আগরবাতির গন্ধটা কখনোই তার পছন্দের তালিকায় ছিলো না , আজও নেই ... যতবার এই গন্ধটার আশে পাশে তাকে যেতে হয়েছে ততবার ই কোনো না কোন অযুহাতে সেখান থেকে কেটে পড়াটা যেন তার চাই ই চাই .... অথচ আজ ইচ্ছে না থাকলেও ওকে থাকতে হবে ... কিছুই করার নেই , এই না পারার কষ্টের নামই বুঝি অপারগতা , যদিও সে মানতে নারাজ ... আরে , নাকটা বন্ধ রাখলেই তো আর গন্ধ লাগবে না , যদিও তার কাছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের মাঝে আজ কোন পার্থক্য নেই তবুও .... একেবারে নতুন, হালকা ফোমের শ্বেতশুভ্র শবাসনে শুয়ে কেন জানি বার বার মনে পড়ছে .... ছোটবেলা মা কেমন সুন্দর নরম নরম কাঁথা বিছিয়ে শুইয়ে দিতো, যদিও বড় হয়ে জীবনে কখনো সেই আরামের কথা মনে হয়নি , তবু আজ কেন যেন অনেক বেশী মনে পড়ছে ... মা , তুমি কোথায় ? আমি যদি তোমার কাছে আসি তবে আমায় কি তুমি আরেকবার ওভাবে শুইয়ে দেবে ? .... সেই ছোটবেলা থেকেই সাদা রংটা ওর বড় বেশী পছন্দের ... দেয়ালের রং থেকে শুরু করে ঘরের যেখানেই সম্ভব সেখানেই সে সাদা রংটিকে সবসময় সে প্রাধান্য দিয়ে এসেছে , আর নিজের কাপড় চোপড়ের বেলায় তো কথাই নেই ... প্রেয়সীকে সাদা ফুল হাতে প্রেম নিবেদন করতে গিয়ে কি যে নাজেহাল টাই না হতে হয়েছিলো ... অবশ্য তার পর থেকে ওকে তার ইচ্ছেতেই হোক অথবা নিজের অনিচ্ছায় , সাদা রংটি থেকে নিজেকে আস্তে আস্তে বের হতে হয়েছিলো ... জীবনে বসন্তের ছোঁয়া লাগতেই তা যেন ছড়িয়ে পড়েছিলো তার মনের আনাচে কানাচে থেকে শুরু করে প্রাত্যহিক কর্মকান্ডের সবখানে ... সেই রং বেরং এর বৈচিত্রের মাঝে মাঝে নিজেকে খুব অচেনা মনে হতো , খুব ইচ্ছে করতো নিজের সেই চিরচেনা শুভ্রতার মাঝে ফিরে যেতে ... অবশেষে আর সেই মাহেন্দ্রক্ষনে যখন নিজেকে ফিরে পেল , তখন চারিদিকে কেন এত বিষন্নতার ছোঁয়া ? .... বহু বছর আগে যার চোখের দিকে তাকিয়ে নিজেকে বদলে দেয়ার শপথ নিতে পেরেছিল , সেই চোখেই আজ যখন রাজ্যের নিরবতা ... কেন সে আজ এত নিশ্চুপ, নিশ্চল , নিরব ? .... পরিনতির এই মাহেন্দ্রক্ষনে এ কিসের ইঙ্গিত ? ... এ কি তবে কোন অন্ত অথবা অন্য এক অধ্যায়ের সূচনা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

