বাজতে বাজতে থেমে গেল সুর
বাজনার তার ছিঁড়ে গেছে----বিমুঢ় বাদক।
যেতে যেতে দূর-দিগন্তে মিলায় সূর্যের ছায়া
পৃথিবী ঝিমায় প্রগাঢ়-বাদামী চাদরের নীচে;
আচমকা দস্যুর মতো কালো-রাত নেমে আসে
নেমে আসে
কালো আকাশের ধুসর পিশাচেরা---
রাতের পাঁজর ভেঙ্গে রক্তধারা শুষে নেয়
বীভৎস-উল্লাসের জান্তব-গর্জনে ভীত যামিনীও
কেঁদে ওঠে--
অন্ধকারের হাহাকার বাজে কান্নার সুরে।
চকিত-বিস্ময়ে -----একে একে রুদ্ধ হয়ে যায়
ভালবাসার অর্গলগুলো।
বিপন্ন-সুরের রেনু রেনু পরাগ বুকে নিয়ে
আকাশের এককোণে---
সারারাত জেগে থাকে অভিমানী সাথীতারা
কে মান ভাঙ্গাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

