আহত পাখী
একদা উশৃংখল ঝড়ের আঘাতে ডানা ভেঙ্গেছিল নীড়ে ফেরা
কোন এক পাখী। আহত পাখীটি ঠাঁই নিয়েছিল মানুষের গড়া
এক ইটের দেয়ালে। অতি উৎসাহী কিছু বালক গুলতি ছুঁড়ছিল
সেই পাখীটির দিকে। হায় বোকা পাখী! উড়তে জানেনা ভেবে
উল্লাসে ফেটে পড়ছিল সেই বালকের দল। অসহায় পাখীটির
চোখে ছিল বাঁচার তীব্র আকুতি। সেই চোখের ভাষা বোঝেনি
সেই অবুঝ বালকের দল। আঘাত সয়েও বসেছিল মুখ বুঁজে।
পাখীটি উড়ে যেতে পারেনি কোথাও। ডানা মেলার এতোটুকু
শক্তি ছিলনা তার। যন্ত্রণা! শুধুই যন্ত্রণা! হায়! অসহায় পাখী!
সবুজ অরণ্যে যার চিরটাকাল শান্তির বসবাস- সভ্য মানুষের
গড়া ইটের দেয়ালে তার নেই এতোটুক বিশ্রামের অধিকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

