আমি মন ভেজাবো ঢেউএর মেলায় তোমার হাতটি ধরে।
কতবার গুনগুন করেছি, কতবার শুনেছি গানটি। গানটির কথার পাখায় ভেসে আমি বারবার চলে গিয়েছি এমন একটি অপার্থীব সন্ধ্যায়, যে সন্ধ্যায় এই জীবনের সকল অবান্ছি্ত দুঃখ ও অপ্রাপ্তিগুলো বিলীন হয়ে যায়, মিলেমিশে একাকার হয়ে যায় ঐ সাগরের উত্তল নীলজলরাশীতে। ভালোলাগাগুলো লালনীল রঙীন প্রজাপতি হয়ে উড়ে বেড়ায় চারিপাশে। শেষবিকেলের সোনাঝরা আলোকছটা রঙধনু বুনে দেয় ঐ দূর আকাশের গায়ে।
পায়ের তলায় নরম ভেজা বালিতে ফুটে রয় ঝিনুকের ফুল।
তোমার হাতটি ধরে আমি হেটে যাই।উতল হাওয়ায় চুল ওড়ে। আঁচল হয়ে ওঠে জীবন্ত পরীর ডানা। আমি উড়ে চলি। সত্যিকারের পরী হয়ে যাই। দূরের গাঙচিলেদের সঙ্গী হই।ভালোলাগা ও ভালোবাসায় আবেশে মন হারাই।
আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি
পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি।
ক্লান্ত চরণদুটি মেলে বসি বালুকাবেলায়। তুমি কথা বলে যাও। অনর্গল........তোমার কথাগুলো কবিতা হয়ে ওঠে। কোন সুদূর হতে ভেসে আসা কবিতাবাণী হয়ে কানে বাজে আমার।
মনে পড়ে, অনেক আগে লিখেছিলাম ডায়েরীতে,
(ঠিক কোন বয়স টা থেকে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম জানিনা। লাল নীল বেগুনি কত রকম স্বপ্নই না দেখেছিলাম, কালের স্রোতে স্মৃতি বিস্মৃতির আড়ালে সেসব কত স্বপ্নই না হারিয়ে গেলো।কিন্তু ঠিক এই স্বপ্নটাই থেকে গেলো।
আচ্ছা স্বপ্নটা কি তুমি দেখিয়েছিলে নাকি আমিই দেখেছিলাম? সঠিক মনে নেই। শুধু মনে আছে, কোনো না কোনো ভাবে স্বপ্নটা আমাদের দুজনের বুকের মধ্যেই প্রোথিত হয়ে গিয়েছিলো।
তুমি আর আমি হেটে চলেছি।তখন গোধুলি লগ্ন।একপাশে সাগর আরেক পাশে বালুকাবেলা। সূর্যাস্ত দেখবো তাই আমরা বসলাম সাগরতটে।আর বালুকা বেলায় লিখলাম, আমাদের দুজনের নাম। আকাশে তখন উড়ছিলো কয়েকটি সীগাল।
এমন স্বপ্ন কোনোদিন সত্যি হবেনা সে আমরা দুজনেই জানতাম, আজো জানি, তবুও দেখেছিলাম , আজো দেখি ।
কারন স্বপ্নটা আমাদের দুজনেরই খুব প্রিয় একটা স্বপ্ন। )
কিন্তু খুব আশ্চর্য্য ও অপ্রত্যাশিতভাবেই স্বপ্নটা হঠাৎ সত্যি হয়ে গেলো।আমাদের সেই প্রিয় স্বপ্নটা। বালুকাবেলার সঙ্গীতময় স্বপ্নটা সত্যিই সত্যি হলো।
শুধু, তুমি ছিলেনা। তোমার স্থানে, সেখানে ছিলো অন্যকেউ। এক অচেনা অদেখা কোনো মায়াপূরের রাজকুমার। সঙ্গী করে নিয়ে গেলো সেই স্বপ্নরাজ্যে। স্বপ্ন গোধুলীর সেই সাগরবেলা মূর্ত হয়ে উঠলো।
সেই সাগরবেলা, যেথায় তোমার সাথেই আমার যাবার কথা ছিলো।
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


