বাবা ও মেয়ে
বলনা বাবা, আজ কি তোমার অফিস ছুটি!
তোমার দেয়া লাল ফ্রকটা পড়বো নাকি?
দেবে কি বেঁধে আমার চুলে ছোট্ট ঝুটি?
যেমন করে বলো তুমি-
পনি টেইলে আমায় নাকি মানায় ভারি!
বলনা বাবা, আজ কী তোমার অফিস ছুটি!
ভোর না হতেই ছুটলো যে মা অফিস পাড়ায়,
তুমিও যাও সাত সকালে, আজকে শুধু একটু দেরী।
আজকে আমার ইস্কুল ছুটি, বুয়ার হাতে শুকনো রুটি;
খাবোনা আজ যতই বকো। তুমি আমায় খাইয়ে দেবে?
বলনা বাবা, আজ কি তুমি থাকবে বাড়ি?
চালাবো নাহয় দুজন মিলে খেলনা গাড়ি!
সারাটাদিন কাটাবো আজ যেমন খুশী,
সপ্তাহজুড়ে পাইনা তোমায় কাছে বেশী;
মায়ের সাথে একা একা শুধুই বকি,
বলনা বাবা, আমি কী আর আগের মতো ছোট্ট খুকী?
সেই যে তুমি বাসায় ফেরো রাতের বেলা,
আমি তখন মায়ের পাশে ঘুমিয়ে একা।
এতো কিসের কাজগো বাবা?
আমার জন্যে একটু না হয় দিলেই ফাঁকি!
চাকরি যাবে? যাকনা চলে!
জুটিয়ে নেবে নতুন কিছু মনের মতো,
ফিরবে বাসায় তাড়াতাড়ি আগের মতো।
মুখে তুলে খাইয়ে দেবে,
মাথার চুল আঁচড়ে দেবে,
পায়ে জুতো পরিয়ে দেবে,
বিকেলবেলা বেড়াতে নেবে,
আদরে মন ভরিয়ে দেবে;
মায়ের মুখেও দেখবে তখন অনেক হাসি।
সত্যিই বাবা, তোমায় আমি বড্ড বেশী ভালবাসি।
মিস করি তাই তোমায় আমি বেশী বেশী!
বলনা বাবা, আজ কী তোমার অফিস ছুটি!
তোমার হাতেই খাবো নাহয় শুকনো রুটি।
রাখবে ধরে আদর করে হাতের মুঠি,
রোজই আসুক ফিরে ফিরে এমন ছুটি।
(বাবা দিবস উপলক্ষে কালপুরুষের লেখা “এক মেয়ের আকুতি”র রিপোস্ট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



