সেই বাসভূমি ছিল চাঁদের পাহাড়ে
গানের মেহফিল
বেলোয়ারী ঝাড়;
আসর না ফুরোতেই থেমে যায় গান
ধুলোয় লুটিয়ে পড়ে তানপুরা।
দীর্ঘ প্রবাসের পরে আজ আবার যাই;
যে মাটিতে ছিল গাঁথা আদিম শিকড়
সে বাড়ির কোথাও আজ আমার নাম লিখা নেই
নতুন শিকড় তার ডালপালা মেলে আছে
মহামূল্য বৃক্ষ সমাবেশ চারপাশে।
ফিরে আসি---
এভাবেই ফিরে ফিরে আসা
এভাবেই অনিকেত-- পথে পথে ঘোরা
কোথাও কখনো বুঝি থাকেনা ঠিকানা!
আমার মাঝেও আছে মানবিক দখলের নেশা
সম্পূর্ণ আকাশ চাই মুঠোর ভেতরে।
কোথাও কিছু আর নিজের থাকেনা
শিকড় উপড়ে যায়
মাঝপথে থেমে যায় গান
সায়াহ্নে আর জ্বলেনা ঝাড়বাতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

