আগের মত হাতে সময় নাই , থাকলে ও ম্যুড থাকেনা , তাই মেসেন্জারে বসাও হয়না, আড্ডা বা গল্পও করা হয়না পোলাপানের সাথে । কিন্তু কি মনে করে হঠাৎ করে সেদিন ইনভিজিবল হয়ে লগ ইন করে চুপচাপ কিছু অফলাইন পড়ার পরে মনে হলো অনলাইন হয়েই দেখি , কেউ নক করে কিনা .... ভিজিবল হতেই এক পিচ্চি নক করলো
;;; ভাইয়া কেমন আছেন ?
আমি মনে মনে বলি, এই পোলা জীবনে কখনো হোয়াটস আপ ছাড়া কথা বলে না আজকে ওর কি হলো ? তবুও যে বাংলায় কেমন আছি জিজ্ঞেস করে তাই রিপ্লাই দিলাম
>> এইতো , ভাল আছি, তুমি কেমন আছ ?
;;; আমি অনেক গুড আছি
>> আগে না তুমি বলতে কূঊঊল আছি ? ... এখন হঠাৎ পরিবর্তন কিভাবে ?
;;; বাংলা বলার চেষ্টা করছি ভাইয়া
>> সে তো খুব ভাল কথা , কিন্তু কি মনে করে ?
;;; ড্যাড সেদিন বললো , এই মাসে আমাদের বেঙ্গলী ল্যাংগ্যুয়েজের জন্য অনেক মানুষ ব্লাড দিয়েছে তাই এই মাসে আমরা বাংলা কথা বলা হয়
>> মানে কি ? এই মাস ছাড়া বাংলায় কথা বলা হয়না নাকি ?
;;; হয় কিন্তু এ মাসে ড্যাড বলেছে বাংলা ব্যাবহার করতে
>> আচ্ছা বুঝছি , একটা কথা বলোতো সবই তো বাংলায় বলার চেষ্টা করছো কিন্তু এই মাসে কি ড্যাড কে আব্বু বলে ডাকার চেষ্টা করেছ ?
>> নো ওয়ে, আই কান্ট ...
বুঝলাম এ বান্দার দৌড় কতদুর , সুতরাং তাকে এক সাইডে রেখে অন্য ট্যাবে গল্প রত ছোট এক বোনের দিকে মনোযোগ দিলাম
>> কিরে আজকাল কি নিয়ে ব্যাস্ত ?
:: অনেক কিছু ভাইয়া
>> যেমন ?
;; আরে সামনে ভ্যালেনটাইন্স ডে না ?
>> সেইটা কি ?
;; ধুর ভাইয়া , তুমি জেনেও না জানার ভান করো
>> আচ্ছা , ধরে নিলাম জানি, কিন্তু ঐদিন করবা টা কি ?
;; স্পেশাল কিছু করবো ...
>> শুনি একটু ?
;; না না , তোমাকে বললে তুমি সেটা কপি করে ফেলবা, তোমাকে বলা যাবেনা , একটা ইউনিক আইডিয়া পেয়েছি ...
>> আচ্ছা , আর কোনো প্ল্যান ?
;; ওহ , হ্যা ভাইয়া ... বাংলা নিউ ইয়ার জানি কবে ?
>> বাংলা নববর্ষ ?
;; হু, ঐ টাই
>> পহেলা বৈশাখ
;; সেইটা কত তারিখ ?
>> ঐটাই তো বললাম , বৈশাখ মাসের ১ তারিখ
;; আরে ইংরেজীতে বলো
>> দ্যা ফার্স্ট ডে অফ বৈশাখ
;; ধুর তোমার সাথে কথাই বলবো না ...
>> ক্যান ?
;; যা বলি তার উত্তর ঠিকভাবে দেওনা , যাইগা বাই ...
>> বিদায় ...
হঠাৎ দেখি এক আংকেল নক করেছে , সাধারণত উনাকে সারাক্ষন অনলাইনেই দেখা যায় , তবে বিশেষ কোনো কারন না থাকলে উনি আবার কেউকে ডিস্টার্ব করেন না ...
;; অন্তু কি অনলাইনে ?
>> জ্বি আংকেল , আসসালামুআলাইকুম
;; ওয়ালাইকুম আসসালাম ... আছো কেমন ?
(বুঝলাম উনার ঝেড়ে কাশতে সমস্যা আছে , সুতরাং আমি শর্টকাটে কাজ সারার প্ল্যান করলাম )
>> এইতো আংকেল আছি ভালই তবে বেশ ব্যাস্ত
;; ওহ , তোমাকে ডিস্টার্ব করার জন্য এক্সট্রিমলী স্যরি
>> নাহ , ঠিকাছে , কোনো কাজ আছে ?
;; তোমার আন্টির একটা ইনফর্মেশন দরকার ছিলো
>> জ্বি বলেন
;; নাও তার সাথেই কথা বলো ....
>> আচ্ছা ...
;; হ্যাল্লো অন্তু , বাংলা বাজারে (দোকানের নাম) ইলিশ মাছ আসবে কবে জানিস কিছু ?
>> মাছের খবর আমার কাছে কেমনে পাবা খালা , আমি কি মাছ খাই নাকি ?
;; তুই তো একটা হবাগাবা , তুই জানবি কেমন করে
>> আমি হবাগাবা ? এইটা কি জিনিস ?
;; বাংলাও তো জানিস না দেখা যায় ... মাছের খবর ও জানিস না , জানিস টা কি ?
আমিও মনে মনে ভাবি তাইতো , আমি আসলে কি জানি ? তবুও সাহস করে জিজ্ঞেস করলাম ...
>> তোমরা তো বাসায় মাছ খুব কম খাও জানি, হঠাৎ ইলিশের খোজ পড়লো কেন ?
;; আরে সামনে পয়লা বৈশাখ না ? সেদিন পান্তা ইলিশ খেতে হয় জানিস না ?
>> তাই নাকি ? তা তোমরা কি আজকাল ফাস্ট ফুড ছেড়ে পান্তা ইলিশের দিকে ঝুকে পড়েছ নাকি ?
;; আরে ধ্যাত , ট্রেডিশন বলে একটা কথা আছে না ? আমরা তো প্রতিবছর এই দিনে পান্তা ইলিশ খাই
>> পান্তা বানাও ক্যামনে ? বাসমতি চালে রান্না গরম ভাতে পানি দিয়ে পান্তা বানাও নাকি ?
;; জানলি কিভাবে ? তুই ও কি একই রেসিপি ইউজ করিস নাকি ?
>> আরে নাহ, আমি পান্তা খাইনা , আর ইলিশ তো দুরের কথা ...
;; তোকে তো কেউ তাহলে বাংগালী বলবে না
>> বলেও না তো , মোটামুটি ভাবে অনেক জায়গাতে আমাকে নিয়ে গবেষনা হয়েছে , তার ফলাফল এই পাওয়া গিয়েছে যে , আমার জন্মস্হান ইরান , তুর্কি , আফগানিস্হান , পাকিস্তান, ইন্ডিয়া অথবা সব দেশের সংমিশ্রনে তৈরী কোনো স্পেশাল দেশে হয়েছে
;; তুই বড় বাজে বকিস , আর তোর কাজ কারবারের কারনেই কেউ তোকে বাংলাদেশী বলে না , পান্তা খাবি না , ইলিশ খাবি না ... তুই কেমন বাংগালী রে ? ...
>> তাইতো ... এইভাবে তো ভেবে দেখিনি
;; শোন , একটু নিজেকে বদলানোর চেষ্টা কর ... বাংগালী হওয়ার চেষ্টা কর ... নাইলে তো আমাদের মান ইজ্জত ল্যুট জায়েগা ... যাইরে , এখন স্টার প্লাসে আমার বহুত পছন্দের একটা সিরিয়াল শুরু হবে ...
খালা চলে যাওয়ার পরে আর কারো সাথে কথা বলতে ভাল্লাগে না , মনের মাঝে ঘুরতে থাকে তার বলা কথাগুলো " আমি কেমন বাঙ্গালী ? " ... ল্যাপ্পির স্ক্রীনে একে একে অসংখ্য মানুষের নামে ট্যাব খুলতে থাকে , আর হালকা সুরে ব্যাকগ্রাউন্ডে বাজে -- একদিন বাঙ্গালী ছিলাম রে ...
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


