যেদিন হবে কিয়ামত
---------------------- মোঃ রুহুল আমীন ।
শিঙার প্রচন্ড ফুৎকারে
সেদিন আকাশ বিদীর্ণ হবে,
সশব্দে ভেঙ্গে সব হবে খানখান,
দিগ্বিদিক নিক্ষিপ্ত হবে নক্ষত্র গ্রহ
প্রচন্ড গতিতে,
কক্ষপথচ্যুত এর সবই
সংঘর্ষে সংঘর্ষে সেদিন হবে চুরমার,
সূর্য নিষ্প্রভ হবে, নিস্তেজ আলোহীন,
অন্ধকারে আচ্ছাদিত হবে চারিদিক,
ভূ-মন্ডল হবে প্রকম্পিত অকল্প কম্পনে,
পাহাড় পর্বত শূন্যে উড়িবে
যেন ধুনিত রঙিন তুলো,
সাগর ষ্ফীত হবে অজানা উচ্চতায়,
কবর হ’তে একে একে উত্থিত হবে
মৃত মানুষেরা,
তাকাবে এ ওর দিকে সপ্রশ্ন দৃষ্টিতে -
পৃথিবীর কী হ’ল আজ ?
অনন্তর সকলে দলে দলে
নির্দিষ্ট গন্তব্যপথে হবে ধাবমান
উদ্ভ্রান্তের মত শশব্যস্ততায় ;
হাতে সকলের
অনিষ্পন্ন স্থিতিপত্র জীবনের ।
সেদিন জনে জনে জিঙ্গাসিত হবে -
কি আজ তারা সঙ্গে এনেছে,
কি-ইবা অগ্রে করেছে প্রেরণ ।
আমলনামার চুলচেরা বিশ্লেষণে
সেদিনের শেষ বিচারে
কারও হবে নিশ্চিন্ত স্বর্গবাস,
কারও ভাগ্যে নরকের অনন্ত দহন ।
অতএব, সাবধান মানুষ !
সাবধান !!
-----*-----

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


