এক হাতে বাড়ানো ছিল একটি গোলাপ
অন্য হাতে ধরা ছিল দৃঢ়-মুষ্টি বারুদ-শপথ;
সেই রক্তাক্ত-ধ্বংস-স্তুপে দাঁড়িয়ে যুদ্ধগামী যুবকটি
কান্নাভেজা আনত মুখটিকে বলেছিলো--
'এমন হাজার গোলাপ--সব আমাদের হবে
তুমি প্রতীক্ষায় থেকো'
ট্রেনিং-ক্যাম্প আর শরণার্থী-শিবিরের দীর্ঘছায়া পেছনে ফেলে
স্বজনেরা সব একে একে ফিরে আসে;
নতুন সূর্য-স্নাত পতাকায় হাত রেখে উল্লাসে গেয়ে ওঠে
---' শোন একটি মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি......
...............বাংলাদেশ আমার বাংলাদেশ'।
মেয়েটিও প্রতীজ্ঞা ভাঙ্গেনি
অপেক্ষায় ছিল--------
ট্রেঞ্চের ভেতরে তার খুবলানো--আঁচড়-কামড়ে বিক্ষত
শবদেহটির এক মুঠোতে ছিল শুকনো একটি ফুল
অন্য হাত বাড়ানো ছিল--হাজার গোলাপ-প্রত্যাশায়।
১৬/১২/০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

