নির্বাচন কমিশনের প্রেসনোটে জানানো হয়, ৭৮টি জাতীয় পরিষদের এবং ১০৫টি প্রাদেশিক পরিষদের শূন্য আসনে ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ মাধ্যম থেকে এদিন জানা যায়, আবুল কাসেম তার মন্ত্রীত্ব গ্রহণের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, তিনি দুর্যোগের সময় জনগণের পাশে দাঁড়ানোর জন্যেই মন্ত্রীত্ব নিয়েছেন। পিপিআই প্রতিনিধিকে তিনি জানান, মন্ত্রীদের প্রধান কাজ হচ্ছে প্রকৃত অবস্থা ব্যাখ্যা করে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা।
শ্রম, সমাজকল্যাণ ও পরিবার কল্যাণমন্ত্রী এএসএম সোলায়মান মিরপুরে দালালদের এক সভায় বলেন, শত্রুরা দেশকে ভাঙতে চেয়েছিলো, কিন্তু বীর জনতা এবং সেনাবাহিনী তাদেরকেই ধ্বংস করে দিয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন মোঃ ইকরাম। মৌলিক গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা দপ্তরের মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইসহাক এদিন দু’টি সম্বর্ধনা সভা, ৪টি মাদরাসা এবং ৩টি রাজাকার ট্রেনিং শিবির পরিদর্শন করেন। তিনি মাওলানা সিদ্দিক আহমদ এবং মাওলানা আশরাফ আলীকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার এবং মিরপুরে রাজাকার ও আলবাদরদের ট্রেনিং কেন্দ্রও পরিদর্শন করেন।
জামাত নেতা মাওলানা আব্বাস আলী খান এদিন মাদানীর কবর জিয়ারত করে প্রতিজ্ঞা নেন প্রতিশোধ নেয়ার।
পূর্ব-পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দীন কাসেমী এদিন শাসনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত প্রেসিডেন্টের ঘোষণাকে অভিনন্দন জানান। এদিন নূরুল আমিনকে সম্বর্ধনা দেয় পিডিপি’র করাচী শাখা। একই দিন মাহমুদ আলী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্কের পথে লন্ডন যাত্রা করেন। লন্ডনে নেমে তিনি সাংবাদিকদের জানান, পূর্ব-পাকিস্তানে কর্মমুখর জীবনযাত্রা শুরু হয়েছে। এদিন ধর্মব্যবসায়ী জামাতের মুখপত্র দৈনিক সংগ্রামে করাচীতে সাপ্তাহিক আকবারে জাহান পত্রিকার প্রতিনিধিকে দেয়া আতাউর রহমান খানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বেআইনী ঘোষিত আ’লীগ মানবতার সকল নীতি এবং সীমারেখাকে পদদলিত করেছে........ আ’লীগ যে ভুল করেছে তাতে সমগ্র মানবতা প্রভাবিত হয়েছে।...... আমরা উত্তেজনার প্রবাহে প্রবাহিত হয়ে এমন সব কাজ করেছি, যা নৈতিকতা ও মানবতার দৃষ্টিতে কিছুতেই ক্ষমারযোগ্য নয়। নিজেদের কাজের জন্যে আমাদের লজ্জিত ও অনুতপ্ত হওয়া উচিত।...... আমরা ঐক্যবদ্ধ পাকিস্তানের অধীনে স্বয়ংসম্পূর্ণ পূর্ব-পাকিস্তানের শ্লোগান দিয়েছি।’
খাজা খয়েরউদ্দীনের বাসায় কাউন্সিল লীগের কার্যকরী কমিটির বৈঠক হয় এদিন। ধর্মব্যবসায়ী জামাতের অঙ্গ সংগঠন পূর্ব-পাকিস্তান চাষী কল্যাণ সমিতি ঘোষণা করে, আগামী ২৬ সেপ্টেম্বর সিদ্দিকবাজার কাউন্সিল হাউজে অনুষ্ঠিত হবে সমিতির ঢাকা জেলার কর্মী সম্মেলন। হবিগঞ্জ থেকে নির্বাচিত আ’লীগ সদস্য ডা. আবুল হাসেমের সাক্ষাৎকার প্রচারিত হয় এদিন রাতে রেডিও পাকিস্তানে। স্বাধীনতা সংগ্রামের বিপক্ষে বক্তব্য রাখেন তিনি এ সাক্ষাৎকারে। দৈনিক আজাদের সিলেট প্রতিনিধির পাঠানো সংবাদ থেকে এদিন জানা যায়, দিরাই থানার ২৮ জন নেতা-কর্মী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে সামরিক কর্তৃপক্ষের কাছে।
এদিন প্রচার করা হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ, আনসার এবং মুক্তি বাহিনীর সদস্যরা দলে দলে আত্মসমর্পণ করেছে এবং এ ব্যাপারে কুমিল্লায় শান্তিকমিটির অফিস ও আর্মড সার্ভিসেস বোর্ডে দু’টি আত্মসমর্পণ কেন্দ্র খোলা হয়েছে। সংবাদটি জনৈক আনিসুর রহমানের উদ্ধৃতি দিয়ে প্রচার করা হয়। ১৯ সেপ্টেম্বর ২৩ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় সিলেটের বালিগাঁও এলাকায়। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে হানাদাররা ছিনিয়ে নেয় ২৪টি রাইফেল, ৬টি স্টেনগান, ৬০টি গ্রেনেড, ২৮টি মাইন এবং প্রচুর বিস্ফোরক।
তথ্যসূত্র: দৈনিক পাকিস্তান, সংগ্রাম, আজাদ ১৯, ২০, ২২ সেপ্টেম্বর ১৯৭১ ঈসায়ী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



