শাফিক আফতাব-------
আমি তো রক্তের বাঁধন ছিঁড়তে তোমাকে ভালোবাসি নাই,
বেসেছি হৃদয়ের উত্তেজনায়, প্রদাহে, আর সময়ের প্রয়োজনে ;
আমি তো তোমার সরকারি স্থায়ী চাকরির মতো কিছু নই,
আমি তোমাকে আপন করতে এসেছি কিছু কবিতায় আর গানে।
রক্তের বাঁধন ছিঁড়ে না কখনো, ছিঁড়লে ছিঁড়ে হৃদয়ের তার ;
ভালোবাসা সে তো আপেক্ষিক একটা বিষয়, সময়ে বদলায় ;
হৃদয়ের খেলা শেষে বলো কে কাছে থাকে, কে আর কাহার,
চাবিতে কোনো কাজ হয় কি? হয়েছে মরিচা ধরা তালায়।
তুমি একান্তই আমার সময়ের দাবি, রক্তের উচ্ছ্বাস ; ফেনা,
অথচ রক্তের বাঁধনের চেয়ে যেন ক্ষণকালের বালির বাঁধ ;
এতো কিছু চুক্তি, কিছু শর্ত, যেন কিছু জায়গা জমি কেনা ;
রক্ত অন্তগুঢ়, কালনিরবধি চলমান, অথচ ভালোবাসা প্রমাদ।
রক্তের বাঁধন ছিঁড়তে তোমাকে ভালোবাসি নাই ;হে প্রিয়তমা ;
সময়ে চলে গেলে ভালোবাসা আহা !শুধুই কঙ্কালের প্রতিমা।
নিসর্গ : ঢাকা
২২.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



