একদিন দেখলাম পত্রিকায় লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাথরুমে পড়ে কুঁচকিতে ব্যাথা পেয়েছেন। প্রাইভেসী এমন একটা শব্দ, যেটার কোন বাংলা প্রতিশব্দ নাই। খুব সম্ভবতঃ আমাদের মধ্যে প্রাইভেসী বোধটি নাই বলেই হয়তো ওই শব্দটির কোন বাংলা প্রতিশব্দ তৈরী হয়নি। একটা মানুষের কুঁচকি অত্যন্ত প্রাইভেট ( এটির বাংলাও আমি জানি না ) একটি বিষয়। একে তো একটি দেশের মন্ত্রী, তাও একজন ভদ্র-মহিলা । তিনি ঠিক শরীরের কোন জায়গায় ব্যথা পেলেন, ঠিক সে-ই জায়গাটির নাম না ছাপালে বঙ্গীয় সাংবাদিকতা জমবে না। সেই জায়গাটি কুঁচকিও হতে পারে, মলদ্বার, অন্ডকোষ, ভগাংকুর, অনেক কিছুই হতে পারে। কিছু হলেই সেটি ছাপিয়ে দিতে হবে; পরিবেশ, ব্যক্তিসম্মান, নিরাপত্তা- ইত্যাদি কিছুই আমলে আনতে হবে না - এমন সাংবাদিকতা আমাদের সাংবাদিকদের কে শিখিয়েছে আমি ঠিক জানিনা।
আমি ভয়ে আছি, সাহারা খাতুন ফিরে আসলে সাংবাদিকরা হয়তো প্রশ্নটা করেই বসবেন, আপা , আপনার কুঁচকির কী অবস্থা। এমন প্রশ্ন করলে আমি অবাক হবো না , আমাদের সাংবাদিকদের অনেকেই প্রশ্ন করাটাকেই বিরাট ক্রেডিট মনে করেন, মুন্নী সাহা খুব সম্ভব তাদের মধ্যে অন্যতম।
আজ পত্রিকায় ছাপা হয়েছে কাঁচা মরিচের দাম দুইশত টাকা। আমি নিজে গতকাল বাজারে দেখেছি, ওটির দাম একশ আশি টাকা। খবরটা পড়ার পর কয়েকজন ফোন করলাম, তারাও এর কাছে পিঠে দাম দিয়ে কাঁচা মরিচ কিনেছে , কিন্তু একশ আশির উপরে না। কালকে থেকে গোটা বাংলাদেশে কাঁচা মরিচ দুইশত টাকা হয়ে যাবে। যেসব কাঁচামরিচ বিক্রেতা ভাইয়েরা আজকের পত্রিকা, কিংবা টিভি চ্যানেলের খবর কিংবা টক শো দেখবে, তারাই নিজ দায়িত্বে কাজটা করবে। মোবাইল ফোন তো আছে, গোটা দেশেই, এক দেশ, এক রেট হয়ে যাবে।
আমি দায়িত্ব নিয়েই কথাটি বলছি, গত কয়েক বছরে আমাদের দেশে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া যে নাচানাচিটা হয়েচে, তার পেছনে বাদ্যযন্ত্রের ভূমিকা নিয়েছে মিডিয়া।
শান্তি নগরের ব্যবসায়ী দেখছে মিরপুরের বাজারে বরবটি বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় । সে প্রথমেই তার বিশ টাকার বরবটি পঁচিশ টাকায় নিয়ে যাবে।
এখনকার দিনে মিডিয়া হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী গ্রুপ। এটি দিয়ে অনেক কিছুই করা যায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণও করা যেত। হচ্ছে ঠিক উল্টোটা ...
পাগলের হাতে পিস্তল এলে যা হয় ...
উড়িরচরে মানুষ না খেয়ে থাকলে সেই খবর ছাপা হয় ভেতরের পৃষ্ঠায় আর প্রধানমন্ত্রী কি বলেছেন, সেটিই হচ্ছে মুখ্য খবর, প্রথম পাতায় তার নিশ্চিত ঠাই ...লাল হেডলাইন।
আমাদের মিডিয়া ইলিশ মাছের দাম চিরতরে বাড়িয়ে দিয়েছে। কমিয়ে দিয়েছে কেবল মানুষের দাম।
হায় বঙ্গীয় সাংবাদিকতা ..
পুনশ্চ : মিডিয়া তার ক্ষমতাটা বোঝে, তার যে একটা দায়িত্ব আছে এটাই কেবল বোঝে না।
>>> হেডিং বঙ্গীয় সাংবাদিকতা স্টাইলে বদলে দিলাম, যাকে বলে ক্যাঁচি করা ...
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


