যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে অংশ নেয়ার সুযোগ না পেয়ে হতাশ আবেদনকাররা বরাবরের মতো এবারও তারা আবেদনের প্রস্তুতি নিচ্ছিলেন।
কেবল নিজেই নয়, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের জন্যও আবেদনের প্রস্তুতি ছিল তাদের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে খবরটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে তা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। দেশের ওয়েবসাইট ও গণমাধ্যমগুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুঃসংবাদটি বের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দেশের প্রত্যন্ত জনপদে দ্রুতবেগে তা পৌঁছে যায়। তবে হতাশার মাঝে একটু আশার আলো দেখিয়েছেন সরকারের প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নতুন শর্তের কারণে অন্য ১৮টি দেশের সঙ্গে বাংলাদেশীরা এ সুযোগ হারিয়েছে। বিশেষ বিবেচনায় পুনরায় আবেদনের সুযোগ দিতে কূটনীতিক চ্যানেলে আলোচনা শুরু করবে সরকার এবং তা পাবেন বলেও আশাবাদী ওই মন্ত্রী।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট জেনাবুল ইসলাম বাবু সংবাদটি জানার পর পরই হতাশ হয়ে পড়েন। এডভোকেট বাবু তার স্ত্রী ও ২ কন্যাসহ প্রতিবছরই আবেদন করেন। এবারও আবেদনের প্রস্তুতি নিচ্ছিলেন। সরকারি তিতুমীর কলেজের প্রভাষক জাহিদ বখত। এবার প্রথম সন্তানের জনক হয়েছেন তিনি। তার স্ত্রী একটি মেডিসিন কোম্পানির উচ্চ পদে চাকরি করেন। তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে ডিভি আবেদন করি। ব্যাচেলর থাকা অবস্থায় নিজের জন্য আবেদন করতাম। বিয়ের পর স্ত্রীর নামে আবেদন করেছি। এবার আশা ছিল ছেলের জন্য আবেদন করবো এবং ছেলের ভাগ্যেই লটারি জিতবো। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ে ইকরাম আহমদ। স্কুলে থাকাকালীন থেকে ডিভি আবেদন করে সে। তার আগ্রহের কারণ অবশ্য পাশের বাড়ির একজনের ‘অপি ওয়ান’ ভিসা পাওয়া। ডিভি লটারির আগে ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রের অপি লটারিতে বাংলাদেশী অনেকের সঙ্গে ইকরামের ওই প্রতিবেশী সে দেশে স্থায়ী হয়েছেন। ইকরামের চাচা মৌলভীবাজারের দুর্লভপুর গ্রামের আবদুল কাদির জিলু ২০০০ সালে ডিভি লটারি জয়ী হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, সই না মেলার কারণে তিনি শেষ পর্যন্ত যেতে পারেননি। কলেজপড়ুয়া ইকরাম গত তিন বছর ধরে তার মা-বাবা, ভাইবোন, আত্মীয়-স্বজনদের জন্য আবেদন করেন। তিনি তার বন্ধু-বান্ধবদেরও এতে উৎসাহিত করেন। কিন্তু এবার বেশ হতাশ ওই কলেজ পড়ুয়া। শুধু তিনিই নন- তার মতো হতাশ রাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে সাইবার ক্যাফের ব্যবসায়ী নুর মোহাম্মদও। তিনি দুঃখ করে বলেন, আমার ব্যবসা তো নষ্ট হয়েছেই এর সঙ্গে কত লোকের স্বপ্নভঙ্গ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকসহ এলাকার লোকজন লাইন ধরে ডিভি আবেদন করতেন। এবারও তাদের অনেকে যোগাযোগ করে গেছেন। কিন্তু শেষ বেলায় এমন খবরের জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। নূর মোহাম্মদ জানান, এ নিয়ে পুরো এলাকায় একটা উৎসব শুরু হয়ে যেতো। কার আগে কে পাঠাবে তার জন্য প্রতিযোগিতা হতো। ব্যবসাও বেশ ভাল ছিল। সিঙ্গেল প্রতিটি আবেদনের জন্য ন্যূনতম ৫০ টাকা, আর ফ্যামিলির জন্য ১০০-২০০ টাকা পর্যন্ত পাওয়া যেতো।
নীলক্ষেতের ইসলামিয়া মার্কেটের সাইবার নেটের স্বত্বাধিকারী জিয়াউর রহমান মুন্না বলেন, ডিভি লটারির সিজনেই তাদের বাড়তি ব্যবসা হয়। গাউসুল আজম ইসলামিয়া মার্কেটসহ নীলক্ষেত এলাকায় ডিভি আবেদনের সুযোগের কয়েক মাস অন্য ব্যবসা কমিয়ে এতে বিনিয়োগ করেন ব্যবসায়ীরা। এবারও তার আয়োজন চলছিল বলে জানান ওই ব্যবসায়ী। সাইবার নেটের পাশের ফটোকপির ছাত্র দোকানে কথা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র আদনান মাহমুদের সঙ্গে। বরিশালের উজিরপুরে বাড়ি তার। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে ডিভি লটারির আবেদন করেন আদনান। এবার আবেদনের সুযোগ পাবেন না বলে দুঃখ করেন তিনি।
কোটা পূরণ হয়ে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ভারত-পাকিস্তানসহ ১৯টি দেশ এবার এ সুযোগ থেকে বঞ্চিত। দেশের মানুষের আগ্রহের বিষয়টি বিবেচনায় সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ সুবিধা চাইবে বাংলাদেশ। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে সরকার। তিনি আশাবাদী কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আবারও দেশবাসীর জন্য সেই সুযোগ উন্মুক্ত করতে পারবেন। মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বাংলাদেশীরা বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন। তারা দেশের মুখ উজ্জ্বল করছেন। উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সেখানে নতুন শর্তের কারণে এবার ডিভি লটারিতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশীদের সুযোগ দিতে পারেনি। তিনি আশাবাদী বাংলাদেশের আবেদন বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র সরকার বিশেষ বিবেচনায় আবারও এ সুযোগ দেবে।
সুত্র : http://www.dailynobojug.co.cc
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


