতেও পারে এরকম, কিন্তু আর যাই হোক, বেঁচে থাকতে নয়। কারণ বেঁচে থাকতে তো আর আপনি শেয়ালের মুখে চড়ে এদিক-ওদিক ভ্রমণ করার আনন্দটা পাচ্ছেন না।

ভাবতে দোষ কী? এই যেমন আমি ভাবলাম।

৬. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৫
সৈ ক ত হা বি ব বলেছেন: বন্ধু, তোমার মিঠেকড়া শ্রেণীহীন এই লেখাটি পড়ে ভালো লাগল।
আগেও তোমার এখানে কমেন্ট করতে চেয়েছি, কিন্তু পরে দেখলাম নাই। আমি এখনো ব্লগে নবিশ। তাই সব এখনো আয়ত্তে নেই। আছো কেমন? পুত্র কেমন আছে?
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: এই তো বন্ধু, ছেলে-বউ সবাই মিলে থাকা-টাকা হচ্ছে ভালো। তোমার কুশল বলো।

'পরে দেখলাম নাই' মানে! তুমি কমেন্ট করেছো পরে পাও নি এরকম বলতে চাও কি? অসম্ভব। তুমি ঠিকঠাক পোস্টিয়ে থাকলে, সেটা অবশ্যই থেকে যেত। নবিশি তোমাকে ধন্ধে ফেলেছে।

আসলে আমার ব্লগে আমাকে (আমার বাপতক) গালি দিয়ে কমেন্ট করলেও তা ডিলিট করবার ইতিহাস নেই, যদিও অমন কেউ করে নি কখনো। কেবল এক কমেন্ট কেউ দুবার করলে কিংবা কোনো কিছু না লিখে কমেন্ট করলে তা অপ্রয়োজনীয় বিধায় ফেলে দিয়ে থাকি।

দ্রুত সব আয়ত্তে আসুক তোমার।

৭. ১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তিনটি পাতার ঝরে পড়ার পর বা ঐ মুহূর্তে কঙ্কালের অমোঘ দর্শনলাভ বিষম ভাবালো। মৃত্যু অনিবার্য- পাতাদের ঝরে পড়া আমাদের প্রতিদিন জানান দেয়,কিন্তু আমরা জানতে পারি না...
মুজিব ভাই, আই মে বি রং, আমার কাছে তো এটা একটা অদ্ভুত সুন্দর গল্প মনে হলো। আমি ঠিক না হলে, আসলে ধরতেই পারলাম না এটা কোন্ শ্রেণির রচনা।
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন: কিছু গল্পসল্প তো এতে আছেই ধারণা করি। দেখুন, আমি এটাকে ট্যাগ করেছি 'ঊনাখ্যান' বলে। আর তাছাড়া আমার শ্রেণীকরণে আপনার দরকার কী! আপনার যা মনে হবে তাই সই। পাঠক স্বাধীন, পাঠক মহান।

৮. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০
আয়শা ঝর্না বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভাল লাগল দীর্ঘ লেখাটি। আরও লিখুন, সচল থাকুন। কবিতার জয় হোক।
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৩

লেখক বলেছেন: হ্যাঁ, কবিতারই হোক জয়।

 

মোট সময় লেগেছে ১.৩৩৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
m.mehdy@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ