আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

আমার সাড়ে ৩ বছরের দাম্পত্য জীবন, পরকীয়া ও একটি অনন্যোপায় সিদ্ধান্ত

১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৬

শেয়ারঃ
0 18 0



মিস উইন্ডোজ এক্সপির সাথে আমার প্রথম পরিচয় ২০০২ এ এক বন্ধুর পিসিতে। মাইক্রোসফট উইন্ডোজ বংশের এই সুন্দরী কণ্যার "লুনা-সৌন্দর্য্য" দেখে আমি বেশ চমকিত হয়েছিলাম। সত্যি বলতে গেলে কি সেই প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। আর সেদিন থেকেই মনের ভেতরে একটা কথা গেঁথে গিয়েছিলো - যেমন করেই হোক এক্সপিকে আমার চাই। সেই দেখার পরে পরবর্তী ৩ বছরে এক্সপির সাথে আমার আরো বেশ কয়েকবার দেখা হয়েছে, যতোবারই দেখেছি আমি নতুন করে মুগ্ধ হয়েছি। :D

২০০৫ সালে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার কয়েক সপ্তাহ পরের কথা। বাবার কানে আমি বিয়ের কথাটা তুললাম, আর পাত্রী কে তাও কি বলে দিতে হবে? শুনে বাবাও রাজী হয়ে গেলেন। ক'দিনের মাঝেই বিয়ের সব বন্দোবস্ত করে ফেললেন। স্বাভাবিকভাবেই একমাত্র ছেলের এই শখ মেটাতে বাবা বিয়েতে ৬৫,০০০ টাকা খরচ করলেন। বিয়ে হলো, সাথে বোনাস পেলাম শ্যালিকা উইন্ডোজ ৯৮কেও। আসলো আমার বাসর রাতের দিন। শুরুতেই আমি তার ঘোমটা তুলতে না তুলতেই সে সব হার্ডওয়্যার ঠিকমতো ডিটেক্ট করে আপনা আপনিই ড্রাইভার ইন্সটল করে নেয়। বুঝলাম শুধু সুন্দরী OSই নয়, আমি একই সাথে পেয়েছি একটি সংসারী ও গোছানো টাইপ বউ। এক্সপিকে ততোদিনে আমি অনেকবার দেখেছি, কিন্তু আজকের মতো আর কোনোদিন নয়। সে আজ ও শুধু আমার, একান্তই আমার। সে অনুভূতি, সে আনন্দ - পৃথিবীর কোন মানুষের সাধ্য কি তাকে ভাষায় প্রকাশ করে? :)

আমাদের শুরুটা ভালোই ছিলো। হানিমুনে আমি ওকে কোন কষ্ট দেইনি, বরং দিয়েছি কোন সফটওয়্যার ছাড়া Run করবার স্বাধীনতা, দিয়েছি সম্পূর্ণ Error বিহীন ভাবে চলার আনন্দ। ৫১২ মেগাবাইট র‌্যাম আর ১২০ গিগাবাইটের ফ্ল্যাট কিনে দিয়ে আমি ওর আনন্দকে আরো কয়েকগুণে বাড়িয়ে দেই। প্রতি মাসে ওকে নতুন থিমে সাজিয়ে দিতাম আমি। মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা গেইম খেলতাম ওর সাথে আমি, গেইম ক্লোজ দিয়ে বের হবার পর ওকে একটু ক্লান্ত দেখাতো, কিন্তু তাও মুখে একটা হাসি নিয়ে ঠিকই ডেস্কটপে ফিরিয়ে আনতো আমায়। নিয়মিত টেম্পোরারী ফাইল পিরিষ্কার করে আর Defragment দিয়ে দিয়ে ওর সেই হাসি আমি চিরদিন ধরে রাখতে চেয়েছিলাম। :)

কিন্তু দিন যায়, মাস যায় - যায় বছরও। বাস্তবতার রূঢ় ছায়া আমাদের সম্পর্ককে ধীরে ধীরে গ্রাস করতে লাগে। সংসার জীবন হয়ে ওঠে ব্যস্ততাপূর্ণ। শত শত সফটওয়্যার ইন্সটল করি আমি, গেইমের পর গেইম খেলি। ধীরে ধীরে ওর দিকে আমার নজর কমতে থাকে। আর এই সুযোগে আমারই অলক্ষ্যে ওর সাথে সখ্যতা গড়ে ওঠে পাড়ার কিছু দুশ্চরিত্র ভাইরাস আর ট্রোজানের সাথে। প্রথমে আমি অতোটা আমল দেইনি। কিন্তু একটা সময় গিয়ে আমি আর চুপ থাকতে পারলাম না। একরাতে আমাদের ঝগড়া হলো, আমার আর সহ্য হচ্ছিলো না। দিলাম ওকে Format দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে। শ্যালিকা আমার এই দুঃসময়ের সঙ্গী হলো। ;) দুলাভাইকে অনেক বুঝালো, সংসারটাতো ধরে রাখতে হবে।

ফলাফল যা হবার তাই হলো। সিডি ঢুকিয়ে ইন্সটল দিয়ে ওকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনলাম আমি। আবার সেই সংসার, আবার সেই ব্যস্ততা। তারপরে আরো অনেকদিন আমার সাথে ওর ঝগড়া হয়েছে। মাঝে মাঝে ফরম্যাট দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। আবার কখনো কখানো বান্ধবীর বাসা থেকে System Restore দিয়ে ফিরিয়ে এনেছি। ধীরে ধীরে সংসার জীবনের যাতনা আমাকে একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছিলো। ও আর আগের মতো গোছানো আর সংসারী ছিলো না। বরং যেনো ছিলো অনেকটাই বেপরোয়া। কেমন যেন একটা অনিশ্চিয়তা কাজ করতো ওর মধ্যে। আগে যেমন ওকে কোন একটা কাজ করতে বলতে মোটামুটি নিশ্চিৎভাবে ধরে নিতাম ও এটা পারবে, ধীরে ধীরে ব্যাপারটা আর তেমন রইলো না। ও না বলতে শিখে গেলো। শুরু হলো আমার দাম্পত্য জীবনে কম্প্যাটিবিলিটি নামক যাতনা। আমি আর পারছিলাম না........আর না.......... :((

২০০৭ সাল, আমার সংসার এখন আর সংসার নেই, যেনো কোন ক্লান্ত রণাঙ্গণ যে প্রতি মুহূর্তে বলছে - "এবার আমায় রেহাই দাও!" যৌতুক স্বরূপ শশুর বিল গেটসের কাছ থেকে বিয়ের সময়ই এককালীন Service Pack 1 আর Service Pack 2 পেয়েছিলাম। ২০০৮ এ এসে আমাদের মধ্যে এই সংসার নামক যুদ্ধ দেখে শশুরমশাইয়ের বোধোহয় খানিকটা দয়া হলো মেয়েটার কথা চিন্তা করে। হাজার হোক নিজের মেয়েতো, নিজের মেয়ের সংসার ভাঙতে দেখলে কোন বাবারই না খারাপ লাগে। আর তারই ফলস্বরূপ পেলাম নগদ Service Pack 3। কিন্তু কোন সার্ভিস প্যাকে কি আর সংসারের ভাঙন জোড়া লাগে? কাজ কিছুই হলো না......... :|

এমনই একটা সময়ে আমার জীবনে যেনো নতুন বসন্ত এলো। এক্সপির ছোট বোন উইন্ডোজ ভিসতা যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে। আমি ওকে আগে কখনো দেখিনি। প্রথম দেখলাম আবারো এক বন্ধুর বাসায়। দেখে আমি থ! একি দেখি? এও কি সম্ভব? OS নাকি পরী? ওর Aero থিমের সৌন্দর্য্য আমার মনের ঘুমিয়ে যাওয়া অনুভূতিগুলোকে ফের জাগিয়ে তুললো। সাইডবারের সেই চাউনি আর অসাধারণ GUI এর কাছে আমার মন যেনো নতি স্বীকার করলো। ওর GUI কাছে আমার এক্সপির GUI তো অতি নগণ্য গুঁই সাপের চামড়ার মতো। মাশাল্লাহ্ শশুর আব্বা, কিছু সুন্দর মেয়ে পয়দা করছেন। :D

অল্প পরিচয়েই আমি ভিসতার সাথে ঘন ঘন দেখা করা শুরু করলাম। কখনো নেটে, কখনো কোন বন্ধুর বাসায় আবার কখনো বা আইডিবিতে। ওর সৌন্দর্য্যে আমি এতোটাই মুগ্ধ ছিলাম যে একদিন বাসায় এসে এক্সপিকে Vista Transformation Pack বিউটি পার্লারে পাঠিয়ে মেকওভার দিলাম। কিন্তু ওসব কি আর ওর মতো ব্যাগডেটেড মেয়ের ধাতে সয়? আবার নতুন করে ইন্সটল করতে হলো ওকে। বুঝলাম, কাক যতোই ময়ূরের পালক লাগাক না কেন, কখনো ময়ূর হতে পারে না।

আজ ২০০৮ এর শেষে এসে ভিসতা আর আমার সম্পর্ক চূড়ান্ত রূপ ধারণ করেছে। এমনই অবস্থা যে এক্সপিকে ডিভোর্স দেবার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি মনে মনে নিতে আমাকে আর দ্বিতীয়বার চিন্তা করতে হয়নি। বাবাকে অলরেডি জানিয়েছিও এই সিদ্ধান্তের কথা, বাবা আশ্বাস দিয়েছেন সব ব্যবস্থা করে দেবেন। এক্সপি আমাদের এই লুকিয়ে লুকিয়ে দেখা করার কথা যানতো, কিন্তু কখনো আমায় কিছু জিজ্ঞেস করেনি। সামান্য প্রতিবাদও করেনি। আসলে ও নিজেও জানে ওর আর বেশিদিন নেই। কোন এক অদ্ভূত কারনে এই শেষ সময়ে এসে ও আবার আগের সেই লক্ষ্মী বউয়ের মতো আচরণ করছে। আসলে মাঝে মাঝে খারাপই লাগে। তবে কি আমি ভুল কোন সিদ্ধান্ত নিলাম। না তা হতে পারে না। আপনারা হয়তো ভাবছেন, ভিসতার জন্য আমার প্রেম চিরস্থায়ী হবে। কিন্তু আসলেই কি তাই? সম্প্রতি নেটে আমার শশুরমশাইয়ের সর্ব কনিষ্ঠতম কণ্যা উইন্ডোজ সেভেনের বাল্যকালের স্ক্রিন শট আর ফিচার দেখলাম। ভবিষ্যতে উইন্ডোজ সেভেন রূপে, গুণে, সৌন্দর্য্যে ভিসতাকে ছাড়িয়ে যাবে সন্দেহ নেই কোন। আগামী ২০১০ এ উইন্ডোজ সেভেনের বেটা ভার্শন ছেড়ে বিয়ের বয়সে পদার্পণের কথা আছে। কে বলতে পারে উইন্ডোজ সেভেনের প্রেমে পাগল হয়ে আমি ভিসতাকে ছেড়ে দেবোনা?

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২১
কেমিকেল আলী বলেছেন: ইনকাম কেমন আপনার?
ভিসতা পোষা আরও কষ্টলী।

সি তে শুধু ভিসতা সাথে কিছু অতি প্রয়োজনীয় জিনিষ (সফটওয়্যার), তাতে ৭৫ জিবি'র ২৪ ফাঁকা আছে।

বুঝেন ঠেলা!
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৩

লেখক বলেছেন: ইন্সটলেতো ১২ গিগা যায়........আপনার এতো গেলো কিভাবে?

১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: সৌন্দর্য্যের কাছে অর্থ নিরর্থ.........;)

২. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২২
নিসংগ বলেছেন: এক কথায় অপূর্ব প্রেমালাপ
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: খিক খিক..........টেকো প্রেমালাপ! ;)

৩. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৩
অ্যামাটার বলেছেন: আমার প্রথম বিবি ছিল লিনাক্স বংশীয়...তারপরে বহুবার তালাক-পূণর্বিবাহ ঘটেছে...তবে এর পর থেকে প্রত্যেকবারই পাত্রী বেছে নিয়েছি সৈয়দ(জানালা সমুহ!) বংশীয়:D
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: লিনাক্স বংশের মেয়েদের স্বভাব ভালো না। পুরা ওপেনসোর্স। যখন তখন যার তার সাথে.......... ;)

১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: এই দিক দিয়া ম্যাক সবচেয়ে ভালো..........পুরা রাজ বংশের মেয়ে............ভাইরাসদের প্রেমে পড়ে না..........;)

৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৫
হিমালয়৭৭৭ বলেছেন: কম্পিউটার বিষয়ক সম্পর্কগুলোতে আমি "লিভ টুগেদার" নীতিতে বিশ্বাসী: এতে দাম্পত্য, পরকীয়া কোনকিছুকেই আর আলাদাভাবে ডিফাইন করা লাগবেনা। সিদ্ধান্তের ক্ষেত্রেও অনোন্যপায় বলে কিছু থাকবেনা।।।। তবে, নাফিস তুমি আমার এই নীতিরে কিন্তু ব্যক্তিসম্পর্কের সাথে মিলায়ে ফেইলোনা।।। মজা লাগল পড়ে।।।


একটা কথা বলতো- তুমি পড়ো ল'তে, কম্পিউটার বিষয়ে এত জ্ঞান কিভাবে সম্ভব হল।।।এটা নিছক কৌতুহল, অন্যকোন উদ্দেশ্য নেই।
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: আমি কিন্তু কম্পিউটারের ব্যাপারে জ্ঞানী আরকি যাকে বলে টেকো তা মোটেও না.........আল্লাহ মাফ করুন! শুধু এটুকুই বলতে পারি, আমি পিসি নিয়ে খুব বেশি সময় কাটাই। আর ল'তে পড়লেও আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড.........

১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: হুমমম.........:)

৬. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভিসতা ভুয়া! এক্সপি জিন্দাবাদ।:)
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: ভিসতার লুকটা জোশ.......কিন্তু পারফরম্যান্সে এক্সপির চুলও না........আর বেশ বাগপূর্ণ........উইন্ডোজ সেভেনে এগুলোর অনেক কিছুই ঠিক হয়ে যাবে।

৭. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৩
নিঃসঙ্গ বলেছেন: এক্সপির লগে আমার ও তেমন একটা বনিবনাত হইতেছে না যেই কোন সময় আমি উবুন্টুর জালে ফেসে যাইতে পারি ;)
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৪

লেখক বলেছেন: উবুন্টু হইলো আরেকটা চরিত্রহীনা অপারেটিং সিস্টেম। পুরা ওপেনসোর্স। যখন তখন যার তার সাথে.......... ;)

৮. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৪
টেকনো বলেছেন: করা লিখছেন।
ভাল লাগছে। মজা পাইছি।
আরও লিখেন। প্লাস :)
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৯. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
গুপী গায়েন বলেছেন: ভাল লিখেছ পাকা ছেলে। যাও প্লাস দিলাম।
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আপনাকে ধইন্যা! ;)

১০. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৭
আকাশনীল বলেছেন: আমার দুই বিবি, একটা এক্সপি আরেকটা ফিডোরা
দুজঙ্কেই আমি সমান ভালবাসি, সমান কেয়ার নেই একই সাথে
ফলাফল এখনো বেশ সুখেই আছি ;);)

লেখা স্রেফ মধু মধু :)
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: গুড গুড.........এইতো.........সবদিক সামলাইতে পারলে কোন সমস্যা নাই.........;)

১১. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: নাপিষের ক্যারেক্টার সুবিধার কিচু মনে হইতাচে না, ভাবিরেও ব্লগে আসতে কইয়ো
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: ভাবীতো (এক্সপি) এখন ব্লগেই আছেন ;)

১২. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
অ্যালন বলেছেন:
আমার তিন গিগা রেম, ৫০০গিগা হার্ড ড্রাইভ..তার্পরো বিচটা বাদ্দি এক্চপিরে আবার সোংসারে ফিরোতান্ছি..;)
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: পুরান চাল ভাতে বাড়ে.........;)

১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: সমস্যা হচ্ছে ভিসতা থেকে এক্সপিতে ফেরত আসতে হিল্ল্যা বিয়ে (ফরম্যাট) করতে হবে..........ঝামেলা! :(

১৩. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
ওয়ার হিরো বলেছেন: আরে বাপসরে!!!
ভাইরে আপনার হাত আছে স্বীকার করতেই হবে।
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৫

লেখক বলেছেন: জ্বী জনাব.........আমার হাত আছে। সংখ্যায় দু'টি...........;)

১৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৬
রাতমজুর বলেছেন: সবথিক্যা ভালো আমার ডস ৬.০ :)
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৮

লেখক বলেছেন: :)

১৫. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭
আছহাবুল ইয়ামিন বলেছেন: শুধু আব্বা কেন, শশুর আববা (গেটস সাহেব) শুনলেও কোন আপত্তি করবে না, বরং খুশি হবে। তবে কাবিননামা ছাড়া বিবাহ (পাইরেটেড কপি) হয়েছে শুনলে দিলে কিছুটা চোট লাগতে পারে। তবে উনার হাতেও অস্ত্র আছে, ভবিষ্যতে জামাই আদর (ফিচার আপডেট) পাবেন না।
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: আসলে আপনি বুঝেননি। আমাদের পালিয়ে বিয়ে.........;)

১৬. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৮
ওয়ার হিরো বলেছেন: আরে বাপসরে!!!
ভাইরে আপনার হাত আছে স্বীকার করতেই হবে।
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৫

লেখক বলেছেন: জ্বী জনাব.........আমার হাত আছে। সংখ্যায় দু'টি...........;)

১৭. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
একরামুল হক শামীম বলেছেন: আমি ভিস্তার সাথে পেরেম কর্তাছি ;)
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: ভালো ভালো! ;) কিন্তু খেয়াল কইরা। খুশি না রাখলে কইলাম বাপের বাড়ি যাইবার ভয় দেখাইবো...........;)

১৮. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
আউটকাস্ট বলেছেন: তাই বলে operating system এর সাথে প্রেম!
ভাই, আর কিছু(?)পাইলেন না...

-outy
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: আর কিছু পেতে হলে এই পোস্টে যান..........;)

Click This Link

১৯. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
বিডি আইডল বলেছেন: পোষ্টটা সেইরকম হইছে...++

আমি ভিস্তা ব্যবহার করেছি ফেব্রুয়ারী ২০০৭ থেকে। মাসখানেক আগে আবার এক্সপিতে গেলাম। সিস্টেম এর রিসোর্স যা আছে পুরাটাই নিয়ে ফেলে। আর বড় ধরনের সফট নিয়ে কাজ করলে তো কথাই নাই।

ভিস্তার জন্য রেম কমপক্ষে ৩ গিগা+ থাকা উচিত। সাথে সি ড্রাইভ ৮০ গিগার মত।
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: তাহলে আর কি! উইন্ডোজ সেভেনের আশায় থাকতে হবে। উইন্ডোজ সেভেনের প্রি-বেটা ভার্শনের রিভিউ দেখলাম cnet.com এ সেদিন। ওরা বললো উইন্ডোজ সেভেন ভিসতার তুলনায় অনেক অনেক কম রিসোর্স নেয়। মোট কথায় রিসোর্স হগার না।

২০. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০১
রূপক  বলেছেন: হুমম...........কিছু কথা জানতে মন চায় :)

১. তোমার পাত্রী দেখতে কাকে নিয়ে গিয়েছিলে? ;)
২. কনে পছন্দ করেছিল কে? ;)
৩. তারপর পাত্রীর প্রথম সাজসজ্জা ঠিক করে দিয়েছিল কে? ;)
৪. তোমার ঘরে তার প্রথম পদচ্ছাপ কার হাত ধরে? ;)
৫. তোমার বিয়েতে এত খরচের বাজেট পাশ করতে তোমার বাবার পার্লামেন্টে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছিল কে? ;)
৬. তোমার ফার্নিচারগুলো কে পছন্দ করেছিল? ;)
৭. তোমার ফ্লাটের বাকি ফার্নিচারগুলোর ড্রাইভারগুলো তোমার স্ত্রীকে বুঝিয়ে দিয়েছিল কে? ;)
৮. প্রথম কয়েকবার ওকে বাপের বাড়ি থেকে কে ফিরিয়ে এনেছিল? ;)
৯. শ্যালিকার সাথে তোমার প্রথম দেখা হয় কার বাসায়? ;)
১০. (এইটা একটু গোপন প্রশ্ন ;) ) কার বিয়েতে গিয়ে তুমি নিজে বিয়ে করার জন্য এত উতলা হয়ে গিয়েছিলে?

এগুলো মনে আছে তো? ;) নাকি এত বছরের দাম্পত্য জীবনে পুরো মেমোরী ফরম্যাট হয়ে গেছে..............? :)
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: কি যেন নাম ছিলো ছেলেটার। রূপক না টূপক.........মনে নাই.........;)

২১. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আমার প্রথম প্রেমিকা স্ল্যাকওয়ারেরে মনে পড়ে, যদিও ঘর করছি রক্ষণশীল ৯৮ এর লগে।:)
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: ৯৮ রক্ষণশীল নারে ভাই..........ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি..........ঐটাও একটা জিনিস ছিলো..........;)

২২. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৬
নাফিস ইফতেখার বলেছেন: আফসোস......কোন মেয়ে কমেন্ট করলো না এখনো.........টেকি ভুবনে মেয়েদের আনাগোণা এখনো কম! :(
২৩. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭
আমি বাঙ্গালি বলেছেন: এই প্রেম-পরকীয়া আমার সয় নারে ভাই।
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: কেন? এসব করে করে ক্লান্ত? ;)

২৪. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭
আছহাবুল ইয়ামিন বলেছেন: লিনাক্স ট্রাই করে দেখতে পারেন। গত এক বছরে আমি সম্ভবত ২/৩ বার উইন্ডোজে বুট করেছি। অফিস ছাড়া আর কিছু মিস করি না।

আর লিনাক্সের সতীনের সাথে ঘর করতেও (ডুয়েল বুটিং) আপত্তি নেই ;)
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: :)

২৫. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৯
নিরক্ষর বলেছেন: ওরেরে বিশ্ব ফ্রেমিক না.ই ;)
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: ওরেরেরে............;)

২৬. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২২
রূপক  বলেছেন: "নাফিস ইফতেখার বলেছেন: আফসোস......কোন মেয়ে কমেন্ট করলো না এখনো.........টেকি ভুবনে মেয়েদের আনাগোনা এখনো কম!" ;)

কেন? বউ আর শালীকে নিয়ে দিন কাটে না? বললাম তো, কিছুদিন পরেই উইন্ডোজ ৭ এর সাথে তোমার পরিচয় করিয়ে দেব.............আপাতত ভিস্তার সাথে কিছুদিন চলে দেখ............যদি মানিয়ে নিতে পারো তো ভালো.............;)

না পারলে বাকিটা পরে দেখা যাবে..................:)

আর তোমার ভাবি ইদানিং খানিকটা অসুস্থ হয়ে পড়েছে..................আসলে ওর উপর দিয়ে বেশ ধকল যাচ্ছে তো। আমার সাইটগুলোর টেস্ট এক্সিকিউশন তো ওর উপর দিয়েই যাচ্ছে।
নাহ্........বেশীদিন আর কষ্ট দেব না...................খুব হাইরাইজ একটা লেটেস্ট বিল্ডিংয়ে ৩ গিগা স্পেস কিনেছি...............ওয়েল ফার্নিচারড.........এছাড়াও পুরান জিনিসপত্রগুলো একটা এফটিপি টুল দিয়ে ওখানে পাঠিয়ে দেব ভাবছি।.............ওখানে নতুন যে বুয়া আছে, সেই সব কাজ করবে................................

আমি আর ও আবার আমাদের সেই প্রথমদিককার সময়ে ফিরে যাব ;)
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: বেস্ট অফ লাক উইথ ইয়্যুর লেটেস্ট প্রজেক্ট.......আশা করি অচিরেই কোন শুভ সংবাদ পাবো........;)

২৭. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
শিবলী বলেছেন: আমার যে প্রেম হয়েছিল কার সাথে? এখনও বুঝে উঠতে পারলাম না! :(
৯৮ আর এক্সপির মধ্যে টানাপোড়নের ত্রিভুজ প্রেমে এক্সপি এক ছোট ভাইয়ের আঘাতের শিকার হয়ে মস্তিস্ক বিকৃতি w32 তে পড়ে আমার সাথে আড়ি নেয় :(
এরপর সেটা আবার কাজী অফিসে (দোকান) নিয়ে ঠিক করে আনতে গিয়ে ৯৮ জীবন বিসর্জন দেয়। আর তাকে ঘরে তুলতে পারিনি।

আমার বেচারা এক্সপি সংগীনী জীবনে এক বছরের মধ্যেই নেমে আসে বিষাদ, সাথে আমার জীবনে বয়ে আনে সিডর :(

তার পরিনতি
২ বার হার্ট প্রতিস্থাপন (মাদারবোর্ড) আর একবার মস্তিস্কে অস্ত্রপচার (প্রসেসর চেন্জ)

সুখে রাখতে ও থাকতে কিচেন (র‌্যাম) বড় করেছি ১ বার।
আর ফ্লাট বদলে ইদানিং ২৫০ জিবি-র ফ্লাটে তুলেছি।

বেচারা আমার সাথী, অনেক দূর্বল। বেশি বেশি আদর সোহাগ করলেই হাপিয়ে ওঠে। তখন , জামা কাপড় খুলে ;) টেবিল ফ্যানের বাতাস খাওয়ালে বেচারী আবার সুস্থ হয়।

:( :(
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন:

বেচারা আমার সাথী, অনেক দূর্বল। বেশি বেশি আদর সোহাগ করলেই হাপিয়ে ওঠে। তখন , জামা কাপড় খুলে ;) টেবিল ফ্যানের বাতাস খাওয়ালে বেচারী আবার সুস্থ হয়।

:``>> ছি! ছি! এসব কি বলেন? ভাবীতো এখন ব্লগে........;)

১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: হি হি হি..........;)

২৯. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১
শিবলী বলেছেন: ভাবী কানতাছে, ভররড়ড়ড়ররররড়ড়ড়ড় আওয়াজ তুইল্লা
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ওরেরে.......তোরা কে আছিস........কেউ থামা........:(

৩০. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
আতিকুল হক বলেছেন: ভিসতার সাথে সংসার করা বড়ই কঠিন। আমার সংসার ভাঙ্গে ভাঙ্গে কইরা টিকা আছে এখনো। অনেক পুরান বন্ধুবান্ধবের (সফটওয়্যার) সাথে ছাড়াছাড়ি হইয়া গেল।

এই দিক দিয়া লিনাক্স খুবই উদার। বিয়া কইরাও যত খুশী উকি ঝুকি দেন মানা নাই। যেমনে রাখেন তেমনে থাকবো। কিন্তু খুব উদারমনা (টেকি) না হইলে রং ঢং সহ্য নাও হইতে পারে।
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: ভাই.........উইন্ডোজ ছাড়া অন্য কিছু আমার ধাতে সইবে না.........:(

৩১. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
রূপক  বলেছেন: কিছুদিনের মধ্যে একটা সুসংবাদ পেলেও পেতে পার :``>>
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: :)

৩২. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০২
রূপক  বলেছেন: এই বই টা নামিয়ে রাখ তো...............আমার নেট কানেকশনটা খুব ডিস্টার্ব করছে..............

Click This Link
১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৮

লেখক বলেছেন: ওকে........ট্রাই মারছি.........:)

৩৩. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
বিবর্তনবাদী বলেছেন: ভিসতা একদম বাজে ও বিরক্তিকর একটা অপারেটিং সিস্টেম। আমার আপডেটেড সফটওয়্যার ইউজ করার একটা বাতিক আছে। তাই দুইবার ট্রাই নিয়েও সেই এক্সপিই নিতে হইছে।
১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: আমি আসলে এমন একটা সময় ভিসতা ট্রাই করতে যাচ্ছি যখন অলরেডি ভিসতার প্রথম দিককার কম্প্যাটিবিলিটি ইস্যুগুলো সলভ হয়েছে, সার্ভিস প্যাক ১ আসার পর ভিসতা আরো অনেক ফাস্ট হয়েছে, বাগগুলোর অধিকাংশ ঠিক হয়েছে.........আর তাতেও সন্তষ্ট না হতে পারলে আমি উইন্ডোজ সেভেনকে নিয়ে বেশ আশাবাদী..........উইন্ডোজ সেভেনের প্রি-বেটা ভার্শনের রিভিউগুলোতে একে ভিসতার চেয়ে অনেক অনেক দ্রুততর উল্লেখ করা হয়েছে...........তবে এক্সপিই সেরা, সে ব্যাপারে কোন বিতর্ক নেই..........:)

৩৪. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০১
রায়হান(তন্ময়) বলেছেন: লেখা অনেক সুন্দর..............ভিস্তা মোটেও ভাল না।
১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৫. ১৯ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯
কঁাকন বলেছেন: আপনি পারেনো বটে
১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: খিক খিক.........;)

৩৬. ১৯ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:১০
সৌপ্তিক বলেছেন: কি সব আলুছনা হচ্ছে? আমি তো কিচুই বুঝি না। খালি লেপ্যার বুতাম চাপ মারি আর কাম শেষে বন্ধ করি। এতেই আমার ছলে যায়
১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: আমারো ছলে যেতো যদি না ভিসতার রূপ সৌন্দর্য্য আমাকে পাগল করিতো...........:(

৩৭. ১৯ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:১৩
মিছে মন্ডল বলেছেন: আপনার চরিত্রের যে অবস্থা দেখতাছি, তাতে খুব বেশী দিন নাই আপনাকে চর্ম-যৌন বিশেষজ্ঞের চেম্বারে ঘুরাঘুরি করতে দেখা যাবে। আপনি মিয়া এরশাদ চাচাকেও হার মানাইবেন মনে হইতাছে। কারন আপনার শশুর আব্বার প্রডাকশনের হার খুবই ভালো ...
১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: চর্ম-যৌন বিশেষজ্ঞ......ভালোই বলেছেন..........মানে কম্পিউটারের বারোটা বাজাইয়া টেকনিশিয়ানের কাছে লইবার ব্যবস্থা করা আরকি..........;)

৩৮. ১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৫
সুরভিছায়া বলেছেন: নাফিস ছেলেটাকে কত্ত ভাল মনে করেছিলাম , এখন দেখছি ভুল ....! আহা এখন কি হবে ?
১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: আহা আসলেই তো! এখন কি হবে ? ;)

৩৯. ১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:০৯
মুকুট বলেছেন: আমি এখনও আমার ১ম স্ত্রী এক্সপিকে নিয়েই আছি, শুধু তাই না, জাপানেও ওকে ছাড়িনি ;) রোমান্টিকতায় ভরপুর আমাদের ছোট্ট সংসার! এখানে এসে ওর দ্রুত চলাচলের জন্য র‌্যাম ২জিবি সাথে প্রসেসর করেছি ২.৬গি.হা. । হৃদয়কে বাড়িয়েছি ২৫০জিবি হার্ড ডিক্স করে ;)
১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: হা হা.........এইতো.........স্ত্রী-ভক্ত জামাই..........;)

৪০. ১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: মাথায় এত বুদ্ধি.........।:)
যারপরনাই বিস্মিত!............
অনেক ভালো হয়েছে লেখা......
হিউমারে ভরপুর.........মানুষকে হাসানো অনেক কঠিন।
কিন্তু এই লেখায় তা সম্ভব হয়েছে বলে মনে করি।

মন্তব্যগুলো ও অনেক মজার।

শুভকামনা।
১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ! প্রশংসার ডালে চড়ে বসলাম, কিন্তু এখনতো নামতে ভয় লাগছে! শুভকামনা আপনাকেও...........:)

৪১. ১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৮
প্রচেত্য বলেছেন:
পরকিয়া নিয়ে আমার ব্লগে শেষ চিন্তা করেছি, সে ভেবেই এখানে এসে তো ...................... পুরা টাস্কি ...........
এভাবে তো কোনদিনই তো ভাবিনা,
আপনারা পারেনও বটে ...
১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: হা হা হা.......টাশকিত করতে পেরে গর্বিত.........;)

১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন:

৪৩. ১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫০
সন্ঞ্জু বলেছেন: বউরে ........ করতে না পারলে ত... পরকীয়ায় যাবেই । এইডা আবার নতুন
কিছু না । কবীরাজ দেখান সমস্যা ঠিক হয়ে যাবে....
১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: এইতো প্রয়োজনের তাগিদটা অনুভব করতে পেরেছেন..........;)

৪৪. ১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩
জেরী বলেছেন: আপনার "সেন্স অফ হিউমার" প্রশংসনীয়:):)

(পোস্ট দিয়েছেন রাত ১১:১৬ টায়। তখন আমার দেখা মতে কম মেয়ে ব্লগে বসে বিধায় এই পোস্টে মেয়েদের কমেন্ট দেরীতে আসাটাই স্বাভাবিক)
১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ! আপনার কথাটা অবশ্য ঠিক জেরী আপু.........:)

৪৫. ১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১০
আকাশনীল বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: আফসোস......কোন মেয়ে কমেন্ট করলো না এখনো.........টেকি ভুবনে মেয়েদের আনাগোণা এখনো কম! :(

আপনার সাথে সহমত
প্রোগ্রামিং করা মেয়ে যে কই পাই !! :(
১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: কেন? লাগবে নাকি? ;)

৪৬. ১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২২
অক্ষর বলেছেন: চরিত্র নিয়া যঠেষ্ট সন্দিহান
১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: হ! সেটাই স্বাভাবিক........;)

৪৭. ১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫১
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমার একটাই বউ এট এ টাইম ...
বেশীর ভাগ সময় ই এক্সপি তে কাটাই ...
মাঝে কিছুদিন লিনাক্স ইউজ করসিলাম ...
আপনেরে কই, খুব ই বাজে লাগসে আমার কাছে ...
মাইনষেরে কইতে পারি না লজ্জায় ...
১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: ওয়ান উইমেন ম্যান.......গুড গুড........লিনাক্স তো চরিত্রহীনা, পুরা ওপেনসোর্স........যখন তখন যার তার সাথে.........অনুমতিও লাগে না..........খালি কাজ শেষে যার বউ তাকে একটু ধন্যবাদ দিলেই হয়.........;)

৪৮. ১৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
মাঈনুদ্দীন বলেছেন: দারুন হয়েছে। আপনাকে ধন্যবাদ।
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

৪৯. ২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা






:)
২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: হিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহি

:) :) :)

২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: ওটাতো মাইক্রোসফট বংশের বড় মেয়েদের একজন........আমার জ্যাঠাইশ........;)

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: কি পারি..........? ;)

৫২. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০
মদন বলেছেন: ওরে জটিলসসসসসসসসসসসসস হইছে রে... :)
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: খিক খিক.........;)

২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:০৩

লেখক বলেছেন: হু হু হু.........;) :) :)

৫৪. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:০০
চিলে কোঠার সেপাই বলেছেন: সবকিছু ভাল লাগছে।

কিন্তু তুমি কি মিস উইন্ডোজ এক্সপির মোহরানা প্রদান করে বিয়েটা করছিলা???

এটা কিন্ত বিলের মেয়েকে বিয়ে করার ফরজে আঈন(পূর্বশর্ত)।

অবশ্য আমাদের দেশে মোহরানা না দিয়াই সবাই XP,Vista র
সাথে অহরহ ঘর বাধছে।এটা বিল এর দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ।
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ক্র্যাক দিয়ে বাসর রাতেই মোহরানা মাফ আদায় করে নিয়েছি। এমনই সে ক্র্যাক যে এক্সপি এখনও সব জেনুইন ভ্যালিডিটি টেস্টে উতরে যায়, অটো-আপডেটও হয় ঠিক মতোই.........;)

৫৫. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪২
চিলে কোঠার সেপাই বলেছেন: "ক্র্যাক দিয়ে বাসর রাতেই মোহরানা মাফ আদায় করে নিয়েছি......."

ঐ নিকাহ "ফুল্লি হারাম" ।(ফতোয়ায়ে মাঈক্রোশফট)।
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ইতা কিতা কন? :(

৫৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১৭
নিপপন বলেছেন: মোহরানা দিয়ে বেসিক ভিসতাকে বিয়ে করসি।পুরাই ছাগলামি করসি(তখন বুঝি নি)।তবে আল্টিমেট এর মত উগ্র না বউ আমার।দেখতে একটু কম সুন্দর(এ্যরো হীনা) কিন্তু কাজের আছে।খরচ কম করে।
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:২১

লেখক বলেছেন: ধুরো মিয়া ভিসতাকে পাইলেন আর তাও এ্যারো ছাড়া! :(

৫৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
ঘাসফড়িং বলেছেন: :) :) :) খুবই মজা পেলাম পড়ে..সত্যিই.... ধন্যবাদ আপনাকে নাফিস।। আমি এক্সপি তে ভিসতা লুক পাবার জন্য ভিসতা থিম ইউস করছি...কিন্তু তাতে পিসি এত স্লো হয়ে গিয়েছে যে কি বলবো।। :(
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: আহারে! :(

৫৮. ০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০১
ভবঘুরে ছেলেটি বলেছেন: যখন উইন্ডোজ এক্সপি নতুন এসেছিল খুব ঝামেলা করত। ভিসটাও পরে ঠিক হয়ে যাবে। এতদিনে হয়ত হয়েও গেছে! কিন্তু আমার এই গরিবখানায় সে পদধূলিও দিতে চায় না।:(
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: মানে বুঝলাম না..........:(

৫৯. ০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪
বুলবুল আহমেদ পান্না বলেছেন: জুটিল পিরেম কাহিনী মাম্মা.........

তয় আমি এক্সপিরেই বেশি ভালা পাই ;)
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: সেইম উইথ মি! ;)

০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: তয় নব্য শালির রূপ-লাবণ্যে আমি ফ্ল্যাট! ;)

৬০. ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
ভবঘুরে ছেলেটি বলেছেন: আরে বাপের হোটেলে খাই, মানে বাপের কম্পিউটারে HDD change করে চালাই, আমার তো ১৭ গিগার চিপা ফ্ল্যাট। ও কি আসবে?
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২৭

লেখক বলেছেন: আসবে নারে, আসবে না। বউ বড়ই দেমাগী! :(

১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: :) :) :)

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: :)

৬৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৮
মুকুল বলেছেন: দারুণ হৈছে! :)
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৬৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৩
অিপ্রয় সত্য বলেছেন: আমার এক্সপি ই ভাল ।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: মনের কথাটা বলেছেন........:)

৬৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯
নির্বাসন বলেছেন: কিসের প্রেম কিসের বিয়া...আসল মজা পরকীয়া...মজা পেলুম।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: পরকীয়াও করছি ইদানিং, ভার্চুয়ালি উবুন্টু চালাচ্ছি.........;)

৬৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৩
কুয়াশায় ডাকা বলেছেন: লিখার মাঝেও যে শিল্প আছে, সেটা আজ বুঝলাম...

এক কথায় অপুরব...
৬৭. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৬
নির্ভয় নির্ঝর বলেছেন: অসম্ভব রকমের ভালো হয়েছে। অসম্ভব................ রকমের। ভালো থাকবেন।
৬৮. ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০০
উদ্ভ্রান্ত পথিক বলেছেন: নাহ আমার একসময়ে ২-৩টা বউ লাগে এখন যেমন ডেস্কটপে এক্সপি আর উবুন্টু ৮.১০ আর ল্যাপটপে ৭ এবং উবুন্টু ৯.০৪
লেখা +++++++++++++++
৬৯. ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৭
জেবুন বলেছেন: হা হা হা খুব ভালো লাগলো ।+++
৭০. ০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮
অসমাপ্ত কবিতা বলেছেন: বিল গেটসের নচ্ছার মেয়ে windows me কে মনে পড়ে? সে আমার লাইফ হেল বানায় দিসিল, পরে দু দন্ড শান্তি দেয় অসহায় মেয়ে windows 2000 :P
৭১. ১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আহারে এমন প্রেম কাহিনী... ক্যান যে এতদিন দেখি নাই।
রোমিও জুলিয়েটদের হার মানানো কাহিনী !!!
৭৩. ২০ শে মে, ২০১০ রাত ১১:০৮
আমি স্যাম বলেছেন:
কিতা আর কইতাম।।। আমার সংসারের শুরু আপনার এক্সপি ভাবিরে নিয়াই।।। হের সাথে আবার আমার হগল বন্ধুবান্ধবের ( সফটওয়্যার) লগে ভালোই খাতির।।। হেরে গয়নাগাটি ( এন্টিভাইরাস আপডেট) না দিলে মাঝেমইদ্যে লুইচ্চাগো (ভাইরাস) লগে ইটিশপিটিশ করে, তয় গয়নাগাটি দিলেই আবার ভালা।।।

তয় মাঝখানে এক্সপিরে তালাক দিয়া সবচে ছোটো শালির (উইন ৭) লগে গেছলাম।।। মাগার বয়স কম তো হ্যার লেইগা আমার অনেক দোস্তোগো সইহ্য করবার পারে নাই :(( :(( :(( ।।। কি আর করুম শ্যাষম্যাষ আবার এক্সপিরেই হিল্লা বিয়া (রি-ইন্সটল) করছি।।।

প্যাচগোচে ফালাইয়া দেনমোহরানা মাফ করাইছিতো তাই শ্বশুরআব্বার কাছ তন খাতির ভালাই পাই ;) ;) ;)
৭৪. ২০ শে মে, ২০১০ রাত ১১:১৭
রাত্রি২০১০ বলেছেন: হাসতে হাসতে পেটে খিল!
তবে পুরান চাল ভাতে বাড়ে..আপনার বউ লক্ষী ঘরের, শ্যালিকা ঘর জ্বালাবে..:)
৭৫. ০৯ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:২৩
আইডিয়াল বলেছেন: বাপরে কইছিলাম বিয়া করুম, বাপে কয়ছিলো মোটা মাইয়া(ডেক্সটপ) নিতে X(( আমি কইছিলাম চিকন(ল্যাপ) :P ছাড়া বিয়া করুমনা, দরকার হইলে পরে করুম। ২০১০ এর জুনে চিকন মাইয়া "এসার" বিয়া করছি। মাইয়ার খুমা হইলো 'জানালা ৭'। B-)
৭৬. ১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৫০
কালো চিতা বলেছেন: আমার বাবা কিন্তু আমি বিয়া করার কথা বলার আগেই আমাকে একটা চিকন লেপি মায়ার সাথে বিবাহ করই দেই ২০০৫ সালে ওই সমই মোটা মায়া বিয়া করা টাপ ব্যাপার ছিলো কিন্তু আমার বাপে ডাইরেক্ট চিকন মায়ার সাথে বিবাহ করাই দেই বলে নাউ কার জেনো না দেখি অন্যের বউয়ের দিকে ফেল ফেল করে চাইয়া না থাকতে :P

 

মোট সময় লেগেছে ১.০৬৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই