বাস কণ্ডাক্টরকে জিজ্ঞাসা করলাম- এখান থেকে ওখানে দূরত্ব ১ কিলোমিটারের কম হবে, ভাড়া ৩ টাকা চাচ্ছ কেন? তার সোজাসাপ্টা উত্তর- ৩ টাকার কমে ভাড়া নাই, দেখেন না এইটা সিটিং সার্ভিস। ৩ টাকা দেন। অত:পর এই অযৌক্তিক অন্যায় ভাড়া দিয়েই নেমে যেতে হলো যন্ত্রনা নিয়ে। কার কাছে অভিযোগ জানাবো? কাকে বলবো?
আবার রাতের অন্ধকারে একজন পথিককে অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নেয়া হলো। তার সামর্থ্য বা বিশ্বাস ছিল না যে সে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করবে। একবুক যন্ত্রনা নিয়ে তার সময় কাটলো । কার কাছে বলবে?
আমাদের চারিদিকে এমনি নানা যন্ত্রনা নিয়ে হাজারো মানুষ ঘুরে বেড়াচ্ছে । তাদের বলার বা দেখার কেউ নেই। তাহলে আমরা কি করবো? ঢাকা শহরের নানারকম বিজ্ঞাপনে ঢাকা অজস্র বিলবোর্ডের দিকে তাকিয়ে মনে হল, কয়েকটি বিলবোর্ড থাকলে কেমন হয়, যাতে মানুষ তার যন্ত্রনা শোষন বঞ্চনার কথা লিখে রাখবে। তার কষ্টগুলোকে সে সেই বিলবোর্ডগুলোর বুকে ছেড়ে দেবে। ভালোইতো হয় তাহলে। আর সেই বিলবোর্ডগুলোর নাম হতে পারে : ব্লগবোর্ড । ব্লগবোর্ড হবে মানুষের নিজের বোর্ড। সেই বোর্ডের দিকে তাকিয়ে হাজারো মানুষ দেখবে আমার সমস্যা কি? কোথায় আমি অন্যায় অবিচার বা বঞ্চনার স্বীকার হলাম। সেখানে কেউ শোষকের বিরুদ্ধে লিখতে ভয় পাবে না। যদি কোন জনপ্রতিনিত্বমূলক সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা হয় দেশে , তবে সেই সরকারের কর্তাব্যক্তিদের নজরে পড়বে লেখাগুলো । অত:পর প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে।
ব্লগবোর্ড তখন হবে সাধারন মানুষের কল্যানের মাধ্যম। ঢাকা শহর তথা দেশের গুরুত্বপূর্ন পয়েন্টে ব্লগবোর্ড শোভা পাবে। তবে তার জন্য কতগুলো নীতিমালা থাকতে পারে। যেমন :
: হতে পারে লোকজন ছোট ছোট কাগজে লিখে রেখে যাবে যেটা দায়িত্বপ্রাপ্তরা বড় করে বোর্ডে লিখে দেবেন।
: : ব্লগবোর্ডে যে কোন লেখা ২৪ ঘন্টা/৪৮ ঘন্টা থাকবে। তারপরে মুছে দেয়া হবে অন্যদের লেখার সুবিধার্থে।
.....ইত্যাদী ইত্যাদী।
বন্ধুরা, কি ভাবছেন? পাগলামী চিন্তা? তাহলে আজ থেকে অনেক বছর আগে কেউ যদি বলতো , একদিন কম্পিউটারে আমরা যে যার খুশী মনের ভাব ইচ্ছামত লিখে রাখবো, কাছের দূরের সবাই তা দেখতে পাবে- সেটাও তো পাগলামীই ধরা হত। কিন্তু এটা তো বাস্তবতা। আসলে মানুষের যে কোন চিন্তাই বাস্তব হতে পারে। হয়তো আজকে আমাদের এই ব্লগবোর্ডের ভাবনাও বাস্তব হতে পারে। আর এটা হওয়ারও প্রয়োজন আছে। কারন মানুষ যত বেশী তার যন্ত্রনা প্রকাশ করে ফেলতে পারবে, তত সে ভালো থাকবে প্রতিকার না পেলেও।
তাহলে আমাদের ব্লগবোর্ডের জন্য চিন্তাভাবনা শুরু হয়ে যাক। চিন্তা মানে : কি, কেন, কিভাবে?
ভাবুন তো একজন ডাক্তারের কাছে ভুল চিকিৎসার সম্মুখীন হয়ে আপনি গুলিস্তানের ব্লগবোর্ডে আপনার দু:খের কথা লিখে রাখলেন। পরেরদিনই ঐ ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হলো এবং আপনার সুচিকিৎসার ব্যবস্থা করা হলো। কেমন লাগবে?
ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



