যেইজন চলে যায়
সময় সিন্ধুর বুকে তার অন্তর্ধান
নিতান্ত রুটিন মাত্র যে যাবে সে যাবে
জন্ম মানে মৃত্যুদণ্ড
আজ কাল কিংবা পরে কার্যকর হবে
বন্ধুর মৃত্যুর জন্য শোক কেন তবে!
পাখি এসে বাসা বাঁধে
নির্দিষ্ট সময় শেষে উড়ে চলে যায়
পাখার স্পন্দন বেগ শিহরে হাওয়ায়
পরিত্যক্ত খড়কুটো ঝরে পড়া বিষন্ন পালক
পড়ে থাকে দুঃখ জাগানিয়া স্মৃতি শোকের দ্রাবক।
ঘুরে ঘুরে হাওয়া কেন একই গান গায়।
নামের ছায়ার তলে সে পথিক নাই
মিশে গেছে সময় সিন্ধুর বুকে একবিন্দু জল
এ পারে জাগিয়ে কারা চোখে মুখে স্মৃতির কাজল।
বল বন্ধু, বল শত্রু, বল তারে ভাই
নির্ভার অস্তিত্ব তার, পথিক গন্তব্যে গেছে
কোন চিহ্ন নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



